ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা বাপ্পীর বিরুদ্ধে মামলা হয়েছে। ছবি: কোলাজ
রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকায় ১২ বছর বয়সী এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ইমামুল হোসেন বাপ্পী (৩১) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বাপ্পী খিলক্ষেত থানা ছাত্রদলের সহ-সভাপতি। ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
খিলক্ষেত থানার ওসি মুহাম্মদ সোহরাব আল হোসাইন আগামীর সময়কে বলেন, আজ শনিবার মামলার নথিপত্র আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
জানা গেছে, গতকাল শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় খিলক্ষেত থানায় মামলাটি করেন শিশুটির পালক পিতা মো. ওয়াদুদ মিয়া ওরফে সাগর মিয়া (৩৮)। মামলা নম্বর-১৫।
মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত বাপ্পী শিশুটির পরিবারের পাশের ঘরে ভাড়া থাকতেন। গত বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে শিশুটির মা-বাবা কাজের প্রয়োজনে বাসার বাইরে ছিলেন। এ সময় চকোলেট ও টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন বাপ্পী। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে পুলিশকে জানিয়েছে শিশুটি।
কাজ শেষে বাসায় ফিরে শিশুটিকে অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান তার মা-বাবা। পরে শিশুটির কাছ থেকে নির্যাতনের কথা জানতে পারেন। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলেও অবস্থার অবনতি বিবেচনায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।
শিশুটির পরিবার নিকুঞ্জ-২ এলাকার টানপাড়া জামতলার খ/১২৪ নম্বর টিনশেড বাড়িতে ভাড়া থাকে। শিশুটির বাবা সিএনজিচালিত অটোরিকশা চালান। মা নিকুঞ্জ-২-এর ১ নম্বর সড়কে চা বিক্রি করেন।
এদিকে, অভিযুক্ত বাপ্পীর বিরুদ্ধে চাঁদাবাজি, ফুটপাত দখল করে দোকান বসানো ও অনলাইন প্রতারণার অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাদের দাবি, দলীয় পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করতেন তিনি। কিশোরগঞ্জের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনে ২০ হাজার টাকার মাছ অর্ডার করে মূল্য পরিশোধ না করার অভিযোগে তার বিরুদ্ধে প্রতারণার মামলাও হয়েছিল।




