আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

ফাইল ছবি
লগি-বৈঠা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের মহড়া, ভাঙচুরের পর গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার পরিবর্তন করেছে সরকার।
আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহরে কার্যক্রম নিষিদ্ধ দলটির তৎপরতার পরপরই জেলাটিতে প্রশাসন ও পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে বদলি করে ঢাকায় আনা হয়েছে। এই উপসচিবকে সংযুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। অর্থাৎ তার নতুন পদায়ন হয়নি।
হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে পাঠানো হয়েছে গোপালগঞ্জ জেলায়।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের দুজনের বদলির প্রজ্ঞাপন হয়।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) পরিবর্তনের প্রজ্ঞাপন হয়।
গোপালগঞ্জের বর্তমান এসপি মো. হাবীবুল্লাহকে পাঠানো হয়েছে ফেনীতে। ফেনীর এসপি প্রত্যূষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে পাঠানো হয়েছে।
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার জেলা গোপালগঞ্জের জেলা শহরে আজ রবিবার সকালে লগি-বৈঠা হাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলে নামে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের সমর্থকরা।
তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে মিছিলের পাশাপাশি ভাঙচুর করে একটি সুপারশপের কাচ। কয়েকটি স্থানে টায়ারে আগুনও দেওয়া হয়। কর্মসূচি ঘিরে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় অধিকাংশ দোকানপাট।
গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’-এর ব্যানার সাঁটিয়ে দেন বিক্ষোভকারীরা। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’-এর নামও একইভাবে ‘জয় বাংলা চত্বর’ করে তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে পুলিশ, বিজিবি, এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
পুলিশের আরও ৪ কর্মকর্তা বদলি
এদিন আরেক প্রজ্ঞপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে। অন্যদিকে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশ অধিদপ্তরের বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।



