চা বাগানে জামালের সুস্থতার পরিবার

কাকডাকা ভোর। চা বাগানের সবুজ পাতায় জ্বলজ্বল করছে শিশিরবিন্দু। পাখির কলকাকলির সঙ্গে চলছে মানুষের দৌড়ঝাঁপ। সবার গায়ে একই রঙের টি-শার্ট। কেউ দৌড়াচ্ছেন, কেউ করছেন ব্যায়াম। কেউ আসছেন দুই কিলোমিটার, কেউ তিন কিলোমিটার দূর থেকে। প্রতিদিন সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া চা বাগানে চলে এই আয়োজন। সাধারণত গ্রামাঞ্চলে শরীরচর্চার অভ্যাস কম দেখা গেলেও এখানে নিয়মিত সমাগম ঘটে দুই শতাধিক মানুষের।
এই উদ্যোগ নোয়াপাড়ার কড়রা গ্রামের সাবেক সেনাসদস্য জামাল উদ্দিনের। ২০১৮ সালে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদ থেকে অবসরে যান তিনি। সেনাবাহিনীতে নিয়মিত শরীরচর্চার অভ্যাস থাকলেও তা বন্ধ হয়ে যায় অবসরের পর। ২০২০ সালে নিজের শরীর ভালো রাখার তাগিদে গ্রামের ব্যবসায়ী হাবিবুর রহমান সুমনকে নিয়ে চা বাগানে শুরু করেন ব্যায়াম। প্রথমে সংকোচ থাকলেও ধীরে ধীরে যুক্ত হন অন্যরা। পরে গড়ে ওঠে ‘রানার্স ইউনিটি’।
জামাল উদ্দিন সংগঠনটির সভাপতি এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নোয়াপাড়া শাখার সাবেক ব্যবস্থাপক মোস্তাক আহমেদ সোহাগ প্রধান উপদেষ্টা। বর্তমানে চারটি দলে ভাগ হয়ে শরীরচর্চা করেন দুই শতাধিক সদস্য। তাদের অধিকাংশ শিক্ষক, ব্যাংকার, এনজিও কর্মী, ব্যবসায়ী ও শিক্ষার্থী। সম্পূর্ণ বিনামূল্যে এ কার্যক্রম পরিচালনা করছেন জামাল উদ্দিন।
তিনি বললেন, ‘একদিকে আমি নিজে উপকৃত হচ্ছি, অন্যদিকে এলাকার বিভিন্ন বয়সী মানুষকে শরীর ঠিক রাখতে উৎসাহিত করছি। মানুষের সংখ্যা বাড়ায় এখন চারটি দলে ব্যায়াম করতে হয়। অনেকেই চাকরিজীবী। দিনের মাত্র এক ঘণ্টা শরীরচর্চা তাদের জীবনে লাখ টাকার উপকার বয়ে আনতে পারে।’
মাদারগড়া গ্রামের স্কুলশিক্ষক নোমান মিয়ার ভাষ্য, ‘আমার ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি ছিল। অলসতার কারণে নিয়মিত দৌড়াতে পারতাম না। জামাল ভাইয়ের সঙ্গে যুক্ত হওয়ার পর এখন অনেকটা সুস্থ বোধ করছি। সকালে চা বাগান যেন মিলনমেলায় পরিণত হয়। কারও জন্মদিন বা ভালো খবর থাকলে নিজের উদ্যোগে সকালের খাবারের আয়োজন করা হয়। সবাই মিলে খেলে মনে হয় আমরা একটি পরিবারের সদস্য।’ ইটাখোলা গ্রামের রবিউল আউয়াল সোহাগ বললেন, ‘তাদের সঙ্গে দৌড়ে এখন বেশ কয়েকটি ম্যারাথনে অংশ নিয়েছি। আগামী ডিসেম্বরে কক্সবাজার মেরিন ড্রাইভে ১৬১ কিলোমিটারের আলট্রা ম্যারাথনে অংশ নেব।’
মোস্তাক আহমেদ সোহাগ জানালেন, ‘জামাল ভাইয়ের উদ্যোগটি প্রশংসনীয়। তার কারণে এলাকার অনেকেই শারীরিক ফিটনেস ধরে রাখতে পারছেন। আমাদের সংগঠনের অনেক সদস্য আন্তর্জাতিক ম্যারাথনেও অংশ নিয়েছেন।’
‘প্রথমে একটু লজ্জা লাগত। এখন সবাই শরীরচর্চায় ব্যস্ত। ব্যায়াম শরীরের পাশাপাশি মনও চাঙ্গা রাখে’— উল্লেখ করলেন হাবিবুর রহমান সুমন।
এনজিও কর্মকর্তা আব্দুল বাছির রাজা বললেন, ‘বিনামূল্যে শরীরচর্চা শেখানোর পাশাপাশি জামাল ভাই অসহায় মানুষের জন্য রক্তদান কর্মসূচি ও মানবিক কাজ করছেন। তার উদ্যোগে প্রতিদিন নতুন মানুষ যুক্ত হচ্ছেন।’
সংগঠনটি শীতার্তদের কম্বল বিতরণ ও স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন মানবিক কাজও করে থাকে। সিলেটের রাকিব আলী মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের মতে, নিয়মিত হাঁটা, দৌড় ও ব্যায়াম সুস্থ থাকার পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি নিয়ন্ত্রণে সহায়ক। তবে রোগীদের চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি।



