মানবতার টানে রিপনের সংগ্রাম

রক্তদান থেকে অসহায় মানুষকে আর্থিক সহায়তা, দুর্যোগে পাশে দাঁড়ানো, সড়কে শৃঙ্খলা ফেরানোসহ বহুমুখী মানবসেবামূলক কাজের জন্য পরিচিত মুখ তাহমীদ ইশাদ রিপন। মানুষের মুখে হাসি ফোটানোই যেন তার পথচলার মূল প্রেরণা। ১৯৯৯ সালে বড়লেখা মোহামেডান লিটারারি সোসাইটির তথ্য, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সামাজিক কর্মকাণ্ডে যাত্রা শুরু করেন মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার বারইগ্রামের চল্লিশোর্ধ্ব এই বাসিন্দা।
২০০৪ সালে সাংবাদিকতা শুরু করেন রিপন। এ পেশার সুবাদে সমাজের অসহায় মানুষের জীবনসংগ্রাম কাছ থেকে দেখার সুযোগ হয় তার, যা মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করে। এ পর্যন্ত ২২ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন তিনি। পাশাপাশি অসংখ্য রোগীকে সংগ্রহ করে দিয়েছেন রক্তদাতা। প্রবাসীদের সহযোগিতায় অসহায় মানুষের আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী, শীতবস্ত্র ও জামাকাপড় বিতরণ, মসজিদ-মাদ্রাসা নির্মাণ এবং ফলদ গাছ রোপণের পাশাপাশি অব্যাহত রেখেছেন বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ।
২০১৪ সালে রিপনসহ কয়েকজনের সম্মিলিত উদ্যোগে প্রতিষ্ঠিত হয় যুবশক্তি সমাজকল্যাণ পরিষদ। তাদের উদ্যোগেই বড়লেখায় উপজেলাকেন্দ্রিক সামাজিক সংগঠনের কার্যক্রমের সূচনা। ২০১৭ সালে তিনি প্রতিষ্ঠা করেন বড়লেখা মানবতার যোদ্ধা (বিএমজেড)। ২০২০ সাল থেকে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সহকর্মীদের নিয়ে পৌরশহরের যানজট নিরসনে রাখছেন ভূমিকা। ২০২৪ সালে অর্জন করেন নিসচার ‘সড়ক যোদ্ধা’ পুরস্কার।
মানবিক কাজের সূচনা কীভাবে জানতে চাইলে রিপন বললেন, ‘উপকারভোগী মানুষের মুখে যে হাসি দেখতে পাই, সেটিই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই হাসিই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়। যতদিন সামর্থ্য থাকবে, মানুষের পাশে থাকার চেষ্টা করে যাব।’
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল হক বললেন, রিপন একজন মানবিক মানুষ। গ্রাম থেকে পৌরসভা— সব জায়গায় তাকে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে দেখা যায়। বিশেষ করে যানজট নিরসনে নিসচার সহকর্মীদের নিয়ে তার ভূমিকা প্রশংসনীয়।
অসহায় জীবনযাপন করছিলেন বিধবা রুসনা বেগম। রিপনের সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন জানিয়ে তিনি বললেন, রিপনের মাধ্যমে দেশের হৃদয়বান নাগরিক ও প্রবাসীদের সহযোগিতায় পাওয়া আর্থিক সহায়তা আমার অসহায়ত্ব দূর করেছে। এই উপকারের জন্য রিপনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।
ষাটমাকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাসেমের ভাষ্য, ছোটবেলা থেকেই রিপন অনেক মানবিক। মানুষের দুঃখ-কষ্ট তাকে ভাবায়, খবর পেলেই ছুটে যান। রিপনের মতো লড়াকু যোদ্ধা ঘরে ঘরে সৃষ্টি হওয়া উচিত।



