কংগ্রেস নেতাকর্মীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে ভারতে মেটার কার্যালয়ে হামলা

ভারতে মেটার অফিসের সামনে শুক্রবার বিক্ষোভকারীদের একাংশ। ছবি / রয়টার্স
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের কয়েকজন সদস্যের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার প্রতিবাদে ফেসবুক ও আরও কয়েকটি জনপ্রিয় সামাজিক মাধ্যমের মালিক প্রতিষ্ঠান মেটার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন দলটির যুব শাখার কর্মীরা।
শুক্রবার হায়দরাবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ছাড়া মুম্বাই ও নয়াদিল্লির কাছের গুরুগ্রামেও বিক্ষোভ করেছেন কংগ্রেস কর্মীরা।
শনিবার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হায়দরাবাদে মেটার কার্যালয় থাকা ভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় তারা বিভিন্ন গাছের টব ভাঙচুর করেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। মুম্বাইয়ে মেটার কার্যালয় থাকা ভবনের বাইরের দেয়ালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে স্লোগান লিখে দেন কংগ্রেস কর্মীরা। নিরাপত্তাকর্মীরা বাধা দিতে গেলে তাদের সঙ্গেও সংঘর্ষ হয়।
গুরুগ্রামে বিক্ষোভকারীরা স্লোগান দেন এবং ‘যুব কংগ্রেসের অ্যাকাউন্ট ফিরিয়ে দাও’ লেখা ব্যানার প্রদর্শন করেন। ভারতীয় যুব কংগ্রেস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের নেতাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে না দিলে দেশজুড়ে মেটার কার্যালয়ে বিক্ষোভ করা হবে।
এ বিষয়ে মেটা কোনো মন্তব্য করেনি। তবে শুক্রবারের বিক্ষোভের পর দুটি অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যুব কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক দায়িত্বে থাকা মনু জৈন। তার দাবি, সরকারের সমালোচনা করা সাংবাদিক, কনটেন্ট নির্মাতা ও প্রভাবশালী ব্যক্তিদের হাজারো অ্যাকাউন্ট এখনো সীমিত করা রয়েছে।
মেটাকে তাদের অ্যালগরিদম কীভাবে পোস্টের প্রচার সীমিত করে, তা ব্যাখ্যা করতে হবে বলেও দাবি করেছেন তিনি। সরকারের নির্দেশে বন্ধ করা অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন মনু জৈন।
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণ এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্কের মধ্যে এ বিক্ষোভ হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বলছে, স্থানীয় আইন লঙ্ঘন, জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলেই কেবল কোনো কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে কংগ্রেসের অভিযোগ, মেটাসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো তাদের মতপ্রকাশে বাধা দিচ্ছে এবং মোদি সরকারকে সুবিধা দিচ্ছে।
মোদির ক্ষমতাসীন দলের মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেসের বিক্ষোভের সমালোচনা করে বলেছেন, দলটির কর্মীরা হায়দরাবাদে মেটার কার্যালয় ভাঙচুর করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারও করছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের সরকার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে বেআইনি কনটেন্ট সরানোর নির্দেশ পাওয়ার তিন ঘণ্টার মধ্যে তা সরিয়ে ফেলার নিয়ম করে। আগে এ জন্য ৩৬ ঘণ্টা সময় দেওয়া হতো।
মেটার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতের স্থানীয় আইনের আওতায় ৫৪ লাখের বেশি পোস্ট বা অ্যাকাউন্ট সীমিত করেছে প্রতিষ্ঠানটি। আগের ছয় মাসে এ সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার।
সূত্র : রয়টার্স






