বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা হাবিবুর রহমান গ্রেপ্তার। ছবি: আগামীর সময়
রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। আটক ব্যক্তির বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা আছে। তিনি বেশ কিছুদিন ধরে ওই বাড়িতে ভাড়া থাকছিলেন বলেও জানায় তারা।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। বাড়িটি পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের শ্বশুর আব্দুর রশিদের।
আটক ব্যক্তির নাম মো. হাবিবুর রহমান। তিনি নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হাবিবুর রহমান বেশ কিছুদিন ধরে আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকছিলেন। তিনি সেখানে আত্মগোপনে ছিলেন। বাড়িতে অপরিচিত লোকজনের যাতায়াত বেড়ে যাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে হাবিবুর রহমানের পরিচয় ও তার বিরুদ্ধে মামলার বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার রাতে তাকে আটক করেন স্থানীয় লোকজন।
এ সময় উত্তেজিত জনতার কয়েকজন তাকে মারধর করেন। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুঠিয়া থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে হাবিবুর রহমানকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রাজশাহী জেলা যুবদলের সদস্য মাসুদ রানা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে বিএনপি নেতা আল মামুন খানের শ্বশুর আব্দুর রশিদের বাড়িতে অপরিচিত লোকজনের যাতায়াত লক্ষ করছিলেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে নাটোরের যুবলীগ নেতা ও একাধিক মামলার আসামি হাবিবুর রহমানের অবস্থানের বিষয়টি জানতে পেরে তাকে আটক করেন তারা।
মাসুদ রানা আরও অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা হাবিবুর রহমান যে বাড়িতে অবস্থান করছিলেন, সেই বাড়ির মালিকের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি বাড়িটিতে তল্লাশিও চালানো হয়নি। তার দাবি, হাবিবুর রহমানকে আশ্রয় দেওয়ার বিষয়টি তদন্ত করে বাড়ির মালিকের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানিয়েছেন, আটক ব্যক্তির বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা থাকায় তাকে ওই থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আশ্রয়দাতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে ওসি জানিয়েছেন, এ বিষয়ে নাটোর সদর থানার ওসি বলতে পারবেন। কারণ আটক ব্যক্তির বিরুদ্ধে ওই থানায় মামলা রয়েছে।




