‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকন সম্প্রতি একটি ভিডিও বার্তায় দলীয় প্রধান শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা বলেছিলেন।। ছবি : ভিডিও থেকে নেওয়া
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এসআরবির একটি সূত্র। তাকে পুলিশের হেফাজতে দেওয়া প্রক্রিয়া চলছে।
কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকন সম্প্রতি একটি ভিডিও বার্তায় দলীয় প্রধান শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা বলেছিলেন।
জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গত দুই বছর নীরব ছিলেন সাঈদ খোকন।
তিনি ২০১৫ সালে ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হয়েছিলেন। পরের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি।
২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে সাঈদ খোকন ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন।
তার সাত মাসের মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সংসদ ভেঙে দেওয়া হলে তার সংসদ সদস্যপদের অবসান ঘটে।
সাঈদ খোকনের বাবা মোহাম্মদ হানিফ অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন।




