আগামীর সময়কে স্কারলেট জোহানসন
সবকিছুতেই ভারসাম্য জরুরি

আমেরিকান অভিনেত্রী স্কারলেট জোহানসন
আমেরিকান অভিনেত্রী স্কারলেট জোহানসন নেটফ্লিক্সের নতুন অ্যানিমেটেড সিনেমা ‘রে গান’-এ পপতারকা ভেনাস নোভা চরিত্রে অভিনয় করেছেন। ৪১ বছর বয়সী এই তারকাকে প্রশ্ন করেছেন জনি হক
গত বছর কান উৎসবে আপনার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এলেনর দ্য গ্রেট’ দেখানো হয়েছে। অভিনয়ের বাইরে ক্যামেরার পেছন থেকে গল্প বলার অভিজ্ঞতা কি আপনার দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন এনেছে?
এখন চলচ্চিত্র নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ সম্পর্কে আমার অনেক বেশি স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। আগে এমন অনেক বিষয় ছিল, যেগুলোর সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ হয়নি। যেমন প্রি-প্রোডাকশন বা শুটিং-পূর্ব প্রস্তুতির কাজ। এসব বিষয়ে আমাকে কখনো অংশ নিতে হয়নি। পোস্ট-প্রোডাকশনের কাজেও আগে উল্লেখযোগ্যভাবে যুক্ত থাকার প্রয়োজন পড়েনি। কিছু অভিজ্ঞতা অবশ্য ছিল। তবে সাউন্ড মিক্সিং, সাউন্ড এডিটিংসহ এ ধরনের কাজ সম্পর্কে আগে এতটা জানতাম না। এখন এসব কাজ কীভাবে করতে হয়, সে সম্পর্কে অনেক কিছু শিখেছি। পুরো প্রক্রিয়া সম্পর্কে আমার ধারণা অনেক পরিষ্কার হয়েছে। আমার মনে হয়, এর ফলে সেটে কাজের দক্ষতা ও সময়ের যথাযথ ব্যবহারের বিষয়টি এখন আরও ভালোভাবে বুঝতে পারি। কোন কাজটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেটিও উপলব্ধি করতে শিখেছি। সব মিলিয়ে, এটি আমার দীর্ঘদিনের সেই অদ্ভুত পথচলারই আরেকটি অভিজ্ঞতা। (হাসি) অনেক দিন ধরেই তো এই পথে হাঁটছি।
নির্মাতা হিসেবে কাজের অভিজ্ঞতা কি অন্য পরিচালকের সিনেমায় আপনার অভিনয়কে প্রভাবিত করেছে?
অভিনয়ের সঙ্গে আমার সম্পর্কের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন এসেছে বলে মনে হয় না। অভিনয় আমার কাছে সম্পূর্ণ আলাদা একটি যাত্রা। আট বছর বয়স থেকে অভিনয় করছি। আর চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা আমার কাছে স্বতন্ত্র একটি পথচলা। তাই এটিকে আলাদা করেই দেখছি।
ব্যক্তিজীবনে আপনার দুই সন্তান। তাদের চলচ্চিত্র দেখানোর ক্ষেত্রে বাছবিচার করেন?
মজার ব্যাপার হলো, আমার সন্তানরাই আসলে আমাকে বুঝিয়ে দেয়, তারা কোন বয়সে কোন ধরনের সিনেমা দেখার জন্য প্রস্তুত। কখনো কখনো আমি নিজেই তাদের কোনো সিনেমা দেখানোর চেষ্টা করি। যেমন কিছুদিন আগে এমন একটি মজার ঘটনা ঘটেছে। আমার ছেলের বয়স পাঁচ বছর। তাকে ‘বক্সট্রলস’ দেখাতে চেয়েছিলাম। সিনেমাটি আমার ভীষণ পছন্দের। তাই তাকে বললাম, ‘এটা দারুণ একটা সিনেমা। তোমার খুব ভালো লাগবে।’ সে অবশ্য ‘কোরালাইন’ দেখতে চেয়েছিল। কিন্তু কোনো কারণে সিনেমাটি তখন জোগাড় করতে পারিনি। তাই বললাম, “চলো, ‘বক্সট্রলস’ দেখি।” সিনেমাটি দেখতে শুরু করার পর সে বলল, ‘এটা আমার বয়সের জন্য একটু বেশি বড়দের সিনেমা।’ সে আরও বলল, ‘হয়তো ছয় বছর বয়স হলে দেখতে পারব।’ আমি বললাম, ‘ঠিক আছে।’
তার কথা ছিল, ‘ওরা কী বলছে, আমি বুঝতে পারছি না।’ অর্থাৎ, সিনেমায় কী ঘটছে, সেটা সে বুঝতে চাইছিল।
আপনার মেয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে?
সে ছোট থাকতে তাকে প্রথম ‘স্টার ওয়ারস’ দেখানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সে বলেছিল, ‘এটা আমার জন্য খুব ভয়ের। আমি পরে দেখতে চাই।’ ‘গুনিস’ দেখানোর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। তাই আমার মনে হয়, শিশুরা অনেক সময় নিজেরাই বুঝতে পারে, কোন বিষয়টি দেখার জন্য তারা প্রস্তুত। আমি ছোটবেলায় এমন অনেক সিনেমা দেখেছি, যেগুলো আমার বয়সের জন্য একেবারেই উপযুক্ত ছিল না। আমার বড় ভাই আমার চেয়ে আট বছরের বড় ছিল। তার সঙ্গে আমাকে অনেক ভয়ংকর ও সহিংস সিনেমা দেখতে হয়েছে। সেসব অভিজ্ঞতা আমার জন্য বেশ মানসিক চাপের ছিল। এখন ভাবি, এত অল্প বয়সে সেগুলো দেখা হয়তো ঠিক হয়নি। বিষয়টি আসলে ভারসাম্যের। শিশুদের বয়স ও মানসিক প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখেই সিনেমার সঙ্গে পরিচয় করানো উচিত। সবকিছুর মধ্যেই একটা ভারসাম্য থাকা জরুরি।
স্কারলেট জোহানসনকে নিয়ে দু’ছত্র
আমেরিকান অভিনেত্রী স্কারলেট জোহানসন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) ব্ল্যাক উইডো চরিত্রে অভিনয় করে বিশ্ব জুড়ে তারকাখ্যাতি পেয়েছেন। ২০১০ সালে ‘আয়রন ম্যান ২’ সিনেমার মাধ্যমে এই চরিত্রে তার যাত্রা শুরু হয়। এরপর এমসিইউর মোট আটটি সিনেমায় দেখা গেছে তাকে। তার ঝুলিতে রয়েছে একটি করে বাফটা ও টনি অ্যাওয়ার্ড। এ ছাড়া দুটি অস্কার ও পাঁচটি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। ২০১৯ সালে ‘ম্যারেজ স্টোরি’ ও ‘জোজো র্যাবিট’ সিনেমায় অভিনয়ের জন্য একই সঙ্গে অস্কারের দুটি বিভাগে মনোনয়ন পান এই তারকা।
শিশুশিল্পী হিসেবে মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন স্কারলেট। ১৯৯৪ সালে ফ্যান্টাসি-কমেডি সিনেমা ‘নর্থ’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। তার বিখ্যাত সিনেমার তালিকায় আরও রয়েছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য প্রেস্টিজ’ (২০০৬), উডি অ্যালেন পরিচালিত ‘ম্যাচ পয়েন্ট’ (২০০৫) ও ‘ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা’ (২০০৮), ‘লস্ট ইন ট্রান্সলেশন’ (২০০৩)। অভিনয়ের পাশাপাশি গানে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন স্কারলেট। ২০০৮ সালে প্রকাশ করেন নিজের প্রথম অ্যালবাম ‘এনিহোয়ার আই লে মাই হেড’। ২০২১ ও ২০২৫ সালে টাইম ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পান স্কারলেট জোহানসন।
১৯৩৯ সালের প্রেক্ষাপটে নির্মিত বিকল্প ভবিষ্যতের বিশাল মহানগরী মেট্রোপিয়ায় বেসরকারি গোয়েন্দা রেমন্ড গান জড়িয়ে পড়েন এক রহস্যময় মামলায়। যেখানে উঠে আসে ভিনগ্রহের প্রাণী, খুন এবং ভেনাস নোভা নামের এক পপতারকার সংশ্লিষ্টতা। এতে আরও অভিনয় করেছেন স্যাম রকওয়েল, টম ওয়েইটস, মিশেল রড্রিগেজ, ববি ক্যানাভেল। ‘রে গান’ পরিচালনা করেছেন ‘দ্য ইনক্রেডিবলস’খ্যাত নির্মাতা ব্র্যাড বার্ড। গল্প তারই। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রে গান’। নেটফ্লিক্সে সিনেমাটি আসবে ১৮ ডিসেম্বর।





