বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

ছবি: আগামীর সময়
চার দিনের রিমান্ড মঞ্জুর। হাজতখানায় নেওয়া হচ্ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রানা আমির ওসমানকে। ঠিক তখনই দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে তার মেয়ে। বাবার মুখে একের পর এক চুমু দিতে থাকে কন্যা। একপর্যায়ে পুলিশ মেয়েকে সরিয়ে নিয়ে হাজতখানায় নিয়ে যায় রানা আমিরকে। আদালত প্রাঙ্গণের এ আবেগঘন মুহূর্তটি উপস্থিত সবাইকে বিস্মিত করে।
রানা আমির ওসমান মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাগুরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক।
আজ সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বিস্ফোরক আইনে মামলার শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয় রানাকে। এরপর তার উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফারহানা সরকার সুমি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ড পাঠান।
এর আগে ১২ নভেম্বর রাত ১টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকালে তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক মোফাজ্জল হোসেন। তবে ওইদিন তাকে কারাগারে পাঠিয়েছে রিমান্ড শুনানির জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ৫ নভেম্বর রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর এলপি গেটের সেন্ট্রি পোস্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাজারবাগের ২ নম্বর গেট থেকে মগবাজারগামী ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করে তারা দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেল সদৃশ বস্তুর পোড়া টিনের অংশ, লাল স্কচটেপের অংশ এবং ১৫টি লোহার তারের টুকরো জব্দ করা হয়। এ ঘটনায় পল্টন মডেল থানায় বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মমিন।




