ভালুকায় বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির

গ্রাফিকস: আগামীর সময়
ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভান্ডাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল মান্নান (৩২)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার মাঝগ্রামের দছির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভালুকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে এসিআই কোম্পানির ওষুধ বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় আব্দুল মান্নান মোটরসাইকেলে করে ভালুকার ভরাডোবার দিকে যাচ্ছিলেন। ভান্ডাব এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করার সময় তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক খোরশেদ আলম জানিয়েছেন, দ্রুতগতির দুটি বাস ওভারটেক করার সময় একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বিক্রয় প্রতিনিধি নিহত হন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



