ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযানে নামবে চসিক

ছবি: আগামীর সময়
চট্টগ্রাম নগরীতে অনিবন্ধিত ও অদক্ষ ভুয়া চিকিৎসকদের ডেন্টাল চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেছেন, নিবন্ধনহীন ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রম পরিচালনার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অভিযান চালানো হবে।
আজ শুক্রবার চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে প্রাঙ্গণে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, চট্টগ্রাম শাখার প্রথম সায়েন্টিফিক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, চিকিৎসাসেবা অত্যন্ত সংবেদনশীল বিষয়। এখানে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কার্যক্রম চলতে দেওয়া যায় না। সাধারণ মানুষ যাতে নিবন্ধিত ও যোগ্য চিকিৎসকদের কাছ থেকে নিরাপদ চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ডেন্টাল সোসাইটির পক্ষ থেকে অনিবন্ধিত চিকিৎসকদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দেওয়া হলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।
এ সময় চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রশাসক। তিনি বলেন, নগরীর সৌন্দর্যবর্ধনে বিমানবন্দর সড়কে বিভিন্ন প্রজাতির ফুল ও গাছ লাগানো হয়েছে। নির্মাণ করা হয়েছে ২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সাইকেল ট্র্যাক। এটি পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
চট্টগ্রামকে ‘ওয়ান সিটি টু টাউন’ ধারণায় এগিয়ে নিতে কর্ণফুলী নদীর একটি দ্বীপে ইকোপার্ক, ১২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ও পাখির অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি কর্ণফুলী থেকে বোয়ালখালী পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণের বিষয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
নগরীর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, শুধু সিটি করপোরেশনের উদ্যোগে একটি শহরকে সুন্দর করা সম্ভব নয়। এ জন্য নাগরিকদেরও সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও নাগরিক দায়িত্ববোধের মাধ্যমে চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।




