অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

ছবি-ফেসবুক
ঢালিউড কুইন অপু বিশ্বাসের একটি শাড়ি দিয়ে ব্লেজার তৈরি করে পরেছেন নৃত্যশিল্পী গোলাম হোসেন। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেটে সেই ব্লেজার পরে হাজির হন তিনি। পরে নিজের ফেসবুক পেজে ব্লেজার পরা দুটি ছবি প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন গোলাম হোসেন।
ফেসবুক পোস্টে তিনি জানান, ঠিক এক বছর আগে অপু বিশ্বাসের পরা একটি শাড়ি তার খুব পছন্দ হয়েছিল। শাড়িটি দেখার পরই সেটি তাকে দেওয়ার জন্য অপুকে অনুরোধ করেছিলেন। তাঁর অনুরোধের তিন দিনের মাথায় অপু বিশ্বাস নিজের পরা শাড়িটি তার বাসার ঠিকানায় পাঠিয়ে দেন।
গোলাম হোসেন লেখেন, ‘আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস ঠিক এক বছর আগে একটি শাড়ি পরেছিলেন, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। তার ফেসবুক পেজে আপলোড করা ছবিগুলো এখনো আছে। শাড়িটা যেদিন পরতে দেখেছি, সেদিনই বলেছিলাম কুইনকে, এই শাড়িটা আমাকে দিয়ে দিও। বলার তিন দিন পরেই আমার বাসার ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল শাড়িটি।’
শাড়িটি দিয়ে কী করবেন, তা জানতে চেয়েছিলেন অপু বিশ্বাস। তবে সেদিন তাকে কিছু জানাননি গোলাম হোসেন। বিষয়টি চমক হিসেবে রাখতে চেয়েছিলেন। পরে কয়েক মাস আগেই শাড়িটি দিয়ে ব্লেজার তৈরি করেন তিনি।
এ প্রসঙ্গে গোলাম হোসেন লেখেন, ‘কুইন আমাকে জিজ্ঞেস করেছিল, কী করব এই শাড়ি দিয়ে। আমি সেদিন কিছু বলিনি। সারপ্রাইজ দিবো বলে।’
ভালো কোনো অনুষ্ঠানে ব্লেজারটি পরার অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে গতকাল রেড কার্পেটে নিজের তৈরি সেই ব্লেজার পরে হাজির হন।
নিজের পোশাক নিয়ে ভক্তদের মতামত জানতে চেয়ে গোলাম হোসেন লিখেছেন, ‘কয়েক মাস আগেই বানিয়ে রেখেছিলাম ব্লেজারটা ভালো কোনো ইভেন্টে পরব বলে। অ্যাওয়ার্ড এর রেড কার্পেট লুক ছিল এটা আমার। আমাদের কুইন অপু বিশ্বাসের শাড়ি দিয়ে আমার এই ব্লেজারটা কেমন হয়েছে জানাবেন।’
অপু বিশ্বাসের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, ‘তোমাকে আমরা ভালোবাসি ঢালিউড কুইন।’




