মেটাকে জরিমানা করল ইতালি

সংগৃহীত ছবি
ইতালির ডেটা প্রটেকশন এজেন্সি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা করেছে। ব্যবহারকারীদের নির্দিষ্ট সম্মতি ছাড়াই তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও অ্যাকসেস করার অপরাধে এই বড় অঙ্কের জরিমানা করা হয়।
কর্তৃপক্ষের দেওয়া বিবৃতি অনুযায়ী, অ্যান্ড্রয়েড ডিভাইসের ফেসবুক অ্যাপের মাধ্যমে ইতালীয় ব্যবহারকারীদের ছবি, ভিডিও এবং এ সম্পর্কিত মেটাডেটা সংগ্রহ করা হয়েছে। অথচ এজন্য কোনো সুনির্দিষ্ট সম্মতি নেওয়া হয়নি এবং ব্যবহারকারীদের ঠিকমতো জানানোও হয়নি।
মেটা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, নিয়ন্ত্রক সংস্থার এই মূল্যায়ন এবং জরিমানার অযৌক্তিক পরিমাণের সঙ্গে তারা তীব্রভাবে দ্বিমত পোষণ করছেন।
ইতালির এই জরিমানার মূল কারণ হলো ফেসবুকের ‘গ্যালারি সাজেশনস’ ফিচারটি, যা ২০২৩ সাল থেকে চালু রয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যখন ব্রাউজ করেন, তখন ফোনের গ্যালারি থেকে ছবি ও ভিডিও পোস্ট করার পরামর্শ দেওয়া হয়। ইতালীয় নিয়ন্ত্রক সংস্থার মতে, ফেসবুক পুরো অ্যাপের জন্য একটি মাত্র সাধারণ অনুমোদনের মাধ্যমে গ্যালারির অ্যাকসেস চেয়েছিল, যার ফলে ব্যবহারকারীরা বুঝতে পারেননি যে তারা গ্যালারি ব্যবহারেরও অনুমতি দিচ্ছেন।
নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এখন থেকে মেটাকে এই ফিচারের জন্য আলাদা এবং সুনির্দিষ্ট উপায়ে সম্মতি নিতে হবে। পাশাপাশি এটি কী কাজে ব্যবহৃত হয় এবং কীভাবে এটি বন্ধ করা যাবে, তা স্পষ্টভাবে জানাতে হবে।



