ভারতে ভেজাল মদ খেয়ে ১১ মৃত্যু, হাসপাতালে ১৮০

হাসপাতালের বিছানায় চিকিৎসা নিচ্ছেন এক তরুণ। ছবি / সংগৃহীত
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে ভেজাল মদপানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বিষাক্ত মদ পান করেছেন সন্দেহে ১৮০ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরার খবরে বলা হয়েছে, গত এক সপ্তাহে মণিপুরের সুগনু শহর থেকে মদ পান করেছেন, এমন ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। একই সঙ্গে অজ্ঞাত উৎসের মদ পান না করতে সতর্ক করেছেন পুলিশের উপকমিশনার।
শুক্রবার এক বিবৃতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ইউম্নাম খেমচাঁদ সিং বলেছেন, এখন পর্যন্ত দুটি হাসপাতালে ১৮০ জনের বেশি রোগী ভর্তি হয়েছেন। গত ৪৮ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।
ভারতে অবৈধ মদের ব্যবসা বেশ লাভজনক। বৈধ ব্র্যান্ডের মদ কেনার সামর্থ্য নেই, এমন দরিদ্র মানুষেরাই সাধারণত এসব মদের ক্রেতা। মদের নেশার মাত্রা বাড়াতে বিক্রেতারা প্রায়ই বিভিন্ন রাসায়নিক পদার্থ মেশান।
কংগ্রেস নেতাকর্মীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের জেরে ভারতে মেটার কার্যালয়ে হামলা
২১ নভেম্বর ২০২৬
এসব মদে ব্যবহৃত রাসায়নিকের একটি মিথানল। মাত্র ৬০ মিলিলিটার মিথানলও প্রাণঘাতী হতে পারে। ভারতে নিয়ন্ত্রণহীনভাবে তৈরি মদে ব্যাটারির অ্যাসিডও পাওয়া গেছে।
এর আগে ২০২০ সালে ভারতের পাঞ্জাব রাজ্যে বিষাক্ত মদপানে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র- আলজাজিরা




