২০ লাখ ইউনিটে পারমাণবিক বিদ্যুতের অভিষেক
সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- সর্বোচ্চ উৎপাদন হয়েছে ৩৭৫ মেগাওয়াট
- আজকালের মধ্যে আবার গ্রিডে যুক্ত হতে পারে
- ধাপে ধাপে সক্ষমতা বাড়বে চলবে নানা পরীক্ষা-নিরীক্ষা

গ্রাফিকস: আগামীর সময়
প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হয়ে সাড়ে আট ঘণ্টায় প্রায় ২০ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। যার দাম কমবেশি ২ কোটি টাকা। এই অর্জন শুধু বিদ্যুৎ উৎপাদনের হিসাব নয়; দেশের জ্বালানি ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। যুক্ত হলো এক নতুন প্রযুক্তি, নতুন সক্ষমতা ও নতুন অভিজ্ঞতা। দুই ইউনিট পূর্ণ সক্ষমতায় গেলে বিদ্যুতের লোডশেডিং কমাতে বড় ভূমিকা রাখবে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
এক দশকের বেশি সময় ধরে স্বপ্ন, বিনিয়োগ, নির্মাণ আর নানা পরীক্ষা-নিরীক্ষার পর গত মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো গ্রিডের সঙ্গে কেন্দ্রটি যুক্ত হয় এটি। টানা সাড়ে আট ঘণ্টার বেশি বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে বন্ধ করা হয় সাময়িক সময়ের জন্য। কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে। পরে তা কমিয়ে আনা হয়। রূপপুর বিদ্যুৎ প্রকল্পের নিজস্ব বিদ্যুতের ব্যবহার ৭০-৮০ মেগাওয়াট। এটি বাদ দিয়ে বাকি বিদ্যুৎ যোগ হয়েছে জাতীয় গ্রিডে।
রূপপুরের বিদ্যুতের দাম এখনো চূড়ান্ত করা হয়নি। তবে তা ১০ টাকার আশপাশে থাকতে পারে বলে আভাস পাওয়া গেছে। সেই হিসাবে এর আর্থিক মূল্য দাঁড়ায় ২ কোটি টাকা। যদিও গ্রাহক পর্যায়ে খুচরা বিদ্যুতের দাম বিবেচনায় নিলে এর পরিমাণ আরও বেশি হবে। কেন্দ্রটি পুরোদমে চালু হলে এখান থেকে প্রতিদিন প্রায় ৫ কোটি ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। প্রতি ইউনিটের দাম ১০ টাকা বিবেচনায় নিলে দাঁড়াবে ৫০ কোটি টাকা।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম মঙ্গলবার জানিয়েছেন, এখন পর্যন্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফল ও প্রস্তুতি সন্তোষজনক। সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আগামী জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে পূর্ণ সক্ষমতায় এখান থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
পারমাণবিক জ্বালানি থেকে উৎপাদিত তাপশক্তির তৈরি বাষ্প দিয়ে টারবাইন ঘুরিয়ে উৎপাদন হবে বিদ্যুৎ। ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে এই কেন্দ্রে। এর মধ্যে প্রতি ইউনিট থেকে ন্যূনতম ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ব্যবহার বাদ দিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ হবে ১০৩০-১০৫০ মেগাওয়াট। চুক্তির শর্ত অনুযায়ী, ১০৩০ মেগাওয়াটের কম বিদ্যুৎ সরবরাহ করা হলে জরিমানা গুনতে হবে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে। দুই ইউনিট মিলে এখন থেকে অন্তত ২০৬০-২১০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।
বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান আগামীর সময়কে বললেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যে সক্ষমতা, তাতে ২০ লাখ ইউনিট বিদ্যুৎ অনেক কম। ধাপে ধাপে এর সক্ষমতা বাড়বে। কিন্তু তারপরও এটি আমাদের বড় অর্জন। এই সফলতার বড় অংশীদার এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারীরা।’
তিনি বললেন, বিদ্যুৎ উৎপাদনের সময় টারবাইন, জেনারেটর ও অন্যান্য যন্ত্রপাতি এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হয়। এখন বিভিন্ন ডেটা অ্যানালাইসিস চলছে। দেখা হচ্ছে, কেন্দ্রটি চালুর ফলে ছোট-বড় কোনো ব্যত্যয় হয়েছে কি না। এরপর আবার কিছু সময়ের জন্য গ্রিডে সংযুক্ত করা হবে। উৎপাদন বাড়ানো, কমানো ও বন্ধ করা হবে। এখনো কয়েকশ পরীক্ষা করতে হবে। এভাবে ধােপ ধাপে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা বাড়িয়ে সি ধাপের কার্যক্রম শেষে শুরু হবে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন। বিশেষজ্ঞদের কাছে এই পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে শুধু বিদ্যুৎ উৎপাদন শুরু করাই সাফল্যের মাপকাঠি নয়। দীর্ঘ সময় ধরে নিরাপদ, নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল উৎপাদন নিশ্চিত করাই মূল লক্ষ্য।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানালেন, বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্নের প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর ৪-৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করা হবে আবার। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালন-সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।
পারমাণবিক বিদ্যুৎ বাংলাদেশকে উন্নত প্রযুক্তিতে প্রবেশাধিকার দেবে এবং প্রকৌশল ও বৈজ্ঞানিক গবেষণার বিকাশে সহায়তা করবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি সংস্থা রসাটম স্টেট করপোরেশনের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ।
গতকাল এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘কেন্দ্রটির প্রথম ইউনিটের পাওয়ার স্টার্ট-আপ আমাদের দুই দেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশ একটি নির্ভরযোগ্য, স্থিতিশীল ও পরিবেশবান্ধব জ্বালানির উৎস পাচ্ছে, যা আমদানি হওয়া হাইড্রোকার্বনের ওপর নির্ভরতা কমাবে।’
এদিকে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের কাজও চলছে পুরোদমে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এই ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড হতে পারে। একই বছরের ডিসেম্বরের শেষ দিকে অথবা ২০২৮ সালের জানুয়ারিতে এখান থেকেও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। দুই ইউনিটের বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলে লোডশেডিং কমানোর পাশাপাশি জ্বালানি আমদানিতে সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। তেল, কয়লাভিত্তিক বিদ্যুতের তুলনায় পারমাণবিক বিদ্যুতের দামও পড়বে কম।



