গ্যালারির প্রতিবাদ
আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

ঢাকার গ্যালারিতে মুক্তিযুদ্ধের টিফো। ছবি: মোশারফ হোসেন ভুবন
এই তো কয়মাস আগে গত জুলাইয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারানোর পর বাঁধভাঙা উদ্যাপনে ভেসেছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। শুধু তাই নয়, ফকল্যান্ডস ব্যনার প্রদর্শন করে দিয়েছিলেন রাজনৈতিক বার্তাও। গতকাল সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেও গ্যালারিতে ফিরে এলো মুক্তিযুদ্ধের স্মৃতি; পাক হানাদার বিরোধী বিশাল দুটি টিফো। ফুটবলের গ্যালারিতে ফুটে উঠল ইতিহাস, জন্ম নিল প্রতিবাদের ভাষা।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ সেমিফাইনালে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি, বাঙালির আত্মত্যাগ এবং স্বাধীনতার গৌরবময় ইতিহাসকে ফুটিয়ে তুলে গ্যালারিতে এক বিশাল আকৃতির টিফো প্রদর্শন করেন বাংলাদেশি সমর্থকেরা। ম্যাচ শুরুর আগে গ্যালারিতে ওই টিফো উন্মোচন করা হয়। দৃষ্টিনন্দন সেই শিল্পকর্মে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের উপস্থাপন করা হয় বীর মুক্তিযোদ্ধার রূপে। ফুটিয়ে তোলা হয় পাকিস্তানি হানাদারদের পরাস্ত করার দৃশ্য।
ফুটবলে প্রতিপক্ষ যখন পাকিস্তান, তখন মুক্তিযুদ্ধের স্মৃতি সামনে আসাই স্বাভাবিক। মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছিলেন সমর্থকেরা। বিশাল টিফোদুটি গ্যালারিতে উন্মোচন করতেই দর্শকদের কণ্ঠে শোনা যায় হর্ষধ্বনি। যদিও শেষ মুহূর্তে গোলরক্ষণ শ্রাবণের শিশুতোষ ভুলে ১-০ ব্যবধানে হেরে সাফের ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয় হামজাদের। হতাশ হয়ে বাড়ি ফেরেন দর্শকরা। ফুটবল গ্যালারিতে রাজনৈতিক বার্তা প্রদর্শন নতুন কিছু নয়। গত বিশ্বকাপে তুমুল আলোচিত হয়েছিল আর্জেন্টিনার সেই ‘ফকল্যান্ডস ব্যানার’। ১৯৮২ সালে এই দ্বীপপুঞ্জকে কেন্দ্র করেই আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ হয়েছিল। পরে ১৯৮৬ বিশ্বকাপে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ‘হ্যান্ড অব গড’ ও শতাব্দীর সেরা গোলে ইংল্যান্ডকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করার পর ফকল্যান্ডের ‘প্রতিশোধ’ নেওয়ার কথা বলেছিলেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। এত দশক পরও নিজেদের ইতিহাস ভোলেনি আর্জেন্টিনা। তাই ইংল্যান্ডকে হারিয়ে উদ্যাপনের সময় আর্জেন্টাইন খেলোয়াড়েরা একটি ব্যানার প্রদর্শন করেন। লিসান্দ্রো মার্তিনেজ ও জিওভানি লো সেলসোর হাতে থাকা ব্যানারটিতে লেখা ছিল, ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার দীর্ঘদিনের সার্বভৌমত্বের দাবিই উঠে এসেছিল তাদের উঁচিয়ে ধরা ব্যনারে।
অথচ, গতকাল ঢাকার গ্যালারিতে এমন কিছু বাংলাদেশি দর্শকও ছিলেন, যারা মনেপ্রাণে সমর্থন দিয়েছেন পাকিস্তানকে! এমনকী পাকিস্তানের জয়ে উদযাপনও করেছেন! নিজের দল ফেলে রাজনৈতিকভাবে শত্রু দেশকে খেলায় সমর্থন দেওয়া বিশ্বের আর কোনো দেশে দেখা যায় না। আবার এদেশের কিছু সন্তানই বিরুদ্ধ পরিবেশে বিশাল দুটি মুক্তিযুদ্ধের টিফো নিয়ে দিয়েছেন দেশপ্রেমের বার্তা। বাঙালির এই বিপরীতমুখী স্বভাব নিঃসন্দেহে মনোবিজ্ঞানী আর সমাজবিজ্ঞানীদের গবেষণার দাবি রাখে।








