আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

আজিম সরকার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে প্রতিহত করার কর্মসূচি পালনকালে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজিম সরকার নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় দুই ছাত্রদল কর্মীসহ আহত হয়েছেন চারজন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিম সরকার (১৭) উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের শহীদ সরকারের ছেলে। গফরগাঁও সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন তিনি। তার চাচাতো ভাই আজমল হুদা উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধে বৃহস্পতিবার রাতে উপজেলার প্রবেশমুখ শিবগঞ্জ বাজারে পাহারা বসান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে একটি প্রাইভেটকার ওই পথে আসলে ছাত্রদল নেতা আজিম সরকারসহ কয়েকজন নেতাকর্মী গাড়িটি থামিয়ে তল্লাশি চালানোর জন্য সংকেত দেন। এ সময় চালক গাড়ির গতি বাড়িয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন।
সন্দেহ হলে আজিম সরকারসহ ছাত্রদলের তিনজন নেতা-কর্মী একটি মোটরসাইকেলে করে প্রাইভেট কারটির পিছু নেন। প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার ধাওয়া করার পর পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় গাড়িটির গতিরোধের চেষ্টা করেন তারা। এ সময় মোটরসাইকেলটি প্রাইভেট কারের সামনে গিয়ে ব্রেক করলে গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলচালক আজিম সরকার, মোটরসাইকেলে থাকা ছাত্রদল কর্মী রিফাত (২৮) ও পাভেল (২২) এবং প্রাইভেটকারের যাত্রী নান্দাইল উপজেলার চর ভেলামারি গ্রামের আলমগীর ( ২৬) ও তার স্ত্রী লিমা ( ২৪) আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে ছাত্রদল নেতা আজিম সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে আহত ছাত্রদল কর্মী রিফাত ও পাভেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং আলমগীর ও লিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. লাবিবা হক বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে আহতদের মধ্যে আজিম নামে একজনকে মৃত ঘোষণা করা হয়।
দুঘর্টনায় আহত প্রাইভেট কারের যাত্রী আলমগীর জানান, রাতে শ্রীপুর মাস্টার বাড়ি থেকে রওনা হয়ে স্ত্রী, সন্তানসহ তারা গ্রামের বাড়ি যাচ্ছিলেন। শিবগঞ্জ বাজারের কাছে কয়েকজন লোক তাদের গাড়ি থামাতে বলে, তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। ভয়ে ড্রাইভার গাড়ি না থামিয়ে বেপরোয়া গতিতে টান দেন। দুঘর্টনার পর ড্রাইভার পালিয়ে যায়। তাদের শিশুসন্তান অক্ষত আছে।
গফরগাঁও থানার ওসি মো. মুশফিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




