ছাত্রলীগের নামে ওসিকে হুমকি, থানায় জিডি

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম
হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাওয়ার পর সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। দক্ষিণ আফ্রিকার একটি নম্বর থেকে পাঠানো বার্তায় তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
গত বুধবার রাতে তার সরকারি মোবাইল ফোন নম্বরে একাধিক বার্তা পাঠানো হয়। এ ঘটনায় ওই রাতেই নিজের থানায় একটি অভ্যন্তরীণ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জোরারগঞ্জ থানার জিডি (নম্বর ৯০৪)। জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিট থেকে ১১টা ১৩ মিনিট পর্যন্ত দক্ষিণ আফ্রিকার নম্বর থেকে ওসির সরকারি নম্বরে বিভিন্ন সময়ে ইংরেজি ও বাংলায় বার্তা পাঠানো হয়।
রাত ৮টা ৫৪ মিনিটে ইংরেজিতে পাঠানো দুটি বার্তায় লেখা হয়, ‘আমরা তোমার পরিবার নিয়ে উদ্বিগ্ন’ এবং ‘তুমি যা করেছ, তা চালিয়ে গেলে আমরা খুব দ্রুত ব্যবস্থা নেব’।
পরে রাত ১০টা ৩৪ মিনিটে বাংলায় পাঠানো বার্তায় লেখা হয়, ‘পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো।’ এক মিনিট পর আরেকটি বার্তায় বলা হয়, ‘আজকের পর থেকে কোন ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’
রাত ১১টা ১২ মিনিটে পাঠানো বার্তায় ওসিকে উদ্দেশ করে বলা হয়, অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত না থাকলে তাকে রক্ষা করা হবে না। পরের মিনিটে পাঠানো শেষ বার্তায় লেখা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস না হলে রাস্তায় পড়ে থাকবি।’
হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটে দেখা গেছে, নম্বরটির প্রোফাইলে এনএম জামাল নাম ব্যবহার করা হয়েছে। নম্বরটি দক্ষিণ আফ্রিকার।
জানতে চাইলে জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেছেন, ‘আমি এলাকার দুই লাখ মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত আছি। আমি কারও কোন ধরনের হুমকিতে ভীত নই। তবে দাপ্তরিক প্রক্রিয়ার অংশ হিসেবে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে অভ্যন্তরীণ নোট বা জিডি করে রেখেছি। এটি কোনো সাধারণ নিরাপত্তা চেয়ে জিডি নয়।’




