লগি-বৈঠা নিয়ে ‘তান্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। ছবি: আগামীর সময়
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।
আজ সোমবার সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল রবিবার লগি-বৈঠা হাতে গোপালগঞ্জ জেলা শহরে মিছিল ও মহড়া দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, পুলিশের ব্যারিকেড ভেঙে সকাল থেকে প্রকাশ্যে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা। ভাঙচুর করা হয় একটি সুপারশপের কাচ। কয়েকটি স্থানে টায়ারে আগুনও দেওয়া হয়। কর্মসূচি ঘিরে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় অধিকাংশ দোকানপাট।
এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা।
দুপুর ১টার দিকে মিছিলকারীরা শহর ছাড়তে শুরু করেন। বেলা দেড়টার দিকে শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। খুলতে শুরু করে কিছু দোকানপাট। রিকশা ও ভ্যান চলাচলও শুরু হয়।
সেদিন বিকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। আজ সোমবার ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের খবর জানাল বাহিনীটি।
বিজিবির বার্তায় বলা হয়েছে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সদস্যদের মধ্যে সর্বোচ্চসংখ্যকের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রমের পাশাপাশি জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।




