ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছেলে। তবে বাবা করেন বিএনপির রাজনীতি। সম্প্রতি ছেলের নেতৃত্বে ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। এরপর বিএনপি তার বাবাকে সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। চট্টগ্রামের রাউজান উপজেলায় ঘটেছে এ ঘটনা।
গত সোমবার ভোরে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী। তিনি কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানালেন, সজীব সৌদিআরব থেকে ফিরিয়ে ছাত্রলীগে সক্রিয় হয়েছেন। তার নেতৃত্বে সোমবার ভোরে মিছিলের পর রাতে সেখানে আবার ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। দুই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
সজীবের নেতৃত্বে ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে তোলপাড় সৃষ্টি হয় বিএনপিতে। কদলপুর ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক নজরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানালেন, সজীবের বাবা সেলিম উদ্দিন চৌধুরীকে দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ঘটনায় সজীবের বাবা সেলিম উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।



