বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামকে চিঠি দিয়েছেন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আহসানুল হাদী। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ এবং বিভাগের প্রচলিত জ্যেষ্ঠতার ক্রম ও পর্যায়ক্রমিক পদ্ধতি অনুসরণ করে তাকে চেয়ারম্যান নিয়োগের আবেদন জানিয়েছেন তিনি। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্যের কাছে পাঠানো চিঠিতে ড. হাদী তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানান।
চিঠিতে তিনি উল্লেখ করেন, গত ১১ নভেম্বর ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদের তিন বছর মেয়াদি কার্যকালের সমাপ্তি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতি এবং বিভাগের শিক্ষকদের জ্যেষ্ঠতার ক্রমানুসারে পরবর্তী চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব পাওয়ার কথা ছিল। কারণ, তিনি বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক। তবে তাকে চেয়ারম্যান নিয়োগ না দিয়ে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকারকে বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১২ নভেম্বর থেকে নিজের দায়িত্বের অতিরিক্ত হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
এর আগে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত তিন বছর ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আবুল কালাম সরকার।
দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি
১২ নভেম্বর ২০২৬
এ ছাড়া দীর্ঘদিন ধরে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা ও পর্যায়ক্রমিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। কোনো সুনির্দিষ্ট ও যুক্তিসংগত কারণ ছাড়া প্রচলিত এই পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয় চিঠিতে।
এর আগে গত ১২ নভেম্বর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে তাকে চেয়ারম্যানের দায়িত্ব না দেওয়ার অভিযোগ সামনে আসে। বিভাগের শিক্ষকদের একটি অংশের দাবি, অজ্ঞাতনামা চিঠির ভিত্তিতে তার বিরুদ্ধে জুলাই আন্দোলনবিরোধী অবস্থান, শিক্ষার্থীদের বিরুদ্ধে লিফলেট বিতরণ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের পক্ষে অবস্থানের অভিযোগ তোলা হয়েছিল। তবে এসব অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ্যে আসেনি।
ড. হাদী তখন দাবি করেছিলেন, জুলাই আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলেও জানিয়েছিলেন তিনি।
উপাচার্যের কাছে পাঠানো চিঠিতে বিভাগের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনসহ নিজের একাডেমিক ও প্রশাসনিক সম্পৃক্ততার বিষয়টিও তুলে ধরেছেন ড. হাদী। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে তার কোনো অযোগ্যতা বা অক্ষমতার বিষয় জানানো হয়নি বলেও উল্লেখ করেন তিনি।




