রমেশ ছিপ্পির প্রেমে পড়ে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছিলেন মৌসুমী!
বিনোদন ডেস্ক

মৌসুমী চট্টোপাধ্যায়
ভারতীয় বাংলা ও হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে একসময় কম আলোচনা হয়নি। বিশেষ করে কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তার দাম্পত্য জীবন ঘিরে নানা সময়ে আলোচনা হয়েছে। পাঁচ দশকেরও বেশি সময়ের সেই সংসারে ভালোবাসা, অভিমান ও মান-অভিমান যেমন ছিল, তেমনি একসময় তৃতীয় ব্যক্তিকে ঘিরে প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল।
মৌসুমী চট্টোপাধ্যায়ের জীবনে জয়ন্ত মুখোপাধ্যায়ের আগমন ঘটে খুব অল্প বয়সে। দশম শ্রেণিতে পড়ার সময়ই তাদের বিয়ের কথা পাকা হয়। ১৯৭২ সালে মাত্র ১৫ বছর বয়সে জয়ন্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। জয়ন্ত ছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে। মৌসুমীর অভিনীত প্রথম দিকের ছবি ‘বালিকা বধূ’র সঙ্গে দুই পরিবারের পরিচয়ের সূত্র তৈরি হয়েছিল। পরে সেই পরিচয়ই বিয়ের সম্পর্কে গড়ায়।
বিয়ের পর স্বামীর সঙ্গে মুম্বাইয়ে পাড়ি জমান মৌসুমী। সংসার ও অভিনয়, দুই ক্ষেত্রেই নিজের অবস্থান ধরে রাখেন তিনি। সত্তর ও আশির দশকে বলিউডের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে নিজের আলাদা পরিচিতি তৈরি করেন। অমিতাভ বচ্চন, রাজেশ খান্নাসহ সে সময়ের অনেক বড় তারকার সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী।




