চট্টগ্রামে যুবলীগ-ছাত্রলীগের মিছিল, ব্যানারে লেখা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’

ছবি: ভিডিও থেকে নেওয়া
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় মিছিল হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে নগরের অক্সিজেন মোড় এলাকায় এ মিছিল বের করা হয়। এতে সংগঠন দুটির প্রায় ৫০ জন নেতাকর্মী অংশ নেন।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে মিছিলটি বের করা হয়। মিছিলে থাকা ব্যানারে লেখা ছিল, ‘১৯ নভেম্বর সারা দেশে লকডাউন সফল হোক’। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছবির পাশাপাশি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের ছবিও ছিল।
এ ছাড়া কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল এবং চট্টগ্রাম যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ মহিউদ্দিনের ছবি ছিল।
মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’— এ ধরনের স্লোগান দেওয়া হয়।
বায়েজিদ থানার ওসি ইখতিয়ার উদ্দিন বললেন, সকালে একটি মিছিল হয়েছে। মিছিলে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



