প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

ফাইল ছবি
দীর্ঘ প্রতীক্ষা আর নানান জটিল পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হয়েছে রূপুপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু ঠিক থাকলে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ আগামীকাল (মঙ্গলবার) থেকে যুক্ত হবে জাতীয় গ্রিডে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও প্রকল্প সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মকর্তাদের ভাষ্যমতে, মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য প্রথম ইউনিট গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। এই সময়ে ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এরপর গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) চূড়ান্ত অনুমোদনের পর পুনঃরায় গ্রিডে যুক্ত করা হবে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রমতে, গত রবিবার গ্রিডে যুক্ত করার প্রাথমিক প্রস্তুতি নেওয়া হলেও কম্পনজনিত কারণে তা পিছিয়ে যায়। এরপর কম্পনের মাত্রা নির্ধারিত মাত্রায় নামিয়ে আনায় এখন পুরোপুরি প্রস্তুত প্রথম ইউনিট।
জানতে চাইলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান আগামীর সময়কে জানান, গ্রিডে যুক্ত করার আগে তাদের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার পরই এ অনুমোদন দেওয়া হবে।
পরমাণু শক্তি কমিশনের দুজন কর্মকর্তা জানান, এরই মধ্যে রিয়াক্টর, টারবাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা ও পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে। এখন পর্যন্ত তাদের পরিকল্পনা হলো— আগামী ২১ নভেম্বর চূড়ান্তভাবে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা। সে অনুযায়ী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। তবে তার আগে সাময়িক সময়ের জন্য পরীক্ষামূলকভাবে গ্রিডে যুক্ত করা হবে যাতে চূড়ান্ত সংযোগে কোনো সমস্যা না হয়। তখন বায়েরার অনুমোদন নিতে হবে। তার আগে অনুমোদনের প্রয়োজন নেই।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম গতকাল রবিবার আগামীর সময়কে বলেছেন, ‘বিদ্যুতের জাতীয় গ্রিড প্রস্তুত। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় আমাদের একজন প্রতিনিধি উপস্থিত থাকার কথা বলা হয়েছে। সেই প্রস্তুতি নিয়ে রেখেছি।’
সংশ্লিষ্ট সূত্রমতে, গ্রিডে যুক্ত হওয়া উপলক্ষে আনুষ্ঠানিকতা করার পরিকল্পনা রয়েছে সরকারের। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে ২১ নভেম্বরের আগে-পরেও আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে।
পারমাণবিক জ্বালানি থেকে উৎপাদিত নির্ধারিত তাপশক্তি দিয়ে তৈরি বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে উৎপাদন হবে বিদ্যুৎ। শুরুতে বিদ্যুৎকেন্দ্রটি মাত্র ৩ শতাংশ ক্ষমতায় চালানো হবে। পরে ধাপে ধাপে বেড়ে ৩০ শতাংশে উন্নীত হলেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তখন প্রায় ৩০০ মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়া যাবে।
এরপর চলবে নানান পরীক্ষা-নিরীক্ষা। বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে পূর্ণ ক্ষমতায় যেতে ৭-৮ মাসের মতো সময় লাগবে। পরীক্ষামূলক বিদ্যুৎ সরবাহের পর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন। তবে গ্রিডে বিদ্যুৎ গেলেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হবে বাংলাদেশ।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি আসার পরই পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র। জ্বালানি বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গেই পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম ওঠে বাংলাদেশের।
রূপপুরের প্রথম ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে যুক্ত হবে বাংলাদেশ। এতে বিদ্যুৎ উৎপাদনে নতুন একটি উৎস যুক্ত হওয়ার পাশাপাশি শুরু হবে পারমাণবিক প্রযুক্তিতে বাংলাদেশের সক্ষমতার নতুন অধ্যায়ও।
১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে এই কেন্দ্রে। এরমধ্যে প্রতি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ব্যবহার সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ হবে অন্তত ১০৩০ মেগাওয়াট।
চুক্তির শর্ত অনুযায়ী এর চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে জরিমানা গুণতে হবে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে। দুই ইউনিট মিলে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।
দ্বিতীয় ইউনিটের কাজও চলছে পুরোদমে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এই ইউনিটে পারমানবিক জ্বালানি লোড হতে পারে। দুই ইউনিটের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলে লোডশেডিং কমানোর পাশাপাশি জ্বালানি আমদানিতে সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। তেল, কয়লাভিত্তিক বিদ্যুতের তুলনায় পারমাণবিক বিদ্যুতের দামও পড়বে কম।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন। পরিচালনার কাজ করছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের সরকারি প্রতিষ্ঠান।
এ প্রকল্পের মূল মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত, যা দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। রাশিয়ার সঙ্গে মূল চুক্তি অনুযায়ী, সময় বাড়লেও প্রকল্পের ইউরো বা ডলারের ঠিকাদারি ব্যয় বৃদ্ধি পায়নি। তবে স্থানীয় বাজারে ডলারের বিনিময় হার বাড়ার কারণে টাকার অঙ্কে প্রকল্প ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রকল্পটি বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।





