রিপোর্টারের ডায়েরি
গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী
তখন দৈনিক পত্রিকায় সাংবাদিকতা শুরু করেছি। প্রতিদিন অনেক রাতে বাসায় ফিরতাম। পরদিনের পত্রিকা হাতে নিয়ে ঘুম ঘুম চোখে ফেরা। আমি, সহকর্মী রশীদ মামুন, আমেরিকা প্রবাসী তুষার হায়াতসহ কয়েকজন ছিলাম অফিসের শেষ প্রতিনিধি। গভীর রাতে ফেরার পর ক্লান্ত-শ্রান্ত দেহ-মন এলিয়ে পড়ে ঘুম ভাঙে পরদিন দুপুরে।
আসকারদিঘির পাড়ে পিসির বাসায় থাকতাম। আমি তৃতীয় তলার যে কক্ষে ঘুমাতাম সেখানে ল্যান্ড ফোনের একটা প্যারালাল লাইন ছিল। সেদিন ঘুমাচ্ছিলাম। হঠাৎ ফোন বেজে ওঠে। কয়েকবার বেজে চলেছে। ঘুমচোখে ফোনটা ধরলাম।
ওপাশ থেকে শেখর বলল, ‘সৈকতের বাবাকে কে বা কারা গুলি করেছে, বাসায়।’
মুহূর্তে ঘুমের ঘোর কেটে গেল। শেখর সেনগুপ্ত আমাদের বন্ধু। বর্তমানে একটি প্রতিষ্ঠানের মার্চেন্ডাইজার। শেখরও থাকে আসকারদিঘির পাড়ে। সৈকত মুহুরী আমাদের পরম বন্ধু। প্রতিদিন সন্ধ্যা বা রাতে সৈকতের জামালখানের বাসা এবং লাভলী হোটেলের গলির মুখে বন্ধুদের আড্ডা জমত। সৈকতদের শাওন ভবনের ছাদেও আড্ডায় বসতাম মাঝেমধ্যে। আগেরদিনও আড্ডা দিয়ে এসেছি আমরা।
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এমন কী ঘটল যে সৈকতের বাবাকে গুলি করবে! এমন কিছু ঝামেলা হলে তো জানতাম। সৈকত আগের দিনও বলেনি। একই গলিতে সৌমেন দত্তেরও বাসা। সেও কিছু বলেনি। শেখরের কথার জবাবটা তাৎক্ষণিক হলো, বললাম, ‘কী বলিস। তো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে বল।’
শেখর ওপাশ থেকে বলল, তিনি আর নেই। ঘটনাস্থলেই মারা গেছেন। চল ওদিকে যাই।
আমিও বললাম, তাড়াতাড়ি রেডি হও।
সৈকতের বাবার নাম গোপাল কৃষ্ণ মুহুরী। বীর মুক্তিযোদ্ধা। নাজিরহাট কলেজের অধ্যক্ষ। খুব রাশভারী ধরনের ছিলেন। সমীহ আর সম্মান করার মতো ব্যক্তিত্ব। আমরা ভয়ে কাছে ঘেঁষতাম না। বাসায় গেলেও অন্য রুমে থাকতাম। যদিও গোপাল মুহুরী ছিলেন আমাদের সংগঠনের উপদেষ্টা। সংগঠনের নাম ‘ঋতু সাংস্কৃতিক গোষ্ঠী’। উচ্চমাধ্যমিকের পর এই সংগঠন গড়ে তুলেছিলাম আমরা। সে বৃত্তান্ত আপাতত থাক।
রিকশায় চড়ে জামালখান লাভলী হোটেলের (এখন সিকদার হোটেল) সামনে নামলাম। সেখানে লোকে লোকারণ্য। ভিড়ের মধ্যে উদ্বেগ, ক্ষোভ, হতাশা, কান্না সব মিলেমিশে একাকার। ভিড় ঠেলে আমি পৌঁছে গেলাম শাওন ভবনের দোতলায়। ততক্ষণে পুলিশ, সাংবাদিক, রাজনীতিক ও উৎসুক মানুষের আনাগোনা দোতলার ঘর এবং বারান্দায়।
সংবাদকর্মীদের মধ্যে তখন রফিকুল বাহার ভাইকে দেখলাম। তিনি তখন প্রথম আলো পত্রিকায়। প্রথম আলোর চট্টগ্রাম অফিসটি তখন ওই গলির মুখের একটি ভবনের তৃতীয় তলায়। এ ছাড়া ফটো সাংবাদিক রাশেদ মাহমুদ ও যুগান্তরের দিদারুল আলমসহ আরও কয়েকজন।
বারান্দার বাধা পেরিয়ে জানালা দিয়ে ঘরের ভেতর উঁকি দিলাম। যে চেয়ারটাতে গোপাল মুহুরীকে প্রতিদিন বসে থাকতে দেখতাম সেটাতেই বসে আছেন। শিরদাঁড়া সোজা। কিন্তু মাথার দিকে তাকাতেই সেই বীভৎস দৃশ্য। খুলির একপাশ উড়ে গেছে। দেয়ালে গিয়ে লেগেছে রক্ত ও মগজ। দেয়ালে দুটি গুলির ক্ষতচিহ্ন।
ওই এক পলক দেখেই বুকের মধ্যে কেমন যেন করছে। হাঁপাতে হাঁপাতে নেমে এলাম দ্রুত। ততক্ষণে সৌমেনের সঙ্গেও দেখা। গলির মুখে চলে এলাম। এর পর আরও মানুষ আসছে।
এখনকার মতো তখন মোবাইল ফোন ছিল না। এরমধ্যে দেখলাম প্রয়াত সাংবাদিক ইদ্রিস ভাইকে। তিনি ক্ষোভে ফেটে পড়েন। খুব উচ্চকণ্ঠ, প্রতিবাদী সাংবাদিক হিসেবে ইদ্রিস ভাইকে কয়েক বছর ধরে জানতাম। সাংবাদিক কিংবা সচেতন সমাজের সভা সমিতিতে তার প্রতিবাদী ভূমিকা বেশ সমাদৃত ছিল।
কিন্তু ২০০১ সালের ১৬ নভেম্বর সকালে তার প্রতিবাদের রূপ দেখেছিলাম। তিনি তাৎক্ষণিকভাবে ক্ষোভ ঝাড়লেন। গোপাল মুহুরীকে বাসায় ঢুকে হত্যার ঘটনা নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে সচেতন মানুষের মধ্যে।
ঘটনাচক্রে সেদিন চট্টগ্রামে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। একপর্যায়ে তখনকার আরেকমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ঘটনাস্থলে হাজির হলেন। তখন ইদ্রিস ভাইসহ উত্তেজিত জনতা মিছিল শুরু করেন। ইদ্রিস ভাই সবার আগে।
শাওন ভবনের দোতলার ঘরের মধ্যে আমাদের প্রিয় মাসী উমা মুহুরীর গগনবিদারী আর্তনাদ। সঙ্গে সৈকত, সোমা, মিশুদের হঠাৎ বাবা হারানোর ব্যথা কান্না হয়ে ঝরছে। আমরা কিংকর্তব্যবিমুঢ়। সৈকত তখন ইঞ্জিনিয়ারিং পাস করে পিএইচপি ফ্যামিলির স্টিল কারখানায় চাকরি করত। বাইরের লোকজন বাড়তে থাকল। আস্তে আস্তে আমাদের আরও বন্ধু বান্ধব সেখানে এলো।
ছোট্ট বসার ঘরটিতে তখনো বসে আছেন অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী। শিরদাঁড়া তখনো সোজা। দুটি গুলিতে অধ্যক্ষের মেরুদণ্ড নুইয়ে পড়বে যারা মনে করেছিলেন তারা ভুল ভেবেছিলেন। একাত্তরের রণাঙ্গণের যোদ্ধা গোপাল কৃষ্ণ মুহুরীরা মাথা নত করতে জানেন না কখনো।
এমন একটা ঘটনার পর রাষ্ট্রযন্ত্রসহ সবখান থেকে জুটেছে অনেক সান্ত্বনার বাণী। মামলার রায় হয়। হাইকোর্টে তিন আসামির মৃত্যুদণ্ড বহাল ছিল। আপিল বিভাগ সাজা সংশোধন করে আমৃত্যু কারাদণ্ড দেয় আসামিদের।
উমা মুহুরী রায় বা বিচার নিয়ে কখনো কোনো কথা বলেননি। যার যায় সে বোঝে। একটি ঘটনা হতাশা আর নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেয় স্ত্রী, পুত্র কন্যাদের। দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পাড়ি জমান গোপাল কৃষ্ণ মুহুরীর ছেলে ও বড় মেয়ে। ছোট মেয়েও চট্টগ্রামে থাকে না। কেবল উমা মুহুরী পড়ে আছেন স্বামীর শহর চট্টগ্রামে। মৃত্যুর ২৫ বছর পরও গোপাল মুহুরীর নীতি ও আদর্শ সঙ্গী করে।





