দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

সার্জেন্ট সাবিহা আক্তার
দেনমোহর ছিল ২ লাখ টাকা। বিয়ের দিন শোধ হয় মাত্র ১০ হাজার। বাকি ১ লাখ ৯০ হাজার। অথচ বিচ্ছেদের দিনই স্বামীর কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আলোচিত সার্জেন্ট সাবিহা আক্তার।
সেই টাকার উৎস নিয়ে এতদিন ছিল রহস্য। সম্প্রতি সাবিহার ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের টাকা স্থানান্তরের খবর জানাজানি হয়। গণমাধ্যমে প্রকাশ হয় সংবাদ। তবু মুখ খোলেননি সাবিহা ও তার ঘনিষ্ঠ বন্ধু সাইফুল ইসলাম। অবশেষে আজ রবিবার বিকালে নীরবতা ভাঙলেন সাইফুল।
রাজশাহী নগরের চণ্ডীপুরে নিজ কার্যালয়ে ডাকেন সংবাদ সম্মেলন। তিনি রাজশাহীর নিউরন নার্সিং কোচিং সেন্টারের মালিক।
সাইফুল জানালেন, টাকাটি এসেছে সাবিহা ও পুলিশ পরিদর্শক মাহবুব আলমের বিয়েবিচ্ছেদের সময়। বিচ্ছেদের কাগজও দেখান তিনি।
তার ভাষ্য, ২০২২ সালের ৩০ আগস্ট, যেদিন বিচ্ছেদ হয়, সেদিনই তার মাধ্যমে মাহবুবের কাছ থেকে ৫০ লাখ টাকা নেন সাবিহা। কীভাবে হয়েছিল লেনদেন? নগদ টাকা গ্রহণ করেন সাইফুল নিজে। এরপর তা জমা দেন নিজের ব্যাংক হিসাবে, যার নাম নিউরন নার্সিং কোচিং সেন্টার। সেদিনই এক লাখ রেখে সেই টাকা চলে যায় সাবিহার হিসাবে। এত বড় অঙ্কের টাকা নিজের হিসাবের মাধ্যমে লেনদেন করা ঠিক হয়নি বলে স্বীকার করেন সাইফুল। টাকা জোগাড় করতে হয়েছিল মাহবুব আলমকে। এফডিআর ভেঙে ও ধারকর্জ করে এই অর্থ দিতে বাধ্য হন তিনি।
তবে নিকাহনামা বলছে অন্য কথা। ২০২০ সালের ১০ জানুয়ারি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়ন কাজী অফিসে বিয়ে হয় তাদের। বিয়ে পড়ান কাজী মো. জিল্লুর রহমান। দেনমোহর ধরা হয় ২ লাখ টাকা। এর মধ্যে একটি স্বর্ণের নাকফুল ও একটি ব্রেসলেট বাবদ পরিশোধ হয়েছে ১০ হাজার টাকা। বাকি ১ লাখ ৯০ হাজার। তাহলে ৫০ লাখ কেন? এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি সাইফুল।
জবাব মেলেনি সাবিহার কাছ থেকেও। মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কোনো প্রশ্নের উত্তর না দিয়েই সংযোগ কেটে দেন সাবিহা। রাজশাহীর বিভিন্ন থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহবুব আলম। বর্তমানে নানা বিতর্কের কারণে তিনি সাময়িক বরখাস্ত।
অর্ধকোটি টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, ‘প্রাক্তনকে নিয়ে এখন কিছু বলবেন না। সময় হলেই সব জানাবেন।’



