জুরাইনে ছুরি মেরে স্যানিটারি মিস্ত্রিকে খুন

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর কদমতলীর জুরাইনে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রিকে ছুরি মেরে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবারন গলিতে ঘটে এ ঘটনা। গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কদমতলী থানার এসআই মিঠুন মণ্ডল। তার ভাষ্য, রাতে খবর পেয়ে নবারন গলি থেকে মিন্টুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে মরদেহটি । তার দুই পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
তবে কারা, কী কারণে তাকে ছুরিকাঘাত করেছে এবং তিনি সেখানে কেন গিয়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি তার পরিবার। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে মরদেহ।
মিন্টু মাদারীপুরের কালকিনি উপজেলার চর ফতিবাহাদুর গ্রামের মৃত আবুল হোসেন মৃধার ছেলে। তিনি বর্তমানে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার মোকামপাড়া মসজিদের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।




