Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

শিমুল সালাহ্‌উদ্দিন
শিমুল সালাহ্‌উদ্দিন
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২১:২৬
শেয়ার করুন:
মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

মাহমুদুল হক (১৬ নভেম্বর ১৯৪১ – ২১ জুলাই ২০০৮)

কিছু মানুষ আছেন, যাদের সম্পর্কে লিখতে গেলে প্রথমেই একটা অদ্ভুত সমস্যায় পড়তে হয়। তারা নিজেরা প্রায় কিছুই বলেননি নিজের সম্পর্কে। মাহমুদুল হক ঠিক সেই ক্যাটাগরির মানুষ। সাতটি উপন্যাস, দুটি গল্পগ্রন্থ, একটি কিশোর উপন্যাস— এই নিয়ে তার সমগ্রসাহিত্যসম্পদ। অথচ এই অল্প পরিসরেই তিনি বাংলা গদ্যের এমন এক ধারা তৈরি করেছেন, যেরকম করে তার আগে কেউ লেখেননি। হয়তো তার পরে কেউ ঠিক তেমনভাবে লিখতেও পারবেন না।

তার ঘরোয়া নাম ছিল ‘বটু’। বন্ধুরা, কনিষ্ঠরা, আড্ডার সঙ্গীরা তাকে ডাকতেন ‘বটু ভাই’ বলে। এই ডাকটির ভেতর যে মানুষটি ছিলেন— যিনি জিগাতলার সাধারণ আড়াই কামরার একটা বাসায় থাকতেন, যার ঘরে ঢুকলেই আড্ডা জমে উঠত, যিনি রসিকতা বুঝতেন ও করতেন এবং যিনি শেষ পর্যন্ত কলমটা নামিয়ে রেখেছিলেন। তাকে জানতে হলে লেখার পাশাপাশি তার নীরবতাও পড়তে পারতে হয়।

বাংলা সাহিত্যে ‘বটু ভাই’ কেবল একটি ডাকনাম নয়; এটি এক জীবনদর্শনের নাম, এক শিল্পীর স্বেচ্ছা-নির্বাসনের নাম, আর এক নীরব সাহিত্য বিপ্লবের নামও কী নয়! যে সাহিত্য চিৎকার করে নিজের অস্তিত্ব জানান দেয়, তার চেয়ে যে সাহিত্য নীরব থেকে পাঠকের কানে বাজতে থাকে, সেটিই বেশি স্থায়ী— মাহমুদুল হকের সমগ্র জীবন ও সাহিত্যকর্ম এই সত্যের এক জীবন্ত দৃষ্টান্ত হয়ে আছে।

দেশভাগের অভিজ্ঞতা তাকে দিয়েছে বিশেষ দ্বৈততাগ্রান্ড এরিয়ার কিশোর

১৯৪১ সালের ১৬ নভেম্বর ব্রিটিশ ভারতের বারাসাতে জন্ম হয় মাহমুদুল হকের। পিতা মুহাম্মদ আহমাদুল হক ছিলেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, মাতা মেহেরুন্নেসা আহমেদ। ছয় ভাই ও চার বোনের মধ্যে তিনি চতুর্থ।

দেশভাগের পর ১৯৫০ সালে পরিবারসহ তাকে চলে আসতে হয় ঢাকায়; নতুন ঠিকানা পুরনো ঢাকার গেন্ডারিয়া বা গ্রান্ড এরিয়া। শৈশবের এই স্থানান্তর কেবল একটি ভৌগোলিক ঘটনা ছিল না। এ ছিল নিজের ভাষা, স্কুল, প্রতিবেশী, উঠান, গাছ— প্রায় সবকিছু হারানোর অভিজ্ঞতা। যে শিশুটি একবার দেখেছে তার মা নতুন দেশে আসতে রাজি হননি, সেই শিশুর মনে ‘দেশ’ নামের শব্দটি কখনো সরল থাকে না। সে হয়ে ওঠে এক জটিল, দ্বিধাময়, ক্ষতবিক্ষত অনুভূতির নাম। পরে এই অনুভূতিই ‘কালো বরফ’-এর আবদুল খালেকের ভেতরে ফিরে ফিরে আসে।

দেশভাগের এই অভিজ্ঞতা তাকে দিয়েছে এক বিশেষ ধরনের দ্বৈততা— তিনি একই সঙ্গে পূর্ববঙ্গের মানুষ আবার পশ্চিমবঙ্গের স্মৃতির বাহক। এই দ্বৈততাই তার গদ্যের স্থায়ী টান, প্রস্থায়ী বিষাদ।

তিনি যখন ‘কালো বরফ’-এ লেখেন ফিতে চুলের গন্ধের কথা, তখন সেই গন্ধে দুটো দেশের গন্ধ মিশে থাকে। শৈশবের উদ্বাস্তু-অভিজ্ঞতা তাকে দিয়েছে এক ধরনের স্থায়ী অস্থিরতা। যে মানুষ একবার দেশ হারায়, সে আর কোনো দেশেই সম্পূর্ণভাবে ঘর খুঁজে পায় না। এই অস্থিরতাই তার গল্পের চরিত্রদের ভেতরে কাজ করে। তারা কোথাও পুরোপুরি পৌঁছাতে পারে না। কোনো সম্পর্কে পুরোপুরি নিমজ্জিত হতে পারে না।

এই অসম্পূর্ণতাই মাহমুদুল হকের সাহিত্যের সবচেয়ে সূক্ষ্ম সত্য।

মাহমুদুল হক নিজেই বলেছেন, ‘একটা জাতির জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি সেই জাতির একজন লেখক হিসেবে মুক্তিযুদ্ধের কথা লিখব না?’

শহীদ সাবেরের ছায়া ও জেদের পাঠ

আজিমপুর কলোনিতে মাহমুদুল হকদের পাশের বাসায় থাকতেন শিক্ষক ও কথাসাহিত্যিক এ কে এম শহীদুল্লাহ। শহীদ সাবের নামেই তিনি পরিচিত, যিনি ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর দেওয়া আগুনে পুড়ে মারা যান।

সাবেরের ‘নির্মেদ, নির্ভার’ গদ্য দেখে কিশোর মাহমুদুল হক ভয় পেয়েছিলেন। এত শক্তিশালী গদ্য লেখার চেষ্টা করলে তো লেখকই হওয়া যাবে না!

তিনি জেদ করে ভিন্ন পথ নেন— ‘আমি অন্তত তার মতো করে লিখবো না, এই-ই ছিলো আমার জেদ। হয়তো আমার গদ্যে কবিতার প্রভাবও এই কারণেই পড়ে থাকতে পারে।’

এই জেদের কথা আলাদা করে ভাবা দরকার।

বাংলা সাহিত্যে বহু লেখক আপন পূর্বসূরীর ছায়ায় বেড়ে উঠেছেন এবং সেই ছায়াকেই নিজের ঘর বানিয়েছেন। মাহমুদুল হক সেটি না করে নিজের মতো একটা রাস্তা বানাতে চেয়েছিলেন। তিনি দেখেছিলেন, যে গদ্য তাকে মুগ্ধ করেছে, সেটি অনুকরণের বিষয় নয়— সেটি এড়িয়ে যাওয়ার বিষয়।

এই ‘এড়িয়ে যাওয়া’র ভেতরেই তার নিজের গদ্যের বীজ লুকিয়ে ছিল। কিন্তু এই জেদ কেবল নেতিবাচক প্রতিক্রিয়া ছিল না— এটি ছিল আত্ম-আবিষ্কারের প্রাথমিক ধাপ। যে কিশোর নিজের প্রিয় লেখকের গদ্য থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে, সে আসলে নিজের ভেতরের কণ্ঠস্বরকে খুঁজে পাওয়ার জন্যই সেই সচেতন দূরত্ব তৈরি করে। এই দূরত্বই পরে তাকে দিয়েছে সেই ভাষা, যাতে অন্য কারও ছায়া নেই— আছে কেবল মাহমুদুল হকের স্বরচিত ছায়া আলো অন্ধকার।

হারানো পান্ডুলিপি

সপ্তম শ্রেণিতে পড়ার সময়ই মাহমুদুল হক ‘রেড হর্নেট’ নামে একটি ডিটেকটিভ উপন্যাস লিখেছিলেন। কিন্তু তার প্রথম উপন্যাস ‘দ্রৌপদীর আকাশে পাখি’, যেটি কখনো প্রকাশই পায়নি।

কলেজে পড়ার সময় ‘রূপছায়া’ নামে একটি সিনেমা পত্রিকায় বিজ্ঞাপন দেখেন। প্রতি সংখ্যায় একটি করে উপন্যাস ছাপা হবে। তিনি উপন্যাস লিখে জমা দেন। দুটি কিস্তি ছাপাও হয়। তারপর থেমে যায়। কারণ কবি মাহফুজউল্লাহ সম্পাদক মীজানুর রহমানকে বলে দেন, এত অল্প বয়সে বই বেরোলে ছেলেটার মাথা নষ্ট হয়ে যাবে। বই বেরোনো উচিত পরিণত বয়সে। মাহমুদুল হক মেনে নেন মাহফুজউল্লাহ তার ভালোই চেয়েছিলেন। কিন্তু পাণ্ডুলিপিটি হারিয়ে যায়; সম্পাদক তিন-চারবার বাসা বদলেছেন— পাণ্ডুলিপি আর পাওয়া যায়নি।

হারানো পাণ্ডুলিপি নিয়ে মাহমুদুল হক কোনো উৎকণ্ঠা দেখাননি। এই উদাসীনতাই তার চরিত্রের একটি বড় বৈশিষ্ট্য। তিনি লেখক হিসেবে ‘ক্যারিয়ার’ গড়তে চাননি, লিখেছেন ভেতরের তাড়নায়, এবং যা হারিয়ে গেছে তা নিয়ে আফসোস করেননি। পরে তিনি প্রায় শতাধিক গল্প লিখেছেন, কিন্তু সেগুলোর বেশিরভাগই তার কাছে ছিল না; তিনি সেগুলো জোগাড় করার উদ্যমও দেখাননি।

এই ‘না থাকা’-ই তার শিল্পের একটি অংশ— তিনি নিজেকে কখনো সংগ্রহশালায় পরিণত করেননি। তার কাছে লেখা ছিল নিঃশ্বাসের মতো— যতক্ষণ শ্বাস ছিল, লিখেছেন; যখন শ্বাস থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন আর কোনো স্মৃতিচিহ্ন জমা করার ইচ্ছা রাখেননি। এই হারানো পাণ্ডুলিপি তাই তার সাহিত্যিক জীবনের এক অদ্ভুত প্রতীক— যা লেখা হয়েছিল, কিন্তু কেউ পড়েনি; যা হারিয়ে গেছে, কিন্তু তাতে কোনো ক্ষতি হয়নি। কারণ আসল সাহিত্য কাগজে থাকে না, থাকে লেখকের ভেতরে— আর সেই ভেতরের সাহিত্যই তিনি লিখে গেছেন তার সাতটি প্রকাশিত উপন্যাসে।
কোলাজ: আগামীর সময়শহীদ কাদরীর ‘বটু’

কবি শহীদ কাদরী তাকে ‘বটু’ বলে ডাকতেন। তাদের সম্পর্ক ছিল ‘তুই-তোকারি’র।

শহীদ কাদরী সম্পর্কে মাহমুদুল হক লিখেছেন, ‘এক অসাধারণ মানুষ শহীদ কাদরী। বিশাল তার ব্যক্তিত্ব। মেধায়, আড্ডায় সব মিলিয়ে একজন মানুষ হিসেবে শহীদ কাদরীর কোনো তুলনা চলে না। আমার জীবনে আমি যা কিছু কিঞ্চিৎ শিখেছি তা শহীদের জন্যই।’

এই স্বীকারোক্তি থেকে বোঝা যায়, মাহমুদুল হকের সাহিত্যিক ব্যক্তিত্ব কেবল বইয়ের পাঠে তৈরি হয়নি— তিনি তৈরি হয়েছেন আড্ডার ভেতরে, বন্ধুত্বের ভেতরে, রসিকতা আর তর্কের ভেতরে।

শহীদ কাদরী একবার তার লেখা নিয়ে খুনসুটি করে বলেছিলেন, ‘শালা, আর কাজ পাও নাই। দুনিয়ার গয়নাগাটি দিয়ে ভরিয়ে রেখেছিস। ন্যাঙটা করে দে বেটা, ন্যাঙটা করে দে। তবে না গল্প হবে!’

এই কথাটি এখনও ঢাকার নানা আড্ডায় রসিকতার গল্প হিসেবে চালু আছে, কিন্তু এর ভেতরে একটা শিল্পতত্ত্বের কথাও আছে— অলংকার ফেলে দিয়ে খাঁটি জিনিস দেখানোর কথা।

মাহমুদুল হকের গদ্য আসলে সেই ‘ন্যাঙটা’ করারই শিল্প— অতিরিক্ত বিশেষণ, অতিরিক্ত আবেগ, অতিরিক্ত অলংকার ফেলে দিয়ে তিনি সাদাসিধে বাক্যে গভীরতম সত্য বলে ফেলার শিল্প সেটি। এই আড্ডার জগৎটি তার সাহিত্যিক জীবনের অন্যতম স্তম্ভ। কারণ সেখানে তিনি শিখেছেন কীভাবে কথা বলতে হয়, কীভাবে চুপ করতে হয়, আর কীভাবে চুপ থাকার ভেতরেও কথা বলা যায়। আড্ডার সেই পাঠই তার গল্পের সংলাপে ঢুকে পড়েছে।

রেক্স রেস্টুরেন্ট ও বিউটি বোর্ডিংয়ের সেই আড্ডাগুলোতে শহীদ কাদরী, রফিক আজাদের মতো লেখকরা আসতেন, আর ‘বটু ভাই’-ও সেখানে হাজির থাকতেন। এই আড্ডা কেবল সময় কাটানোর জায়গা ছিল না— এটি ছিল এক ধরনের সাহিত্যিক পাঠশালা, যেখানে ভাষা, রাজনীতি, দর্শন আর কবিতা নিয়ে তর্ক হতো, আর সেই তর্কের ভেতরেই তৈরি হচ্ছিল নতুন এক গদ্যের ভাষা।

প্রায় ২৮ বছর তিনি কার্যত কিছুই লেখেননি এবং সেই নীরবতাই তার সাহিত্যের বড় বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছে

নীরবতার ভেতরের কণ্ঠ

আমার কাছে বটু ভাই কিংবা মাহমুদুল হক এসেছেন যার হাত ধরে তিনি তার পরবর্তী প্রজন্মের কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল (‘অন্ধ জাদুকর’ উপন্যাসের লেখক)। মাহমুদুল হক তাকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন, যা পরে ‘হিরন্ময় কথকতা’ নামে সংকলিত হয়। এই সাক্ষাৎকারগুলো আমাদের জন্য অমূল্য— কারণ যে লেখক নিজের বইয়ের বিজ্ঞাপন করেননি, যিনি নিজের সম্পর্কে কোনো প্রচার চাননি, সেই লেখকের অন্তর্জগৎ উন্মোচিত হয়েছে কেবল এই কয়েকটি দীর্ঘ কথোপকথনে।

সেখানেই তিনি বলেছেন তার মায়ের কথা—যিনি ‘খুব সুন্দর করে কথা বলতেন, চমৎকার করে গল্প করতে পারতেন’, কিন্তু গল্পের কালক্রম ভেঙে ফেলতেন; ভবিষ্যতের ঘটনা বলতেন অতীতকালে, আর অতীতের ঘটনা স্থাপন করতেন ভবিষ্যতে। এই সময়-ভাঙার কৌশলটি মাহমুদুল হকের নিজের আখ্যান-কৌশলের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়।

‘কালো বরফ’-এ আমরা দেখি, আবদুল খালেকের বর্তমান জীবন আর শৈশবের স্মৃতি পরস্পরের ভেতরে ঢুকে পড়ছে— কোনো সরল কালানুক্রম নেই, আছে স্মৃতির তরঙ্গ। এই কাঠামোটি তিনি মায়ের কাছ থেকেই পেয়েছিলেন, সম্ভবত উত্তরাধিকারসূত্রে, সম্ভবত শিশুকালের শ্রবণ-অভ্যাসে। মায়ের কাছ থেকে পাওয়া এই সময়-ভাঙার কৌশলই তার গদ্যকে দিয়েছে সেই বিশেষ মাত্রা, যেখানে অতীত আর বর্তমান একসঙ্গে বাস করে।

‘হিরন্ময় কথকতা’-য় তিনি আরও স্বীকার করেছেন, তার সাহিত্যিক জীবনের সবচেয়ে বড় পাওয়া শহীদ কাদরীর বন্ধুত্ব এবং সবচেয়ে বড় ক্ষতি সাহিত্যিক জগতের ভণ্ডামি। এই দুই স্বীকারোক্তিই তার জীবনের দুই মেরু— একদিকে বন্ধুত্বের উষ্ণতা, অন্যদিকে জগতের শীতলতা। এই দুই মেরুর টানাপোড়েনেই তার সাহিত্যিক ব্যক্তিত্ব তৈরি হয়েছে। উষ্ণতা তাকে দিয়েছে ভাষা, শীতলতা করেছে নীরব।মাহমুদুল হক

শিশুচোখে ভাঙনের প্রথম স্মৃতি

মাহমুদুল হকের প্রথম প্রকাশিত উপন্যাস ‘অনুর পাঠশালা’, প্রথম বেরিয়েছিল ‘যেখানে খঞ্জনা পাখি’ নামে। কেন্দ্রে এক কিশোরী অনু, যার চোখ দিয়ে দেখা হয় একটি ভেঙে পরতে থাকা পরিবার, একটি অন্ত্যজ পল্লী, আর স্বপ্নে পাওয়া কিছু মুখ— ‘দুপুরে অনু একা থাকতে পারে না, ভেবে পায় না কি করবে, কোথায় যাবে। ঘরের সবগুলো দেয়ালের চেহারা ও হাবভাব আগেই মুখস্থ হয়ে গিয়েছিল; থমকানো এবং শাদা ভয়ের ছাপ মারা এমন সব অনড় আয়না যাতে কখনো কারো প্রতিবিম্ব ধরা পড়ে না। বাঞ্ছারামপুরের থানে মোড়া রানিফুফুর কথা মনে হয়; এক ফুৎকারে নিভে যাওয়া নির্বিকার মোমবাতি, ঘুমের ঘোরে খিলখিল করে হাসে।’

উপন্যাসের গদ্য শিশুর চেতনার ভেতর দিয়ে চলে, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক নির্মম সামাজিক বাস্তবতা। ‘পরদিন দুপুরে ঠিক আগের মতোই কি করবে ভেবে পেলো না অনু। গনগনে রৌদ্রে খড়খড়ির রঙ জানালার শার্সি সব চড়চড় করে পুড়ছে। নিষিদ্ধ ছাদ রৌদ্রের তাপে লোহার মতো লাল হয়ে আছে।’

এই বর্ণনায় যে নিঃসঙ্গতা, যে বন্দিত্ব— তা কিশোরীর একার নয়; তা ওই পল্লীর, ওই সমাজের।

অনুর স্বপ্নও নির্মম: ‘স্বপ্ন দেখলো মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে নিয়ে স্যার সন্ধানে বেরুলেন। এক সময় বাড়ির পেছনে মার মৃতদেহ দেখা গেল।’

শিশুর স্বপ্নে মায়ের মৃত্যু— এই দৃশ্যই বলে দেয়, ‘অনুর পাঠশালা’ কেবল কিশোরীর গল্প নয়; এটি সেই সমাজের গল্প, যেখানে শিশুরাও রক্ষা পায় না।

মাহমুদুল হক এখানে ইতিহাসের বড় বর্ণনা দেননি; তিনি এক শিশুর ‘বেকুবি’ কাজকারবার আর মনোলোকের ভেতর দিয়ে ইতিহাসকে দেখেছেন, এবং সেই দেখার ভেতরেই শিশুর স্বপ্নভাঙার করুণ সত্য উঠে এসেছে।

বাবাকে উৎসর্গ করা হয়েছে উপন্যাসটি। মাত্র ৯১ পৃষ্ঠার উপন্যাসটি ১১টি অধ্যায়ে সাজানো, উপন্যাসের আঙ্গিকগত বিবেচনায় মাহমুদুল হক বিস্তর নিরীক্ষা করেছেন, অন্তত কয়েকটি অধ্যায়ের সংক্ষিপ্ততা সে-কথাই বলে।

অনু উপন্যাসের নায়ক। কিশোর বয়সী অনুর বাবা হাইকোর্টের প্রভাবশালী উকিল, মা সংসারের এক অতৃপ্ত নারীর প্রতিনিধি। বাবা-মায়ের সম্পর্ক অবিশ্বাস ও আস্থাহীনতায় ভরা। বাবা খুনি ও পরনারীতে আসক্ত। তাই অনুর মা বাবার সংসার ছেড়ে যেতে চান। স্বাধীনভাবে চাকরি করার অভিপ্রায়ে সুদর্শন এক যুবক শিক্ষকের কাছে ইংরেজি শেখেন বাড়ির ওপরতলার নিভৃত এক কক্ষে। সারাদুপুর মা ইংরেজি শেখেন। আগে অনুকে যেমন সময় দিতেন, পরবর্তীকালে তা পারেন না।

‘নিষিদ্ধ ছাদ’— এই দুই শব্দেই শিশুর জীবনের বন্দিত্ব বোঝা যায়; যে ছাদে যাওয়া নিষেধ, সেই ছাদই তার স্বপ্নের জায়গা। এই নিষেধের ভেতরেই বাঙালি মেয়ের সামাজিক বন্দিত্বের ইতিহাস লেখা আছে। মাহমুদুল হক সেই ইতিহাস লিখেছেন কোনো ইশতেহার দিয়ে নয়— একটি শিশুর দৃষ্টির ভেতর দিয়ে, যেখানে নিষেধ আর স্বপ্ন বসবাস করে একই সঙ্গে।

শহুরে অকর্মণ্যতার আত্মকথন

উপন্যাসের কথক নিজেই নিজেকে পরিচয় করিয়ে দেন: ‘প্রথমে নিজের সম্পর্কে কিছু বলা দরকার। আমি একজন অকর্মণ্য যুবক। আমার নিজের কাছে প্রয়োজনের অতিরিক্ত শ্রমের কোনো মূল্য নেই।’ এই সরল স্বীকারোক্তিই উপন্যাসের সুর বলে দেয়। ‘নিরাপদ তন্দ্রা’ পুরাদস্তুর শহুরে জীবনে বসবাস করা একদল মানুষের গল্প; উপন্যাসটি নয়টি পর্বে বিন্যস্ত, আর চরিত্রদের আত্মকথন ও শৈশব রোমন্থন এর প্রধান কৌশল।

এখানে অধিকাংশ চরিত্র শেকড়হীন, উদ্বাস্তু। কথক আরও বলেন— ‘মোটামুটি পাকস্থলীতে কিছু দানাপানি পড়া প্রয়োজন মনে করি, কেননা তা না হলে দেহের অভ্যন্তরের ইঞ্জিন ও কলকব্জাগুলো বিনা নোটিশে যে কোনো সময় বাগড়া মারতে পারে। দ্বিতীয়ত, মাথা গোঁজার মতো একটি নিরাপদ আশ্রয়।’

এই ‘নিরাপদ আশ্রয়’-এর খোঁজ— এটাই উপন্যাসের মূল সূত্র। দেশভাগে ভিটে হারানো মানুষ যখন শহরে এসে পৌঁছায়, তখন তার একমাত্র সাধ হয় একটি নিরাপদ আশ্রয়; কিন্তু মাহমুদুল হক দেখান, সেই আশ্রয় কখনো সম্পূর্ণ হয় না। তন্দ্রা নিরাপদ, কিন্তু তন্দ্রা তো আসলে ঘুম— আর ঘুমের ভেতরেই মানুষ তার সবচেয়ে বড় ক্ষতিগুলো টের পায় না।

শিরোনামটাই এখানে এক তীক্ষ্ণ বিদ্রূপ। ‘পাকস্থলীতে দানাপানি’ আর ‘মাথা গোঁজার নিরাপদ আশ্রয়’— এই দুই চাহিদার মাঝখানে যে মানুষটি বাস করে, সে আসলে উদ্বাস্তু জীবনের প্রতীক; তার কোনো শিকড় নেই, আছে কেবল টিকে থাকার হিসাব। মাহমুদুল হক এই হিসাবের ভেতর দিয়ে দেখিয়েছেন শহুরে মধ্যবিত্তের আত্মিক শূন্যতা— যেখানে মানুষ ভাত পায়, কিন্তু অর্থ পায় না; ঘর পায়, কিন্তু ঘরবাড়ি পায় না।

‘জীবন আমার বোন’ কী এক তরুণের আত্মজাগরণ?

জীবন আমার বোন সম্ভবত মাহমুদুল হকের সর্বাধিক পঠিত উপন্যাস। প্রেক্ষাপট ১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৭ মার্চ— অর্থাৎ সেই ঐতিহাসিক সপ্তাহ, যখন একটি জাতি সিদ্ধান্তের দ্বারপ্রান্তে। কেন্দ্রীয় চরিত্র খোকা— এক শিক্ষিত বেকার, যার ‘নিছক একটা রোগা শব্দ’ থেকে ‘জনতা’ হয়ে ওঠার যাত্রা উপন্যাসের মূল চালিকাশক্তি।

মুক্তিযুদ্ধের প্রাক্কালে ‘মানুষের ভিড় কেটে বেরোতে পারছে না খোকা। বারবার ধাক্কা খাচ্ছে। আসন্ন ত্রাস তাড়া করছে তাকে; মুহূর্তের সামান্য ব্যবধানে একটা আবশ্যিক প্রতিক্রিয়ায় সবকিছু হুড়মুড় করে ভেঙে পড়বে, ভেঙে পড়বে বিচারালায়, ভেঙে পড়বে মিলনায়তন, ভেঙে পড়বে পানশালা, স্টেডিয়াম। এতোদিন তার চোখে যা ছিল সামান্য মানুষ, এখন তা সংগঠিত অবিচ্ছিন্ন মিছিলে। খোকা শিউরে উঠলো, এতোদিন তার কাছে যা ছিল দয়িতা যামিনী মদিরার মতো তিন অক্ষরের হালকা পালকে মোড়া পাখির মতো নিছক একটা রোগা শব্দ, এখন তা প্রচণ্ড বিস্ফোরণে ছড়িয়ে পড়ছে শহরময়, জনতা!’

এই একটি অনুচ্ছেদেই উপন্যাসের মূল দ্বন্দ্ব স্পষ্ট— ব্যক্তি খোকার বিচ্ছিন্নতা বনাম জনতার অবিচ্ছিন্ন স্রোত। খোকার ভেতরের দ্বন্দ্ব যখন চরমে, তখন বয়ান বলে— ‘সারা দেশ চামুচের মতো রক্তলোলুপ জিভ বের করে রেখেছে, রক্ত দাও, রক্ত দাও, আর রক্ত দাও।’

মাহমুদুল হক নিজেই বলেছেন, ‘একটা জাতির জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি সেই জাতির একজন লেখক হিসেবে মুক্তিযুদ্ধের কথা লিখব না?’

‘জীবন আমার বোন’ শুধু খোকার গল্প নয়; এটি সেই প্রশ্নের উত্তর, যা ইতিহাস কখনো সম্পূর্ণভাবে দিতে পারে না। আর লক্ষণীয়, এখানে যুদ্ধের বড় দৃশ্য নেই— আছে এক তরুণের মাথার ভেতরের যুদ্ধ, যা আসল যুদ্ধের চেয়ে কম নাটকীয় নয়। খোকার নিষ্ক্রিয়তা, তার দ্বিধা, তার অপরাধবোধ— এসবই যেন যুদ্ধের আরেকটি রূপ, যা বাইরের গোলার চেয়ে কম ভয়ংকর নয়।

‘দয়িতা যামিনী মদিরা’— এই তিন নারীর নামের ভেতর দিয়ে খোকার ব্যক্তিগত জীবন কেটে গেছে; আর ‘জনতা’ শব্দটির ভেতর দিয়ে তার জাতিগত জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। মাহমুদুল হক এই দুই জীবনের সংঘর্ষকেই উপন্যাসের কেন্দ্রে রেখেছেন। একটি ব্যক্তির প্রেম ও দ্বিধা, আর একটি জাতির জাগরণ।

সাহিত্য কাগজে থাকে না, থাকে লেখকের ভেতরে— আর সেই ভেতরের সাহিত্যই তিনি লিখে গেছেন তার সাতটি প্রকাশিত উপন্যাসে

মাহমুদুল হকের বই। কোলাজ: আগামীর সময়দেশভাগের ক্ষত, শৈশবের জাদুবাস্তবতা

মাহমুদুল হকের সর্বাধিক আলোচিত উপন্যাস ‘কালো বরফ’। কেন্দ্রে এক মধ্যবয়সী কলেজ প্রফেসর আবদুল খালেক, যার মন বর্তমানে বসে না; স্মৃতি বারবার তাকে টেনে নিয়ে যায় শৈশবে, দেশভাগের আগের সেই ভুবনে।

উপন্যাসের গদ্য জাদুবাস্তবতার আবহে মোড়া: ‘যা কিছু নিঃশব্দ, যা কিছু শব্দময়, যা কিছু দৃষ্টিগোচর, দৃশ্যাতীত, সবকিছুই একজোট হয়ে হাত ধরাধরি করে ঘিরে ধরে; অদ্ভুত এক বাজনার তালে তালে আস্ত একটি রাত মোমের মতো গলে পড়ে, জিনজার-হিনজার জিনজার-গিনজার, জিনজার-হিনজার পোকা শোনে, শুনতে পায়। পোকা পোকা হয়ে যায়।’

‘পোকা’ এখানে সেই শিশু আবদুল খালেক, যে কালে কালে হয়ে উঠেছে প্রফেসর। কিন্তু তার ভেতরের পোকাটি থেমে আছে সেই শৈশবে— আর সেই বিখ্যাত বাক্য: ‘জামার পকেটে একটা ফিতে, ফিতেয় চুলের গন্ধ, যে গন্ধে অনেক দুঃখ, যে দুঃখে অনেক ভালবাসা, যে ভালবাসায় অনেক ছেলেবেলা।’

এই একটি ফিতেই ধরা আছে গোটা উপন্যাসের বেদনা। দেশভাগে হারানো শৈশব, হারানো ভিটে, হারানো ভালোবাসা। স্টিমারে করে দেশ ছাড়ার সময় হাতে যে বালিকার চুলের ফিতে ধরা ছিল, সেটিই সমস্ত স্মৃতির একমাত্র বাস্তব নিদর্শন। ‘কালো বরফ’ নামের ব্যাখ্যাও জাদুবাস্তব : শীতপ্রধান দেশে তুষারপাতের আগে রাস্তার পিচের ওপর যে অতি স্বচ্ছ, রংহীন বরফের আস্তরণ পড়ে, তা রং না থাকায় রাস্তার কালো রংকেই নিজের করে নেয়— কালো না হয়েও ‘কালো বরফ’ হয়ে ওঠে। আবদুল খালেকের জীবনও তেমনি—তার স্বচ্ছ শৈশবস্মৃতি তার বর্তমান জীবনের কালো রংকে নিজের করে নিয়েছে।

কালো বরফ উপন্যাসেই মাহমুদুল হকের জড়জগৎ-প্রেম সবচেয়ে স্পষ্ট। ‘গাছটার সঙ্গে কথা বলতাম। গাছটা উত্তর দিত না ঠিকই, কিন্তু জন্তুর কানের মতো চওড়া চওড়া পাতা নেড়ে খুব মনোযোগ দিয়ে সব শুনতো।’

এই জড়জগতকে তিনি অনুভূতিসম্পন্ন করে তোলেন, কারণ তার কাছে মনে হয়, মানুষ একা নয়— গাছ, পোকা, রাত, বরফ সবাই তার স্মৃতির সাক্ষী। ‘কালো বরফ’ তাই কেবল দেশভাগের উপন্যাস নয়; এটি স্মৃতির উপন্যাস, যেখানে বর্তমান আর অতীত একই রাস্তায় হাঁটে— আর সেই রাস্তার পিচের ওপর স্বচ্ছ বরফের মতো জমে থাকে সময়।

যুদ্ধ-পরবর্তী ভাঙনের জমিন

যদি ‘জীবন আমার বোন’ হয় যুদ্ধের প্রাক্কাল, তবে ‘মাটির জাহাজ’ তার পরবর্তী সময়কাল। এই উপন্যাসে মাহমুদুল হক দেখান, যুদ্ধ শেষ হলেও মানুষের সংসারজীবনে নিশ্চয়তার পরিবেশ আসে না। কাহিনি জয়নাল, মনোহর, কুসুম— এই অল্প কয়েকটি চরিত্রকে ঘিরে। দুই-চারটি চরিত্র আর অল্পকটি দৃশ্যপটের মাঝেই যে চিত্র এঁকেছেন মাহমুদুল হক তাতে মুগ্ধ হয়েই বলতে পারি ‘মাটির জাহাজ’ অসামান্য এক উপন্যাস।

শিরোনামটাই প্রতীকী। মাটিতে তৈরি জাহাজ কখনো ভাসে না; তবু মানুষ তাকে ভাসানোর স্বপ্ন দেখে। যুদ্ধ-পরবর্তী বাংলাদেশে সেই স্বপ্ন ভাঙার গল্পই এই উপন্যাস— এখানে নতুন করে ঘর বাঁধার ইচ্ছা আর পুরনো ক্ষতের ভার—দুটো একসঙ্গে বয়ে বেড়ায়। সেই বোঝা বইতে গিয়েই চরিত্ররা একে অপরের থেকে দূরে সরে যায়।

মাটির জাহাজের যাত্রীরা জানে না তারা কোথায় যাচ্ছে; তারা কেবল ভাসতে চায়— কিন্তু মাটি তো ভাসে না। এই অসম্ভব যাত্রার ভেতরেই যুদ্ধ-পরবর্তী বাংলাদেশের সেই বাস্তবতা লুকিয়ে আছে, যেখানে স্বাধীনতা এসেছে, কিন্তু শান্তি আসেনি; যেখানে নতুন দেশ তৈরি হয়েছে, কিন্তু নতুন মানুষ তৈরি হয়নি। মাহমুদুল হক এই সত্যকে কোনো রাজনৈতিক ভাষায় বলেননি— বলেছেন একটি প্রতীকের ভাষায়, যা পড়তে পড়তে পাঠকের নিজের জীবনের মাটি আর জাহাজের হিসাব মিলিয়ে ফেলতে হয়।

যুদ্ধকালের ভালোবাসা ও নারীর মনোবিকলন

‘খেলাঘর’ উপন্যাসের কেন্দ্রে এক উচ্চশিক্ষিতা নারী রেহানা যিনি মুক্তিযুদ্ধের সময় আক্রান্ত হন। তার মনোবিকলন থেকে যায়। ‘যেকোনো যুদ্ধের অবশ্যম্ভাবী শিকার হয় নারী, তার শরীর হয় হানাদারের সহজ লক্ষ্যস্থল, সেই নারীর মনোবিকলন হয়ে দাঁড়ায় অন্যতম ফলাফল।’

উপন্যাসে রেহানার সঙ্গে ইয়াকুবের সম্পর্ক গড়ে ওঠে, যা যুদ্ধের ভেতরে একটু আশ্রয়ের চেষ্টা।

‘ইয়াকুবের সাথে অদ্ভুত এক সম্পর্ক তৈরি হয় রেহানার। সে ছোট বেলার গল্প বলে চলে আর চুপচাপ শুনে চলে রেহানা। তার অনেকগুলো নাম— আন্নি, গাব্বু, টেঁপি, লতা।’

রেহানার এই একাধিক নামই তার বিচ্ছিন্নতা ও আত্মগোপনতার প্রতীক। ‘খেলাঘর’ আসলে সেই স্বপ্নের ঘর, যা যুদ্ধ ভেঙে দেয়। ‘যে খেলাঘর আমরা ছোট থেকে নিজেদের মধ্যে বয়ে বেড়াই তা একসময় ধ্বসে পড়ে আমাদের অগোচরে।’

এই উপন্যাসেই মাহমুদুল হক সবচেয়ে স্পষ্টভাবে দেখান, যুদ্ধ কেবল ঘরবাড়ি ভাঙে না— সে ভাঙে মানুষের ভেতরের সেই নিরাপদ ঘরটুকু, যা কেউ কখনো দেখতে পায় না। রেহানা নিজেই জানে না তার কোন নামটি আসল। যুদ্ধের ভেতর দিয়ে যাওয়া নারীর এই আত্মবিলোপই মাহমুদুল হকের সবচেয়ে নির্মম আবিষ্কার। যুদ্ধ শেষ হলে ঘর ফেরে, কিন্তু নারী ফেরে না; তার একটা অংশ চিরকাল যুদ্ধেই পড়ে থাকে।

গল্পগ্রন্থ, ‘অশরীরী’ ও শিশুসাহিত্য

মাহমুদুল হকের গল্পগ্রন্থ ‘প্রতিদিন একটি রুমাল’-এ মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের বদলে যাওয়া সমাজ, পরিবার, পারিবারিক মূল্যবোধ তুলে ধরা হয়েছে। ‘অশরীরী’ (২০০৪) মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের সংকলন। তার একমাত্র শিশুসাহিত্য ‘চিক্কোর কাবুক’ (১৯৭৯) একটি অ্যাডভেঞ্চার উপন্যাস, যার কথক গল্পের মামা। এই বৈচিত্র্যও প্রমাণ করে, মাহমুদুল হক কোনো একক ছাঁচে বাঁধা লেখক নন।

তার গল্পে একই সঙ্গে শিশুর স্বপ্নভাঙা, যুদ্ধের রক্ত, আর শহুরে মানুষের একাকিত্ব— সবই পাশাপাশি বাস করে। প্রতিটি রচনাতেই তিনি ‘কাহিনির চমৎকারিত্ব, প্রকরণশৈলীর অভিনব সংগঠন, ভাষার সূক্ষ্ম কারুকাজ এবং সংলাপ নির্মাণের অপ্রথাগত রীতির’ নতুন দিক উন্মোচন করেন। ‘প্রতিদিন একটি রুমাল’ শিরোনামটাই লক্ষণীয়— প্রতিদিন একটি রুমাল মানে প্রতিদিন একটি করে স্মৃতি, প্রতিদিন একটি করে ক্ষত। যুদ্ধ-পরবর্তী জীবনে মানুষ প্রতিদিন কিছু হারায়, আর সেই হারানোর হিসাব রাখে রুমালের মতো ছোট এক টুকরো কাপড়ের টুকরোয়।

এই ছোট ছোট জিনিসের ভেতরেই মাহমুদুল হক খুঁজে পান বড় ইতিহাসের ছায়া, যা তার সাহিত্যের চিরকালীন বৈশিষ্ট্য।

সহজ ভাষায় গভীরতম কাব্যের শ্বাস

মাহমুদুল হকের গদ্য নিয়ে সবচেয়ে সূক্ষ্ম পর্যবেক্ষণটি তিনি নিজেই দিয়েছেন। তার গদ্য ‘বেশ খানিকটা কাব্যাক্রান্ত’। এই কাব্যাক্রান্ততা কোনো দুর্বলতা নয়— এটি সচেতন শিল্পসিদ্ধান্ত, কারণ তিনি প্রচুর কবিতা পড়তেন।

‘আমার গদ্যকে কাব্যাক্রান্ত বললে ভুল হবে না, কারণ সম্ভবত কবিতার প্রতি প্রেমই এর কারণ, আমি খুব বেশি কবিতা পড়তাম।’

তার সহজ ভাষা কখনো নীরস হয়ে ওঠেনি; তাতে ছিল সূক্ষ্মতা আর ‘অসাধারণ সোয়াদ’। ‘মাহমুদুল হক রচনাবলি’ পর্যালোচনায় বলা হয়েছে, তার প্রতিটি রচনা ‘কাহিনির চমৎকারিত্ব, প্রকরণশৈলীর অভিনব সংগঠন, ভাষার সূক্ষ্ম কারুকাজ এবং সংলাপ নির্মাণের অপ্রথাগত রীতির উন্মোচনে’ স্মরণীয়। তার গদ্য ‘নিছক কলাকৈবল্যবাদের বিচ্ছিন্নতাসন্ধানী চোরাবালিতে পথভ্রান্ত নয়’। বরং তার গদ্যে শব্দপুঞ্জ ধ্বনিময় ও স্তরবহুল, এবং সেই বিন্যাসই তার ভাষাকে অন্য সবার থেকে আলাদা করে দেয়।

তার ভাষা সহজ, কিন্তু সরল নয়; সংক্ষিপ্ত, কিন্তু অসম্পূর্ণ নয়। প্রতিটি বাক্য যেন ছোট, কিন্তু প্রতিটি বাক্যের নিচে একটি গোটা জীবন যেনও লুকিয়ে আছে। বাংলা সাহিত্যে এই গদ্যই মাহমুদুল হকের সবচেয়ে বড় অবদান। কারণ তিনি প্রমাণ করেছেন, গভীরতম কথা বলার জন্য জটিল ভাষার দরকার নেই; দরকার কেবল সঠিক শব্দ বেছে নেওয়ার সাহস, আর অতিরিক্ত সবকিছু বাদ দেওয়ার সংযম।

তার উপন্যাসগুলোর আরেকটি বৈশিষ্ট্য হলো তাদের ‘পাতলা’ বা ছোট পরিসর, কিন্তু গভীরতা অসীম। একটি পাতলা বইকে কখনো অসুবিধা হিসেবে গণ্য করা উচিত নয়, কারণ সীমিত শব্দে নিজেকে প্রকাশ করতে লেখকের অসাধারণ সংযম ও দক্ষতা লাগে।মোহন শব্দমালার নির্মাতা‘বটু ভাই’য়ের নীরবতা কী নৈতিক বিজয়

১৯৮২ সালের পর মাহমুদুল হক আর লেখেননি। এই সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি ছিলেন নির্মমভাবে সৎ। সাহিত্য জগতের ভণ্ডামি তার কাছে অসহ্য হয়ে উঠেছিল।

তিনি বলেছিলেন, ‘আমি শুধুমাত্র সাহিত্য জগতের ভণ্ডামি দেখে লেখালেখি থেকে দূরে সরে এসেছি, সেটা বলা ঠিক হবে না। এটা একটা কারণ ছিল বটে, তবে আরও কারণ নিশ্চয়ই আছে।’

‘লিখতে লিখতে একসময় একঘেয়েমিতে ভুগছিলাম আমি, তাছাড়া এসবকিছুকে ভীষণ অর্থহীনও মনে হচ্ছিলো আমার কাছে… আমার আর ফিরে আসা সম্ভব হয়নি।’

কেউ কেউ বলেন, তার অভিমান ছিল নিজের ওপর। তিনি ‘শিল্পীদের লোভ থাকতে নেই’ বলে বিশ্বাস করতেন। শিল্পীর জন্য সততা অপরিহার্য। এই নৈতিক কঠোরতা তাকে স্বেচ্ছা-নির্বাসনে ঠেলে দেয়। কিন্তু এই নীরবতা তার সাহিত্যকে আরও গভীর করে তোলে।

যে মানুষ এত সূক্ষ্মভাবে মানুষের মন লিখতে পারেন, তিনি যখন দেখলেন সাহিত্যিক সমাজ সেই সূক্ষ্মতার যোগ্য নয়, তখন কলম নামিয়ে রাখাই তার পক্ষে এক ধরনের নৈতিক বিজয় হয়ে দাঁড়ায়। এই নীরবতা কোনো পরাজয় নয়। এটি এক ধরনের প্রতিবাদ, যা কোনো ইশতেহারে লেখা হয়নি। কিন্তু প্রশ্ন থেকে যায়: আমরা কি সেই সূক্ষ্মতার যোগ্য হয়ে উঠেছি, যা মাহমুদুল হক আমাদের দিতে চেয়েছিলেন?

প্রায় ২৮ বছর তিনি কার্যত কিছুই লেখেননি এবং সেই নীরবতাই তার সাহিত্যের বড় বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছে।

আজও বাজে নীরবতা

মাহমুদুল হক ২০০৮ সালের ২১ জুলাই মারা যান।

সেই দিনের প্রত্যক্ষদর্শী কবি আবু তাহের সরফরাজ লিখেছেন এভাবে—

‘আমি তখন আজিজ মার্কেটের দোতলায় মালেক মামার চায়ের দোকানে বসে সিগারেট ফুঁকছি। খবর পেলুম, মাহমুদুল হকের মরদেহ বাংলা একাডেমিতে। গেলুম। গিয়ে দেখি, তিন-চারজনের সমাগম। আছেন : পারভেজ হোসেন, হামিদ কায়সার, আহমাদ মোস্তফা কামাল আর মাহমুদুল হকের ভাগিনা (যাকে নিয়ে চিক্কোর কাবুক উপন্যাসটি লেখা)। ভাগিনা একটু পাগলা টাইপের। খাটিয়া ট্রাকে তোলার সময় দেখা গেল, ধরার লোকের অভাব। জীবনে আমি কখনো মরদেহের খাটিয়া কাঁধে নিইনি। বাধ্য হয়েই একটি স্ট্যান্ড কাঁধে তুলে নিলাম। নামানোর সময়ও বাধ্য হলাম। এবং কবরস্থানের পাশে নেওয়ার সময়ও বাধ্য হলাম। যে-কোনো সাধারণ মানুষ মারা গেলেও মরদেহ ঘিরে অন্তত কিছু মানুষ জড়ো হয়। অথচ কথাসাহিত্যের অপ্রতিদ্বন্দ্বী এই সাহিত্যিকের শেষযাত্রায় যা ঘটেছিল, তা আমাকে মোটেও পীড়া দেয়নি। কারণ, আমি জানিই জগৎ এই রকম। ওইদিন রাতে মেসে ফিরে একটা গদ্য লিখেছিলুম। কোথায় যেন ছাপাও হয়েছিল। এখন আর খুঁজে পাচ্ছি না। জীবনকেই মানুষ খুঁজে পায় না, আর লেখাটেখা তো কোন ছাড়!’

জিগাতলার যে বাসায় তিনি থাকতেন, সেখানে কেউ গেলে তিনি মৃদুহাস্যে অভ্যর্থনা জানাতেন, আড্ডায় মেতে উঠতেন; কিন্তু সাক্ষাৎকার নিতে গেলে কোনোভাবেই কথা বলতেন না। কলম থামিয়ে দেওয়ার পরও তার সাহিত্য পাঠকের হাতে পৌঁছায়।

মাহমুদুল হকরা কখনো হারিয়ে যান না। তারা কেবল আমাদের ডাকাডাকি বন্ধ করে দেন, আর আমরা তখন আমাদের নিজেদের ভেতরের শব্দে তার অস্তিত্ব টের পাই।

মাহমুদুল হক ছিলেন বাংলা সাহিত্যের সেই বিরল মানুষ, যিনি লিখে থেমে যাওয়ার মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন— সাহিত্যের সবচেয়ে বড় কথাটি হয়তো লেখা হয় না, সেটি লেখকের নীরবতায় থেকে যায় এবং পাঠক তা পড়েন নিজের জীবনের ভেতরে।

তথ্যসূত্র
১. ‘Confronting life, love, and liberation with a style’, The Daily Star, ২৩ জুলাই ২০১৭, https://www.thedailystar.net/in-focus/confronting-life-love-and-liberation-style-1437649
২. ‘লেখকই হয়ে ওঠেন উপন্যাসের নায়ক’, Anandabazar, ০২ জুলাই ২০১৬
৩. আদনান সৈয়দ, ‘কথাসাহিত্যিক মাহমুদুল হকের সঙ্গে আলাপচারিতা’, meghchil.com, ২৯ জুলাই ২০২৬,
৪. আহমাদ মোস্তফা কামাল, ‘হিরন্ময় কথকতা: মাহমুদুল হকের নির্বাচিত সাক্ষাৎকার’

মাহমুদুল হকবাংলা সাহিত্যকথাসাহিত্যিকঔপন্যাসিকজীবন আমার বোনকালো বরফঅশরীরীপ্রতিদিন একটি রুমালখেলাঘরমাটির জাহাজঅনুর পাঠশালাস্মরণশহীদ কাদরী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন