যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

গোপালগঞ্জে অবরোধের জন্য সড়কের দুপাশে কেটে রাখা গাছ— ছবি: আগামীর সময়
টানা কয়েকদিনের সহিংসতা ও অবরোধের পর আজ শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জের সড়কগুলোয় চলছে যানবাহন। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। তবে জেলার বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা গেছে, দৃশ্যমান পরিস্থিতি শান্ত হলেও সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকদের মধ্যে এখনো বিরাজ করছে চাপা আতঙ্ক।
সড়ক জুড়ে ধ্বংসযজ্ঞের ক্ষত
শুক্রবার সরেজমিন মুকসুদপুর থেকে গোপালগঞ্জ সদর অভিমুখে যাত্রাপথে সড়কের দুপাশে অসংখ্য গাছ কেটে রাখার চিহ্ন দেখা যায়। গত ১৮ ও ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রেন্ডি (শিরীষ), বাবলা, মেহগনি ও আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ কেটে রাস্তায় ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এর পাশাপাশি সড়কের পাশের বেশ কয়েকটি টিনের ঘর—বিশেষ করে বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেওয়ার ক্ষত স্পষ্ট। বৃষ্টি ও শীতল আবহাওয়ার কারণে সড়কে মানুষের উপস্থিতি কিছুটা কম থাকলেও দুদিন আগের তাণ্ডবের চিহ্ন সর্বত্র দৃশ্যমান।
কাশিয়ানী থানাধীন মহাসড়কের দুপাশেও কেটে রাখা গাছের স্তূপ দেখা গেছে। ফুকরা বাজার পার হওয়ার পর এই ধ্বংসযজ্ঞের চিত্র আরও ভয়াবহ। একই দৃশ্য দেখা গেছে চন্দ্রদীঘলিয়া বাজার থেকে গোপালগঞ্জ পুলিশ লাইন পর্যন্ত সড়কের দুপাশেও।
স্থানীয়রা জানালেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গত দুই দিন এই গাছগুলো রাস্তার মধ্যে ফেলে বিক্ষোভ করেন। সেসময় কোনো দূরপাল্লার পরিবহন বা প্রাইভেটকার চলতে দেওয়া হয়নি; শুধু অটোভ্যান ও হাতেগোনা কয়েকটি মোটরসাইকেল চলাচল করতে পেরেছে।
জনজীবনে চাপা উদ্বেগ
দুদিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। দোলা পরিবহনের সুপারভাইজার রাহাত বললেন, ‘১৮ ও ১৯ তারিখ আমরা চরম আতঙ্কে ছিলাম। আমাদের ৩-৪টি গাড়ি আটকা পড়ার পর গত দুদিন সার্ভিস পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। শুক্রবার সকাল থেকে গাড়ি চলাচল আবার শুরু হয়েছে। তবে গোপালগঞ্জ সীমানায় ঢুকলেই চালক ও যাত্রীদের মধ্যে একধরনের আতঙ্ক কাজ করছে— কখন আবার কী হয়, সেই ভয়ে সবাই তটস্থ।’
এদিকে, জেলার মহাসড়কগুলোয় তাণ্ডব চললেও গোপালগঞ্জ শহরের ভেতরের চিত্র ছিল ভিন্ন। শহরে কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। বাসিন্দাদের নিজ নিজ কাজে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
শহরের পুলিশ লাইন সংলগ্ন লঞ্চঘাট এলাকার মুদি দোকানদার মজিদ বলেন, ‘বৃহস্পতিবার লকডাউন থাকায় নিরাপত্তার কথা ভেবে দোকান বন্ধ রেখেছিলাম। তবে শুক্রবার সকাল থেকে সবাই স্বতঃস্ফূর্তভাবে দোকান খুলেছেন, শহরের সব কার্যক্রম এখন স্বাভাবিক।’
থানা, হাসপাতাল ও বাড়িঘরে অগ্নিসংযোগ
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অন্তত ২০টির বেশি স্থাপনা ও অসংখ্য যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা: গত ১৭ নভেম্বর রাতে বিক্ষোভ ও সংঘর্ষের একপর্যায়ে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নিলফা বাজারে বিজিবির সাঁজোয়া যান ও জিপসহ অন্তত ৪টি গাড়িতে আগুন দেওয়া হয়। পরে ১৯ নভেম্বর মুকসুদপুর থানায় হামলা চালিয়ে থানা চত্বরে থাকা পুলিশের গাড়ি ও জব্দকৃত যানবাহনসহ ১০ থেকে ২০টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
জনপ্রতিনিধিদের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা : গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার এলাকার নিজ বাড়িসহ তার আত্মীয়স্বজনের অন্তত ১৫টি বাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাসভবন ও তার মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিসংযোগ করা হয়। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িসহ তার সহযোগীদের কয়েকটি বাড়িতেও আগুন দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
রাজনৈতিক কার্যালয় ও অন্যান্য স্থাপনা: গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে এবং এর আগে ১৪ নভেম্বর টুঙ্গিপাড়ার নিলফা বাজারে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়। এ ছাড়া ১৯ নভেম্বর রাতে মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
সার্বিকভাবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জনমনের আতঙ্ক দূর করতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপ
আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আজ শুক্রবার গোপালগঞ্জ গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলি হোসেন ফকির। এ সময় তার সঙ্গে ছিলেন— এসআরবি, বিজিবি ও আনসারপ্রধান।
শুক্রবার বিকালে জেলা সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইজিপি। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেছেন, ‘শান্তিপ্রিয় মানুষদের ঐক্যবদ্ধ হয়ে যারা অশান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।’
আইজিপি বলেছেন, ‘গোপালগঞ্জের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে। আগামীতেও এ পরিস্থিতি স্বাভাবিক থাকবে। অশান্তি সৃষ্টিকারী মানুষের সংখ্যা খুব বেশি নয়।’ থানা পোড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘থানাগুলো জনগণের সেবার জন্য। জনগণ যদি নিজেরাই থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে তাদের সেবা দেবে? একটি এলাকায় লাখ লাখ মানুষ থাকলেও থানায় দায়িত্ব পালন করেন সীমিতসংখ্যক পুলিশ সদস্য।’
উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও থানায় হয়তো মাত্র ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। জনগণের মানসিক ও সার্বিক সহযোগিতা ছাড়া এত অল্পসংখ্যক পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা কঠিন।’
আইজিপি আরও বলেন, ‘জনগণ যদি মনে করে এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তাহলে নিজেদের উদ্যোগেই আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।’
আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে আইজিপি বলেন, ‘এর আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে। সেসব কর্মসূচির পরিণতি কী হয়েছে, তা সবারই জানা। এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে যেতে হয়।’







