রাজধানীতে চাঁদার দাবিতে হানা : ‘টাকা দিলি না কেন’-বলেই দুজনকে গুলি

সাজু আহমেদ রুবেল ও হাবিবুর রহমান (বাম দিক থেকে)। ছবি: সংগৃহীত
রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৭টার মধ্যে ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানটির শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ রুবেল (২৯) নামে দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ আগামীর সময়কে জানান, তাদের মূল কার্যালয় রাজধানীর পান্থপথে। রামপুরায় রয়েছে শাখা কার্যালয়। ঘটনার সময় অফিসে চারজন কর্মী ছিলেন। সন্ধ্যায় মাস্ক পরা চার থেকে পাঁচজন অস্ত্রধারী ব্যক্তি কার্যালয়ে ঢুকে সুজন ও বাদশা নামের দুই ব্যক্তির সঙ্গে দেখা না করার কারণ জানতে চান। এ সময় তারা এককালীন ১০ লাখ টাকা এবং প্রতি মাসে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।
কর্মীরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে হাবিবুরের ডান হাতে এবং সাজুর ডান পায়ে গুলি লাগে। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হামলার পর দুর্বৃত্তরা কার্যালয়ের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরাগুলোতেও গুলি করে। পরে ক্যামেরার মেমোরি কার্ড নিয়ে পালিয়ে যায় তারা। তবে মূল ফটকের বাইরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে পেরেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ওই ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ম্যানেজার পলাশ।
আহত হাবিবুর জানালেন, হামলাকারীরা অফিসে ঢুকেই তাদের উদ্দেশে বলেন, ‘টাকা দিলি না কেন? এরপরই হামলা শুরু করে।’ এ সময় আরেকজন বলেন, ‘এখানে চাঁদা না দিয়ে ব্যবসা করা যাবে না।’ হামলাকারীদের মধ্যে দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল।
প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক অপারেশন ইনচার্জ বন্দন কুমার সাহা জানান, প্রায় ১৫ থেকে ২০ দিন আগে গুজা বাদশা ও জনি নামের দুই ব্যক্তি মোবাইল ফোনে তাদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ওই এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।



