মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

গ্রাফিকস: আগামীর সময়
হবিগঞ্জের মাধবপুরে পৃথক ঘটনায় দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। তাদের একজনের বিয়ের দিনই মৃত্যু হয়েছে। অন্যজনের বিয়ে হয়েছিল কয়েক মাস আগে।
নিহতরা হলেন সুমাইয়া জান্নাত তন্নী (১৯) ও স্বর্ণা আক্তার (২০)। তন্নী উপজেলার বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের সফিকুল ইসলাম রতনের মেয়ে। স্বর্ণা বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার (২০ নভেম্বর) তন্নীর বিয়ের দিন ধার্য ছিল। পরিবারের সদস্যরা বিয়ের সব আয়োজনও সম্পন্ন করেছিলেন। সকালে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার নিথর দেহ ঝুলতে দেখেন।
অন্যদিকে, স্বর্ণার বিয়ে হয়েছিল কয়েক মাস আগে। কয়েক দিন আগে তিনি বাবার বাড়ি হরিতলা গ্রামে চলে আসেন। শুক্রবার দুপুরে বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনরা।
মাধবপুর থানার ওসি জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আউলিয়াবাদ গ্রামের নারীর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তবে হরিতলা গ্রামের নারীর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আবেদন দেওয়া হয়নি।




