কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

সংগৃহীত ছবি
গোপালগঞ্জে বারবার সহিংসতা। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধে অস্থির জনপদ। এবার পরিস্থিতির প্রভাব ছড়িয়েছে অন্য জেলায়ও। গত কয়েক দিনে নারায়ণগঞ্জ, চাঁদপুর, ময়মনসিংহ, পিরোজপুর ও রাজশাহীতে হামলা, অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনা ঘটেছে। কেন বারবার অশান্ত হচ্ছে গোপালগঞ্জ? কেন হামলা-ভাঙচুর থামানো যাচ্ছে না? এসব প্রশ্নের জবাবে উঠে আসছে নানা বক্তব্য।
একাধিক রাজনৈতিক বিশ্লেষক বলছেন, আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক প্ল্যাটফর্মে ফাটল ধরার সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। বিরোধী পক্ষের মধ্যে ঐক্য ও সমন্বয় না ফিরলে এই সুযোগে সহিংসতা ও নৈরাজ্য চালিয়ে দেশকে অস্থিতিশীল রাখার চেষ্টা চলতে পারে।
অপরাধ বিশেষজ্ঞদের দাবি, এখনো ট্রমা থেকে বের হতে পারেনি অধিকাংশ পুলিশ সদস্য। আবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাচ্যুত সরকারের প্রতি দুর্বলতার কারণে অনেক পুলিশ সদস্য তাদের অধীনস্থ এবং সহকর্মীদের নীরব থাকতে নানাভাবে প্রভাবিত করছেন।
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আগামীর সময়কে বলছিলেন, ‘সহিংসতা মোকাবিলায় সরকারকে স্বৈরাচারবিরোধী শক্তিগুলোর জাতীয় রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। গণতন্ত্রের স্বার্থে এর কোনো বিকল্প নেই।’
বুধবার রাতে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরছে, যাতে কোনো নিরীহ মানুষ গুলিতে নিহত না হন। তবে আত্মরক্ষার প্রয়োজনে বাহিনী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, হামলাকারীরা চায় সরকার যেন তাদের কায়দায় রাজপথে গুলি চালিয়ে মানুষ হত্যা করে। কিন্তু বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। জনগণ রাজপথে আন্দোলনকারীদের হত্যা করা দেখতে চায় না।
তবে পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্যে ভিন্ন মনোভাবের ইঙ্গিত পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুগ্ম সচিব পদমর্যাদার ওই কর্মকর্তা বললেন, ‘আমরা আপাতত কোনো কিছুই করতে চাই না। গোপালগঞ্জে মানুষ যদি মনে করে তারা তাদের হাসপাতাল, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান পুড়িয়ে ফেলবে, তবে তাই করুক। আমরা শুধু সরকারি লোকদের নিরাপদে রাখতে চাই। এখন সিদ্ধান্ত নেবে ওই জেলার লোকজন।’
হামলার ধারাবাহিকতা
গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। ১৫ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম ঘিরে উত্তেজনা ও সংঘর্ষ হয়। এরপর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ার পাটগাতীতে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়। ১৮ নভেম্বর সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়ি ও ক্লিনিকে আগুন দেওয়া হয়। সর্বশেষ ১৯ নভেম্বর কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নের মাঝিগাতীতে সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করা হয়। একই দিন মুকসুদপুর থানায় এবং ফরিদ মিয়া সুপার মার্কেটের গ্রামীণ ব্যাংক শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার শিকার হয় মুকসুদপুর বিএনপি কার্যালয়ও। ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে যান চলাচলে বাধা দেওয়া হয়।
এর আগে ২০২৪ সালের ১০ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সমর্থকরা গোপালগঞ্জে সড়ক অবরোধ করেন। সেনাবাহিনীর একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সংঘর্ষে সেনাসদস্যসহ বেশ কয়েকজন আহত হন।
এরপর ২০২৫ সালের ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ পৌর পার্ক এলাকায় ব্যাপক হামলা ও সংঘর্ষ হয়। এতে অন্তত চার থেকে পাঁচজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা ও কারফিউ জারি করে।
চলতি বছরের ১০ নভেম্বর ছাত্রলীগের ডাকা ধর্মঘট কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।
সহিংসতা ছড়াচ্ছে অন্য জেলায়ও
গোপালগঞ্জের বাইরেও গত কয়েক দিনে সহিংসতার খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জে বাস ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। চাঁদপুর ও ময়মনসিংহে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিসংযোগের খবর এসেছে। পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুটি বাসে আগুন দেওয়া হয়। এতে এক বাসের সহকারী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। রাজশাহীর বাঘায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে বোমা হামলা ও রেলপথ অবরোধের ঘটনা ঘটেছে। পাবনার ঈশ্বরদীতে রেললাইনে আগুন এবং অবরোধের চেষ্টার খবরও পাওয়া গেছে। এসব ঘটনায় জননিরাপত্তা, যান চলাচল ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
রাজনৈতিক প্ল্যাটফর্মে ফাটল, সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ: রিজওয়ানা
একাধিক রাজনৈতিক বিশ্লেষকের মতে, আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি তৈরি হওয়ায় পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা সুযোগ পাচ্ছেন। তাদের মতে, বিরোধী পক্ষের মধ্যে ঐক্য ও সমন্বয় না ফিরলে এই সুযোগ কাজে লাগিয়ে সহিংসতা ও নৈরাজ্য চালানোর চেষ্টা চলতে পারে।
সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যেও উঠে এসেছে রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার বিষয়টি। তার মতে, সহিংসতা মোকাবিলায় স্বৈরাচারবিরোধী শক্তিগুলোর জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি। গণতন্ত্র রক্ষায় এর বিকল্প নেই।
তবে একাধিক রাজনৈতিক বিশ্লেষক বলছেন, গোপালগঞ্জের রাজনৈতিক বাস্তবতা, স্থানীয় প্রভাব বলয়, অতীতের রাজনৈতিক মেরূকরণ এবং প্রতিশোধের আশঙ্কাও উত্তেজনা বাড়ানোর কারণ হতে পারে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তদন্তে প্রমাণ করতে হবে। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে দায়ী করা কিংবা সামগ্রিকভাবে কোনো এলাকার মানুষকে অভিযুক্ত করা পরিস্থিতি আরও ঘোলাটে করতে পারে।
তাদের কেউ কেউ বলছেন, গোপালগঞ্জের মানুষের সঙ্গে শেখ মুজিবুর রহমানের গভীর আবেগের সম্পর্ক রয়েছে। এই জেলাতেই তার জন্মস্থান। টুঙ্গিপাড়ায় রয়েছে তার সমাধিসৌধ। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৈতৃক বাড়িও এ উপজেলায়। রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হলেও সেই আবেগের প্রভাব রয়ে গেছে। এই সুযোগকে কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। তবে সরকারের উচিত বাস্তবতার বিষয়টি সাধারণ মানুষকে অবহিত করা।
শক্ত হাতে পুলিশিংয়ে তাগিদ
সাবেক আইজিপি আশরাফুল হুদা আগামীর সময়কে বললেন, নিজেদের নিরাপত্তার জন্য শক্ত হাতে পুলিশিং করতে হবে। বারবার আক্রান্ত হবে, কিন্তু প্রতিরোধ করবে না? এটা কেন হবে? এর বাইরে প্রধানমন্ত্রীর আহ্বানে সাধারণ মানুষকে ৩৬ জুলাইয়ের মতো এগিয়ে আসতে হবে। নইলে ভবিষ্যতে আরও ক্ষতির মুখোমুখি হতে হবে সবাইকে।
এক প্রশ্নের জবাবে তিনি বললেন, জুলাই পর্যন্ত তৎকালীন সরকার পুলিশ দিয়েই টিকে ছিল। এখন ওই ফোর্স দিয়ে হবে না, এটা তো সবারই জানা। আমি একাধিকবার বলেছি, ইউনূস সরকারের উচিত ছিল নতুন পুলিশ সদস্য নিয়োগ দেওয়া। এখনো চাইলে সরকার নতুন পুলিশ সদস্য নিয়োগ দিতে পারে। ২৭ বিসিএসের বাদ পড়া পুলিশ সদস্যরা চাকরিতে যোগদান করেছে। এখন তাদের কাজে লাগাতে হবে।
সমাধান কোথায়
বারবার সহিংসতার পরও হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে না পারলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এজন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো, হামলার আগাম তথ্য সংগ্রহ এবং পুলিশ, এসআরবি, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীর মধ্যে সমন্বয় জরুরি। থানা, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা, রেলপথ ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে হামলা, অগ্নিসংযোগ ও নাশকতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে। নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।
‘গোপালগঞ্জের মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে স্থানীয় রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, প্রশাসন ও নাগরিক সমাজের মধ্যে সংলাপ প্রয়োজন। শুধু অভিযান বা নিরাপত্তা বাড়িয়ে দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। অপরাধীদের বিচার, প্রশাসনের নিরপেক্ষতা এবং রাজনৈতিক আস্থা ফেরানোর উদ্যোগ একসঙ্গেই নিতে হবে’— মত দিলেন রাজনৈতিক বিশ্লেষকরা।



