বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

সংগৃহীত ছবি
পরিবেশবান্ধব ভবন নির্মাণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) স্বীকৃত লিড প্লাটিনাম সনদ অর্জন করেছে আদজি ট্রিমস লিমিটেড। নতুন ভবন নির্মাণবিষয়ক লিড বিডি+সি সংস্করণ-৪ শ্রেণিতে ১১০-এর মধ্যে ৯৭ পয়েন্ট পেয়েছে প্রতিষ্ঠানটি। প্যাকেজিং, সরঞ্জাম ও পোশাকশিল্পের অনুষঙ্গ উৎপাদন খাতে এটি সর্বোচ্চ স্কোর বলে দাবি করেছে তারা।
প্রতিষ্ঠানটির দেওয়া খাতভিত্তিক আন্তর্জাতিক তুলনামূলক তথ্য অনুযায়ী, এই অর্জন সংশ্লিষ্ট শিল্প খাতে একটি নতুন বিশ্বরেকর্ড। এর মাধ্যমে পরিবেশবান্ধব অবকাঠামো, আধুনিক প্রযুক্তির ব্যবহার, জ্বালানি সাশ্রয়, প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবস্থাপনা ও টেকসই উৎপাদনব্যবস্থায় দেশের বিশেষায়িত উৎপাদনশিল্প নতুন পরিচিতি পেয়েছে।
লিড বা পরিবেশবান্ধব জ্বালানি ও পরিবেশগত নকশায় নেতৃত্ব একটি আন্তর্জাতিক ভবন মূল্যায়ন ও সনদ ব্যবস্থা। ভবনের নকশা, নির্মাণ, জ্বালানি ও পানির সাশ্রয়ী ব্যবহার, অভ্যন্তরীণ পরিবেশের মান, বর্জ্য ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশগত প্রভাব বিবেচনায় এ সনদ দেওয়া হয়, যার সর্বোচ্চ স্তর প্লাটিনাম।
বর্তমান বিশ্ববাজারে পরিবেশবান্ধব উৎপাদন, জ্বালানি সাশ্রয় ও টেকসই সরবরাহব্যবস্থার গুরুত্ব বাড়ছে এবং ক্রেতা ও ব্র্যান্ডগুলো পরিবেশগত দায়বদ্ধতাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। এমন প্রেক্ষাপটে আদজি ট্রিমস লিমিটেডের এই স্বীকৃতি দেশের উৎপাদন শিল্পের সক্ষমতা ও সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেছে।
ইনডেট গ্রুপের প্রতিষ্ঠান আদজি ট্রিমস লিমিটেড ঢাকার ধামরাই উপজেলার ডাউটিয়া, কালামপুরে অবস্থিত। ২০১২ সালে গ্রুপটির অধীনে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ২০১৬ সালের শেষ দিকে নিজস্ব উৎপাদন কার্যক্রম শুরু করে। বর্তমানে এখানে প্রায় ১ হাজার ৮০০ কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক কর্মরত আছেন এবং প্রতিষ্ঠানটি প্রায় ৫৪ ধরনের প্যাকেজিংসামগ্রী, শিল্পসরঞ্জাম ও পোশাকশিল্পের অনুষঙ্গ উৎপাদন করছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, শ্রম, প্রযুক্তিগত উন্নয়ন ও সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জন এসেছে। বিশেষ করে প্রায় ১ হাজার ৮০০ কর্মী, প্রকৌশলী, কারিগরি বিশেষজ্ঞ ও ব্যবস্থাপনা দলের অবদানকে সাফল্যের প্রধান ভিত্তি হিসেবে দেখছে কর্তৃপক্ষ। পাশাপাশি দেশি-বিদেশি ক্রেতা, ব্র্যান্ড অংশীদার, সহযোগী ও সরবরাহকারীদের আস্থা ও সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
লিড প্লাটিনাম সনদ অর্জনের পরও ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদের সাশ্রয়ী ব্যবহার এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদনব্যবস্থার উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি। তাদের প্রত্যাশা, এই সাফল্য দেশের অন্য প্রতিষ্ঠানকেও পরিবেশবান্ধব অবকাঠামো ও টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, ‘৯৭ পয়েন্ট আমাদের অর্জন, ১ হাজার ৮০০ সহকর্মী আমাদের শক্তি, ক্রেতাদের আস্থা আমাদের অনুপ্রেরণা, আর বাংলাদেশের পতাকা বিশ্বমঞ্চে উঁচু করে তুলে ধরাই আমাদের গর্ব।’



