টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ করে আওয়ামী লীগ—ছবি : আগামীর সময়
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ভয়াবহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ভবন। আগুনের লেলিহান শিখায় থানা কমপ্লেক্সের নিচতলা থেকে শুরু করে দোতলার পুলিশ ব্যারাক পর্যন্ত প্রায় সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। ভবনের বাইরের দেয়াল থেকে ভেতরের কক্ষ—সর্বত্রই তাণ্ডবের ক্ষতচিহ্ন।
আজ শনিবার দুপুরে সরেজমিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার এমন চিত্র দেখা গেছে।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. এমরানুল কবির জানিয়েছেন, আগুনে থানার সকল নথি পুড়ে ছাই হয়ে গেছে। পুলিশের অস্ত্র লুট হয়েছে। পরে কিছু অস্ত্র পাওয়া গেছে, কিন্তু তার সঠিক তালিকা এখনো করা হয়নি। এ অবস্থায় থানার সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
ভবনের বাইরের চিত্র
থানা চত্বরে প্রবেশ করতেই চোখে পড়ে ভবনের সামনের অংশে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি পিকআপ ভ্যানের কঙ্কাল। আগুনে গাড়িটির বডি ও ইঞ্জিন সম্পূর্ণ পুড়ে দুমড়েমুচড়ে গেছে। থানা ভবনের মূল ফটকের ওপরে থাকা নীল রঙের ‘টুঙ্গিপাড়া থানা’ সাইনবোর্ডটি অক্ষত থাকলেও ভবনের সামনের দিকের জানালাগুলোর কাচ ভেঙে চুরমার হয়ে গেছে এবং দেয়ালের অনেক অংশ আগুনের ধোঁয়ায় কালো হয়ে আছে।
নিচতলার কলাপসিবল গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই দেয়ালে থাকা ‘বাংলাদেশ পুলিশ, টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জ’ লেখা নামফলকটিও ভাঙচুর করেছেন আওয়ামী সমর্থকরা। ভেতরের আঙিনার গাছগুলোর পাতাও আগুনের তাপে ঝলসে শুকিয়ে গেছে।
দাপ্তরিক নথিপত্রের ধ্বংসযজ্ঞ
নিচতলার বারান্দাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচের টুকরো, পোড়া আসবাবের অংশ ও ছাই। ডিউটি অফিসারের কক্ষে গিয়ে দেখা যায়, টেবিলের ওপর থাকা কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। পাশের দাপ্তরিক কক্ষগুলোতে চালানো হয়েছে ব্যাপক ভাঙচুর। কক্ষগুলোর কম্পিউটার মনিটর ও যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়েছে এবং চেয়ার-টেবিল উল্টে পড়ে আছে। মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র, রেজিস্ট্রার খাতা ও সরকারি কাগজপত্র মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
এছাড়া নিচতলার একটি স্টোর বা রেকর্ড রুমে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, লোহার র্যাকের ভেতরে থাকা সমস্ত ফাইল ও নথিপত্র পুড়ে সাদা ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে। এমনকি আগুনের তাপে ছাদের ও দেয়ালের পলেস্তারা খসে মেঝেতে পড়ে গেছে। থানার হাজতখানার লোহার গেট ও এর আশপাশের এলাকাতেও ভাঙচুরের চিহ্ন রয়েছে।
ব্যারাকের অবস্থা
ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত পুলিশ সদস্যদের আবাসিক ব্যারাকের চিত্র আরও করুণ। আগুনে ব্যারাকের প্রতিটি কক্ষের দেয়াল ও ছাদ কালো ধোঁয়ায় ঢেকে গেছে। পুলিশ সদস্যদের থাকার লোহার খাটগুলোর তোশক, বিছানাপত্র, আসবাব এবং ব্যক্তিগত মালামাল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। মেঝেতে শুধু পোড়া ছাই, ভাঙা কাচ, ছড়িয়ে-ছিটিয়ে থাকা জুতা ও ব্যবহৃত জিনিসপত্রের অবশিষ্টাংশ পড়ে আছে। জানালার গ্রিলগুলো আগুনের তাপে বেঁকে গেছে এবং কাচ ভেঙে নিচে পড়ে আছে।
সব মিলিয়ে, অগ্নিসংযোগ ও ভাঙচুরের এই ঘটনায় টুঙ্গিপাড়া থানার দাপ্তরিক কার্যক্রম ও আবাসিক অবকাঠামো সম্পূর্ণরূপে অচল হয়ে পড়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। ওইদিন সন্ধ্যার পর তারা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করেন। পরে থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেন।




