চট্টগ্রাম বন্দর
৪৮ ঘণ্টায় কনটেইনার অপারেটর নিয়োগ!
- দরপত্র জমা দিয়েছে ৪ প্রতিষ্ঠান
- শেষ মুহূর্তে জমা দেন এমপি সেলিম
- গোপন রাখা হয়েছে ঠিকাদারের নাম
- তড়িঘড়ি নিয়ে মুখ খুলছে না কেউ

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে ৪৮ ঘণ্টায়। উন্মুক্ত প্রতিযোগিতা এড়িয়ে, ঠিকাদারের যোগ্যতার মানদণ্ড না রেখে এবং প্রি-বিড মিটিং ছাড়াই ডাকা হয়েছে সীমিত দরপত্র (এলটিএম)। গত ১৭ নভেম্বর দরপত্র ডেকে ১৯ নভেম্বর সময় বেঁধে দিয়ে নজিরবিহীন দ্রুততায় শেষ করেছে নিয়োগ কার্যক্রম।
চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার ওঠানামার প্রায় ১৬ শতাংশ একাই সামলায় সিসিটি। বন্দরের বার্ষিক রাজস্ব আয়ের দ্বিতীয় প্রধান উৎস। সিসিটির অবকাঠামোগত সক্ষমতা ও সুযোগ-সুবিধাও ঈর্ষণীয়। এখানে রয়েছে ৪৫০ মিটার জেটি এবং দুটি পূর্ণাঙ্গ বার্থ। ইয়ার্ডের ধারণক্ষমতা ৮ হাজার ৫০০ একক কনটেইনার। আধুনিক কনটেইনার ওঠানামার জন্য প্রস্তুত রয়েছে চারটি কি-গ্যান্ট্রি ক্রেন। এ ছাড়া ইয়ার্ডে নিরবচ্ছিন্ন সেবার জন্য মোবাইল হারবার ক্রেন, রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন, স্ট্র্যাডল ক্যারিয়ার ও ফর্কলিফটের মতো ভারী ও আধুনিক সব সরঞ্জামও মজুদ।
সীমিত দরপত্রে চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। কিন্তু সেই প্রতিষ্ঠানের নামও গোপন রেখেছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দর পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলামের দপ্তরই পুরো নিয়োগ প্রক্রিয়া দেখভাল করছে। এই তড়িঘড়ি ঠিকাদার নিয়োগের কারণ জানতে তাকে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি, এমনকি মেসেজ পাঠালেও দেননি জবাব।
বন্দরের বার্থ অপারেটর মালিক ও ক্ষমতাসীন দলের সংসদ সদস্য হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বললেন, ‘আমি শুনেছি, তবে বিস্তারিত জানি না। এতে আমার কোনো সংশ্লিষ্টতাও নেই।’
৪৮ ঘণ্টার নোটিসে ছয় মাসের জন্য টার্মিনাল ইজারা দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এতটা গোপনে দরপত্র ডেকেছে বন্দর ব্যবহারকারী, ১৩ বার্থ অপারেটর, ৩২ শিপ হ্যান্ডলিং অপারেটর কেউই জানে না। অংশ নেওয়া থেকে তারা বঞ্চিত হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন। চট্টগ্রাম বন্দরে সব ধরনের অপারেটর নিয়োগের জন্য গত সপ্তাহে জারি করা নীতিমালার সম্পূর্ণ লঙ্ঘন বলছেন ব্যবহারকারীরা। প্রশ্ন উঠেছে, এত তড়িঘড়ি করে কাকে অপারেটর নিয়োগ দিতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর বার্থ অপারেটর, শিপ হ্যান্ডলিং অপারেটর ও টার্মিনাল অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী বললেন, ‘আমরা জানলামই না সিসিটিতে অপারেটর নিয়োগ হচ্ছে। সেই সীমিত দরপত্রে কারা অংশ নিচ্ছে। সবাইকে আড়াল করে এমন নিয়োগ কার স্বার্থে? এতে বন্দরের শৃঙ্খলা নষ্ট হবে। সরকারের অগ্রগতিকে ব্যাকফুটে নিয়ে যাবে।’
ছয় বছর ধরে এই মেগা টার্মিনাল পরিচালনা করছিল দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড। ২০১৯ সালের ১৭ অক্টোবর হওয়া তাদের চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয় চলতি বছরের ২ নভেম্বর। চুক্তি শেষে নতুন অপারেটর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বন্দর কর্তৃপক্ষ সাইফ পাওয়ারটেককে আরও তিন সপ্তাহ কাজ চালিয়ে নেওয়ার নির্দেশ দেয়। অন্তর্বর্তী সময়ের মধ্যেই এই নাটকীয় পরিবর্তন!
চট্টগ্রাম বন্দর শিপ হ্যান্ডলিং অপারেটর, বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সাগর বললেন, ‘কে কী করছে, কোনো খবরই তো জানি না। কাদের জন্য করছে, সেটিও বুঝছি না। এতে বন্দরে অস্থিরতা সৃষ্টি হতে পারে।’
চিটাগাং কনটেইনার টার্মিনাল সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই) দিয়ে পরিচালনার একটি প্রস্তাব নিয়ে কাজ করছে সরকার। গত ২৮ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয় এ বিষয়ে বন্দরকে প্রক্রিয়া এগিয়ে নেওয়ার নীতিগত নির্দেশনাও দেয়। যেখানে দীর্ঘ মেয়াদে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলমান। তার মধ্যে ছয় মাসের জন্য ইজারা দিতে এই অবিশ্বাস্য দ্রুততায় উদ্যোগ বন্দর প্রশাসনের।
জানা গেছে, ১৭ নভেম্বর চারটি প্রতিষ্ঠান গোপনে দরপত্র জমা দিলেও বিষয়টি জানাজানি হয় ১৮ নভেম্বর। মূলত ওশান এইড সার্ভিসেস শিপ হ্যান্ডলিং অপারেটরকে এই কাজ দেওয়ার জন্য বন্দর এই সীমিত দরপত্র ডেকেছে। জানাজানির পর তোপের মুখে পড়েন বন্দর পরিচালক (পরিবহন) গোলাম সারোয়ারুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সবাইকে অবাক করে দরপত্র জমা দেন বার্থ অপারেটর এভারেস্ট এন্টারপ্রাইজের মালিক ও ক্ষমতাসীন দলীয় এমপি শাহাদাত হোসেন সেলিম। তিনি আগামীর সময়কে বললেন, ‘চট্টগ্রাম বন্দর নিয়ে দেশি-বিদেশি চক্রান্ত হচ্ছে। অনভিজ্ঞদের কাজ দিলে আত্মঘাতী হবে। এজন্য প্রতিবাদ হিসেবে শেষ মুহূর্তে দরপত্র জমা দিয়েছি।’
বার্থ ও টার্মিনাল পরিচালনায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করতে ৫ নভেম্বর সরকার নতুন বিধিমালা গেজেট আকারে প্রকাশ করে। সেখানে সুস্পষ্টভাবে অপারেটর নিয়োগে প্রতিযোগিতামূলক উন্মুক্ত দরপত্র বাধ্যতামূলক করা হয়। অথচ নতুন এই বিধিমালা চূড়ান্ত হওয়ার ১২ দিনের মাথায় তা চরমভাবে লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
সিসিটির জন্য ডাকা হলো ‘লিমিটেড টেন্ডারিং মেথড’ বা এলটিএম। দরপত্রের কাগজ বলছে, ১৭ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৯ নভেম্বর দুপুর ১২টার মধ্যে দরপত্র জমার নির্দেশ দেওয়া হয়েছে। সময় মাত্র ৪৮ ঘণ্টা! সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, দরপত্রের ২১ ও ২২ নম্বর কলামে প্রি-বিড মিটিং ও ঠিকাদারের যোগ্যতার মানদণ্ড হিসেবে সুস্পষ্টভাবে ‘প্রযোজ্য নয়’ লেখা হয়েছে।
সিসিটির অপারেটর নিয়োগের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ রেফায়েত হামিম পিপিআর বিধিমালা নিয়োগ শিথিলের আবেদন জানিয়েছেন। একই সঙ্গে বার্থ অপারেটর নিয়োগ বিধিমালার শর্ত শিথিলের আবেদন করেন। নতুন ‘অপারেটর নিয়োগ বিধিমালা ২০২৬’-এর বিধিতে থাকা কঠোর প্রাক-যোগ্যতার শর্তের কারণে অনেক প্রতিষ্ঠান অংশ নিতে পারবে না বলে চিঠিতে যুক্তি দেখানো হয়। অর্থাৎ বন্দর তার নিজের করা বিধি নিজেরাই ভেঙেছে একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য। এ বিষয়ে জানতে চাইলে রেফায়েত হামিমও ফোনে সাড়া দেননি।



