গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসচালক রনি হত্যার প্রায় আধা ঘণ্টা পর আবার ঘটনাস্থলে আসেন অভিযুক্ত আল আমীন। সেখানে উপস্থিত লোকজনের সামনে নিজেই স্বীকার করেন, তিনি রনিকে হত্যা করেছেন। তার এমন স্বীকারোক্তির পর তাকে আটক করে পিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আজ রবিবার সকাল ৬টার দিকে নাসিকের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তেরা মার্কেটের জুয়েল রোড এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে সকালে ছুরিকাঘাতে হত্যা করা হয় মাইক্রোবাসচালক রনিকে (৪১)।
নিহত রনি পাইনাদী মধ্যপাড়ার ফজলুল হক মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলী হোসেনের ছেলে। অভিযুক্ত আল আমীন একই এলাকার আব্দুল আলীর ছেলে।
আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, ঘটনার সময় এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির সামনে অবস্থান করছিলেন আল আমীন। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় রনির ওপর হামলা চালান তিনি। একপর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে রনিকে একাধিকবার আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানালেন, হত্যার প্রায় আধা ঘণ্টা পর আল আমীন আবার ঘটনাস্থলে আসেন। সেখানে উপস্থিত লোকজনের সামনে বলেন, ‘আমিই রনিকে মেরেছি’। হত্যার কথা স্বীকার করার পর স্থানীয়রা তাকে পিটুনি দিয়ে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন।
রাকিবুলের দাবি, কয়েক দিন ধরে রনির সঙ্গে আল আমীনের বিরোধ চলছিল।
ওসি মো. এমদাদুল হক জানিয়েছেন, রাস্তায় চলাচলের সময় রনি এক নারীর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। এর প্রতিবাদ করায় রনি আল আমীনকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে আল আমীন তাকে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তের আচরণ দেখে তাকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।




