জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

রাত ১০টার দিকে পুলিশের সহায়তায় ক্যাম্পাস ছাড়ার চেষ্টা করলে বাধার মুখে পড়েন উপাচার্য। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্দোলনকারীদের অবরোধের মুখে প্রায় ১২ ঘণ্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছেড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এর আগে কর্মকর্তা-কর্মচারীদের দাবির মুখে তিন দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
সোমবার রাত ১০টার দিকে পুলিশের সহায়তায় ক্যাম্পাস ছাড়ার চেষ্টা করেন উপাচার্য। এ সময় আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা তার গাড়ির সামনে শুয়ে পড়েন। এতে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে উপাচার্য তার কার্যালয়ে ফিরে যান। সেখানে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেন তিনি।
সভায় ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এসব তথ্য। অফিস আদেশে বলা হয়েছে, জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।
আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে সোমবার সকাল ১০টা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। রাত পৌনে ১২টা পর্যন্ত উপাচার্য অবরুদ্ধ ছিলেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
অধিকার আন্দোলন কমিটির সদস্যসচিব মো. মিয়া হোসেন রানা জানান, কর্তৃপক্ষ তিন দিনের সময় নিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। এই সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে রবিবার থেকে আবারও আন্দোলনে নামবেন বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। এতে প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়। ক্যাম্পাসের ভেতরে থাকা কোনো গাড়ি বাইরে যেতে পারেনি। একইভাবে বাইরের কোনো গাড়িও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। ফলে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
উপাচার্যের কার্যালয়ের সামনেও অবস্থান কর্মসূচি চালিয়ে যান আন্দোলনকারীরা। পুরোনো বস্তা ও পত্রিকা বিছিয়ে কেউ বসে, কেউ শুয়ে কর্মসূচিতে অংশ নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এদিকে আন্দোলনকারীদের কর্মসূচির বিপরীতে সোমবার সকালে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামেন আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরা। তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করেন। একপর্যায়ে মিছিল নিয়ে মূল ফটকের দিকে এগোনোর চেষ্টা করলে বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা তাদের ধাওয়া দেন। পরে তারা একাডেমিক ভবনের দিকে সরে যান। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষে, বিশেষ করে একাডেমিক ভবনে তাদের অবস্থান করতে দেখা যায়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর চাকরি নিয়ে এ সংকটের সূত্রপাত প্রায় দুই দশক আগে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে তাদের নিয়োগ দেওয়া হয়। পরে ২০১২ সালে তাদের চাকরিচ্যুত করা হয়। চাকরি ফিরে পেতে তারা আইনি লড়াই শুরু করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়।
২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জীবিতদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। একই সঙ্গে চাকরিচ্যুতির সময়কাল অসাধারণ ছুটি হিসেবে গণ্য করা এবং তাদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়।
তবে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিবেচনার ওপর ছেড়ে দেন আদালত। মানবিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয় প্রশাসনকে। আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের নির্দেশনার পর চাকরিতে পুনর্বহাল করা হলেও বেতন-ভাতা, পদোন্নতি, জ্যেষ্ঠতা ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে তাদের প্রাপ্য অধিকার পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। এ নিয়ে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে।




