পহেলা ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

ভারতে অবস্থিত বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র। ছবি/ সংগৃহীত
আগামী ১ ডিসেম্বর থেকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্রের কার্যক্রম বন্ধ হচ্ছে। ভিসা পরিষেবা পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছে না বাংলাদেশ সরকার। ফলে ৩০ নভেম্বরের পর থেকে এই দুই কেন্দ্রে নতুন করে ভিসার আবেদন জমা নেওয়া হবে না।
কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন গত ১৭ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ও ডিইউ ডিজিটাল গ্লোবালের মধ্যে ভিসা পরিষেবা পরিচালনার চুক্তির মেয়াদ ৩০ নভেম্বর শেষ হচ্ছে। নতুন করে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেয়নি সরকার। এ কারণে ১ ডিসেম্বর থেকে কেন্দ্র দুটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
আবেদনকারীদের ৩০ নভেম্বরের পর ওই দুই কেন্দ্রে ভিসার আবেদন জমা না দেওয়ার পরামর্শ দিয়েছে ডেপুটি হাইকমিশন। নতুন ভিসা আবেদনকেন্দ্রের ঠিকানা এবং সেগুলো পরিচালনার দায়িত্বে কোন সংস্থা থাকবে, তা পরবর্তী বিজ্ঞপ্তিতে জানানো হবে।
এ সিদ্ধান্তে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করা ভারতীয় ও বিদেশি নাগরিকদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যারা পারিবারিক, চিকিৎসা, ব্যবসা ও পর্যটনের প্রয়োজনে নিয়মিত বাংলাদেশে যাতায়াত করেন, তাদের নতুন ব্যবস্থা চালুর অপেক্ষায় থাকতে হবে।
তবে ভিসা আবেদনকেন্দ্র বন্ধ হওয়ার অর্থ বাংলাদেশ সরকার ভিসা দেওয়া বন্ধ করছে, এমন নয়। ডেপুটি হাইকমিশনের বিজ্ঞপ্তিতে ভিসা প্রদান স্থগিতের কোনো ঘোষণা নেই। আপাতত বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির নির্দিষ্ট দুটি কেন্দ্রে আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের কাজ।
শিলিগুড়ির সেবক রোডে বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র চালু হয় ২০২২ সালে। এর আগে ২০২১ সালে কাজ শুরু করে কলকাতার সল্টলেকের কেন্দ্রটি।




