শামা ওবায়েদ
শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লি কোনো শর্ত জানায়নি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ফাইল ছবি
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো শর্তের কথা বাংলাদেশকে জানানো হয়নি। এ কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকার দুটি শর্ত দিয়েছে বলে সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়। বলা হচ্ছে, শর্ত দুটি হচ্ছে— শেখ হাসিনাকে সামরিক বিমান পাঠিয়ে নিয়ে আসা এবং মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে তাকে আপিলের সুযোগ দেওয়া।
এ
শর্তের বিষয়ে সরকার কিছু জানে কি না— এই প্রশ্নে শামা ওবায়েদ বলেন, ‘নো নো, নট
অ্যাট অল। এ নিয়ে আমাদের সঙ্গে ভারতের কোনো কথাই হয়নি।’
সংবাদমাধ্যমে
আসা এ ধরনের তথ্য সরকার আমলে নিচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘এটি ভারত সরকারের কোনো
দায়িত্বশীল জায়গা থেকে আসেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ভারত সরকারের পক্ষ
থেকে যদি কিছু আসে, তখন তা আমরা গ্রহণ করব, তার জবাব আমরা দেব।’
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে পাসপোর্ট না দেওয়ার পক্ষে সরকারের অবস্থান তুলে ধরেন শামা ওবায়েদ।
তিনি বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী কোনো ব্যক্তি দেশের নাগরিক হলেই পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা পান না। কেউ সাজাপ্রাপ্ত আসামি হলে বা তার বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা থাকলে সরকার তাকে পাসপোর্ট দিতে বাধ্য নয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাওয়ার আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। সেই চুক্তির আওতায় বাংলাদেশ কয়েক দফায় চিঠি দিয়েছে। তিনি কীভাবে আসবেন, তা আইন মন্ত্রণালয় খুঁটিয়ে দেখছে। আমরা মনে করি, তিনি আসামি হিসেবে আসবেন এবং সাজা ভোগ করবেন।’
বাংলাদেশ যখন শেখ হাসিনাকে ফেরত চাইছে, তখন পাসপোর্ট দিয়ে তাকে আসার সুযোগ কেন সরকার নিচ্ছে না— এক সাংবাদিকদের এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, ‘আমি যদি পাল্টা প্রশ্ন করি, ভারত কেন ট্রিটির (চুক্তির) সুযোগ নেবে না। ভারত যদি রেসপন্স করে, তা হলে বাংলাদেশের মানুষের জন্য তা সহজ হয়।’
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দেশে হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর মতো যে নাশকতা চলছে, তার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপি নেতা শামা ওবায়েদ।
তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। অন্য দেশে বসে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা হলে সরকারকে অবশ্যই তা মোকাবিলা করতে হবে।
তবে শেখ হাসিনার বিষয়টি বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব রাখবে না বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক শেখ হাসিনার থেকেও অনেক বিশাল ব্যাপার।’
দ্বিপক্ষীয় নানা সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমেই হবে আশাবাদী শামা ওবায়েদ। গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের ক্ষেত্রেও একই কথা বলেন তিনি।
সম্প্রতি বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ না হওয়ার বিষয়টি তুলে ধরা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি বাতিল হয়নি, বরং পিছিয়ে দেওয়া হয়েছে। সচিব পর্যায়ে উপযুক্ত সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
পাশাপাশি সামনে বাংলাদেশে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির ভারত সফরের সম্ভাবনার কথাও জানান তিনি। তবে সফরের তারিখ ও বিস্তারিত সময়মতো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হবে।





