পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

গ্রাফিকস: আগামীর সময়
মিসরের বন্দরনগরী পোর্ট সাঈদের একটি পোশাক কারখানায় অবৈধভাবে কাজ ও বসবাসের অভিযোগে ১৫ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে পাসপোর্ট আটকে রাখা ও বকেয়া বেতন পরিশোধ না করার অভিযোগ তুলেছেন আটক ব্যক্তিরা।
আটক বাংলাদেশিরা বর্তমানে পোর্ট সাঈদের ‘জুনুব আওয়াল’ থানায় পুলিশি হেফাজতে রয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে তারা জানান, সংশ্লিষ্ট পোশাক কারখানার দায়িত্বশীল ব্যক্তিরা তাদের পাসপোর্ট নিজেদের কাছে আটকে রেখেছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করছেন না। প্রত্যেকেরই ওই প্রতিষ্ঠানের কাছে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওনা রয়েছে। বারবার চেষ্টা করেও সেই অর্থ আদায় করতে পারেননি তারা।
পাসপোর্ট ফেরত পাওয়া এবং বকেয়া বেতন ও অন্যান্য পাওনা আদায়ে পুলিশের সহযোগিতা চেয়েছেন তারা। একই সঙ্গে কায়রোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন। দূতাবাসের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রয়োজনীয় অভিযোগ ও আইনগত কার্যক্রম সম্পন্ন করার অনুরোধও জানিয়েছেন আটক ব্যক্তিরা।
আটক ১৫ জনের মধ্যে ১৪ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন সাইদুল ইসলাম, সোহাগ, সজিব হোসেন, ইদ্রিস আলী, সাহিদুল ইসলাম, হাবিবুর রহমান, তানভীর হাসান, শফিকুল ইসলাম, ময়ানুল ইসলাম, রবিউল ইসলাম, মানিক বাবু, রবিউল ইসলাম, হাবিবুর রহমান ও এনামুল ইসলাম। অন্য একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অবৈধ পথে শ্রমিক আনার অভিযোগ
মিসরে বাংলাদেশি শ্রমিকদের ওয়ার্ক পারমিট দেওয়ার ক্ষেত্রে ২০১৫ সাল থেকেই কঠোর বিধিনিষেধ রয়েছে। তা সত্ত্বেও একশ্রেণির অসাধু দালাল ও মানব পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন অনিয়মিত উপায়ে বাংলাদেশিদের দেশটিতে নিয়ে আসছেন বলে অভিযোগ প্রবাসীদের। পরে তাদের অনেকেই কর্মসংস্থান, বৈধ কাগজপত্র ও নিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়ছেন।
আটক ১৫ বাংলাদেশির মধ্যে নড়াইলের চারজনসহ বেশ কয়েকজনকে কায়রোর আবুর এলাকায় বসবাসরত হৃদয় নামের এক ব্যক্তি মিসরে নিয়ে এসেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
অন্যদিকে, কায়রোর মার্গ এলাকায় বসবাসরত নারায়ণগঞ্জের এমডি ইমন নামের আরেক ব্যক্তির বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে বাংলাদেশিদের মিসর ও তুরস্কের পোশাক কারখানায় চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে আসার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইমন বলেন, তিনি স্ত্রী, সন্তান ও ভাইকে নিয়ে বৈধভাবেই ইল-মার্গ এলাকায় বসবাস করেন। অনেকেই তাকে মিসরে নিয়ে আসার অনুরোধ করেন। তিনি তাদের অন-অ্যারাইভাল ভিসায় মিসরে এনে চাকরির ব্যবস্থা করে দেন।
অবৈধ উপায়ে লোক আনার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, ‘আমি একা নই। শত শত মানুষ হাজারো লোক আনছে। আমি আনলে দোষ কী?’
২০১৫ সাল থেকে ওয়ার্ক পারমিটে বিধিনিষেধ
কায়রোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে মিসরে বাংলাদেশি শ্রমিকদের জন্য সাধারণভাবে ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ রয়েছে। তবে দেশটির পোশাক কারখানাগুলোয় বাংলাদেশি শ্রমিকদের চাহিদা থাকায় কিছু প্রতিষ্ঠান মিসরের শ্রম আইন ও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বিশেষ ব্যবস্থায় ওয়ার্ক পারমিটের সুযোগ পেতে পারে। এ সুযোগ মূলত ২০২৩ সালের আগে মিসরে আসা ব্যক্তিদের ক্ষেত্রেই সীমিত।
সংশ্লিষ্ট সূত্রের মতে, কাজের প্রলোভনে যথাযথ ভিসা ও বৈধ কর্মসংস্থানের নিশ্চয়তা ছাড়াই মিসরে আসার প্রবণতা প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন করে ঝুঁকি তৈরি করছে।
প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এ ধরনের প্রতারণা ও মানব পাচার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি বিদেশগামী কর্মীদেরও মিসরে যাওয়ার আগে ভিসার ধরন, কাজের অনুমতি এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের বৈধতা সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি বলেও মনে করেন তারা।




