গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

অভিযুক্ত আনোয়ার হোসেন রাজু
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে গার্মেন্টস মালিক আনোয়ার হোসেন রাজুর বিরুদ্ধে। এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর মা।
১২ নভেম্বর উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলীর ‘ইন্ডিয়ান টেক্সটাইল’ নামের একটি গার্মেন্টসের ঘটনা এটি। অভিযুক্ত আনোয়ার হোসেন রাজু (৬০) ওই এলাকার শেখ সমন আলীর ছেলে।
অভিযোগ সূত্র জানায়, ভুক্তভোগী কিশোরীর মা প্রায় দুই মাস ধরে ইন্ডিয়ান টেক্সটাইলে কাজ করেন। মায়ের কর্মস্থলের পরিচয় সূত্রে ১৫ বছর বয়সী মেয়েকে গার্মেন্টসের মালিক আনোয়ার হোসেন রাজুর ব্যক্তিগত অফিসে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য নিয়োগ দেওয়া হয়। ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে অফিসকক্ষের দরজা বন্ধ করে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন রাজু। পরে কিশোরীকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়। মেয়েকে আটকে রাখার খবর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান ভুক্তভোগীর মা। পরে অফিসকক্ষের তালা ভেঙে কিশোরীকে উদ্ধার করেন।
গত শুক্রবার (১৩ নভেম্বর) সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দেন কিশোরীর মা। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই রাতেই আনোয়ার হোসেন রাজুর বিরুদ্ধে মামলা করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে আনোয়ার হোসেন রাজুর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন জানান, অভিযুক্ত আনোয়ার হোসেন রাজুর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।




