ঝিনাইগাতী
জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

ঝিনাইগাতী স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম রোমান
বিএনপি ও দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঝিনাইগাতী সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম রোমান।
তার মামা মারা গেলে আজ সোমবার দুপুরে তার জানাজার নামাজে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বক্তব্যেও দলীয় রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে রোমান জানান, পারিবারিক রাজনৈতিক পরিবেশের কারণে ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। দলের বিভিন্ন মিছিল, সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তবে সম্প্রতি স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং মাদক ও পাহাড় ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হওয়ায় তিনি হতাশ হয়েছেন।
রোমানের অভিযোগ, মাদক ও পাহাড় ধ্বংসের বিরুদ্ধে কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করায় স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার ইশারা ও সহযোগিতায় তার ওপর হামলা করা হয়। এ ঘটনায় প্রাণে বেঁচে ফিরলেও তার সঙ্গে থাকা মোটরসাইকেল নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি। পরে থানায় মামলা করতে গেলে রাজনৈতিক প্রভাবের কারণে তার অভিযোগ গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেন। এ ছাড়া তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা হয়েছে বলেও দাবি করেন তিনি।
রাজনীতি ছাড়ার সিদ্ধান্তের পেছনে মামা আনিসুর রহমান কালুর মৃত্যুর ঘটনাও বড় কারণ বলে উল্লেখ করেন রোমান। তার মামা কাংশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন তিনি।
রোমানের ভাষ্য, দলের কঠিন সময়ে নিজের সংসারের খরচের টাকা থেকেও দলীয় কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন তার মামা। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের জন্য কাজ করেছেন এবং এ কারণে কারাবরণও করেছেন। অথচ জীবনের শেষ সময়ে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত খোঁজ-খবর ও সহযোগিতা পাননি তিনি। বিষয়টি তাকে ব্যথিত করেছে।
বক্তব্যে রোমান আরও বলেন, ৫ আগস্টের পর সমাজের অনিয়ম, দুর্নীতি, মাদক ও অপরাধপ্রবণতা কমবে বলে তিনি আশাবাদী ছিলেন। কিন্তু ঝিনাইগাতীতে মাদকের বিস্তার ও পাহাড় ধ্বংসের মতো কর্মকাণ্ড এখনো অব্যাহত রয়েছে।
তিনি জানান, কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ তৈরি করা কিংবা কাউকে ছোট করা তার উদ্দেশ্য নয়। নিজের বিবেক, আত্মসম্মান ও ন্যায়ের পক্ষে অবস্থান থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তার কাছে রাজনীতির চেয়ে মানুষ, পদ-পদবির চেয়ে মানবিকতা এবং দলীয় পরিচয়ের চেয়ে ন্যায় ও সত্যের মূল্য বেশি।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মামুন বলেন, এখন পর্যন্ত রবিউল ইসলাম রোমানের কোনো লিখিত পদত্যাগপত্র তিনি পাননি। সংগঠন কাউকে জোর করে রাজনীতি করতে বাধ্য করে না উল্লেখ করে তিনি বলেন, দু-একজন নেতা চলে গেলে দলের বড় ধরনের কোনো ক্ষতি হবে না।




