শ্রুতি হাসানের বাড়িতে ভূত!

শ্রুতি হাসান
সোজাসাপ্টা কথা বলার জন্য শ্রুতি হাসান বরাবরই পরিচিত। তবে সম্প্রতি নেহা ধূপিয়া ও অঙ্গদ বেদীর টক শো ‘ডাবল ডেট’-এ এসে নিজের জীবনের এমন এক অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করলেন, যা শুনে রীতিমতো চমকে উঠেছেন তার ভক্তরা।
মুম্বাইয়ের নিজের ফ্ল্যাটে ঘটে যাওয়া এক ভুতুড়ে ঘটনার কথা বলতে গিয়ে শ্রুতি জানান, তার ঘরের একটি ম্যানিকুইন নাকি রহস্যজনকভাবে নিজে থেকেই নড়াচড়া করত।
শোতে নিজের অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করে শ্রুতি জানান, মুম্বাইয়ের বাড়িতে অতিরিক্ত পোশাক রাখার জায়গা না পাওয়ায় তিনি একটি মানুষের সমান আকৃতির ম্যানিকুইন কিনেছিলেন এবং ভালোবেসে তার নাম দিয়েছিলেন ‘ফিওনা’।
এমনকি তার বন্ধুরা বাড়িতে এলে পুতুলটিকে দেখে মজা করে ‘হাই’ বলত। কিন্তু আসল বিপত্তি বাধে তখন, যখন শ্রুতি লক্ষ করেন যে পুতুলটি এক জায়গায় স্থির থাকছে না। কোনো কারণ ছাড়াই ঘরের এদিক-সেদিক নিজে থেকেই তার পজিশন বদল করে ফেলছে পুতুলটি।
বিষয়টি নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। ২০০৭ সালের বিখ্যাত হরর সিনেমা ‘আই অ্যাম লিজেন্ড’-এর কথা স্মরণ করে শ্রুতি বলেছেন, ‘পুতুলটাকে এদিক-সেদিক নড়তে দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতাম না। ভয়ে বুক কেঁপে উঠত আর মনে মনে বলতাম, তোমাকে কে সরাল?’
পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যায়, তখন আর ঝুঁকি নেননি অভিনেত্রী। ঘরের অশুভ শক্তি দূর করতে তিনি সোজা হাতে লবণ নেন এবং হনুমান চালিসা পাঠ করতে করতে পুতুলটি ভেঙে টুকরো টুকরো করে বাড়ি থেকে চিরতরে বিদায় করেন। এরপর থেকেই তার মুম্বাইয়ের বাড়িটি একদম শান্ত রয়েছে বলে জানান তিনি।
নাস্তিক পরিবারে জন্ম নিলেও শ্রুতি যে আধ্যাত্মিক ও অলৌকিক বিষয়ে ভীষণ বিশ্বাসী, তা এই ঘটনায় স্পষ্ট। শুধু তাই নয়, উইক্কা ও প্যাগান উপাসনার প্রতি তার আগ্রহ রয়েছে এবং তিনি বিশ্বাস করেন তার ভেতর নারী পূর্বপুরুষদের আধ্যাত্মিক শক্তি কাজ করে।
পেশাগত জীবনে রজনীকান্তের ‘কুলি’ সিনেমাতে তাক লাগানোর পর এবার দুলকার সালমানের বিপরীতে ‘আকাসমলো ওকা তারা’ সিনেমা নিয়ে পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।




