ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

গ্রাফিকস: আগামীর সময়
পুলিশের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) দুইজন ও পুলিশ সুপার পদমর্যাদার (এসপি) ১৪ জনসহ মোট ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বদলির আদেশ অনুযায়ী, এসবির ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গনিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট এবং ঢাকা টিডিএসের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসিতে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।
এ ছাড়া সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসির পুলিশ সুপার, পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে ট্যুরিস্ট পুলিশে।
অন্যদিকে, সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।
এ ছাড়াও রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা কেএমপির উপপুলিশ কমিশনার, এসবির পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামানকে খুলনা কেএমপির উপপুলিশ কমিশনার, চট্টগ্রাম সিএমপির উপপুলিশ কমিশনার কবীর আহম্মেদকে খুলনা কেএমপির উপপুলিশ কমিশনার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামকে বদলি করা হয়েছে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে।



