আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী

এক প্রশিক্ষণার্থীকে কারাতের কৌশল শেখাচ্ছেন মুন্নী
অতি সাধারণ পরিবারের সন্তান মুন্নী আক্তার (২৪) ফেনী শহরে মেয়েদের কারাতে শেখাচ্ছেন বিনামূল্যে। বর্তমানে ফেনী ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর গ্রামের শ্রমজীবী আব্দুর রহিম ও রহিমা বেগমের পঁাচ ছেলেমেয়ের মধ্যে মুন্নী চতুর্থ। ২০১০ সালে জীবিকার সন্ধানে ফেনী চলে আসেন রহিম। ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন ভবনের নির্মাণকাজ করতেন। মুন্নীর বয়স তখন আট বছর। তাকে ভর্তি করা হয় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
২০১৬ সালে ১৪ বছর বয়সে রামপুর বালিকা উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াকালে কয়েক বন্ধুর সঙ্গে মুন্নী যান রাজাঝির দিঘির পূর্ব পাড়ে তৎকালীন ফেনী ক্লাবে। সেখানে ছেলেমেয়েরা কারাতে প্রশিক্ষণ নিত। সমবয়সী মেয়েদের শিখতে দেখে মুন্নী কারাতে শেখার সিদ্ধান্ত নেন। পিতার কাছে বায়না ধরতেই তিনি রাজি হয়ে যান। এরপর অল্প দিনেই মুন্নী আত্মরক্ষায় কারাতের বেশকিছু কৌশল রপ্ত করেন। প্রশিক্ষণের বিভিন্ন ধাপ পার করে তিনি ব্ল্যাক বেল্ট অর্জনের পর বর্তমানে দ্বিতীয় ড্যান পর্যায়ে আছেন।
২০১৮ সালের ১১ মার্চ রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ যুব গেমসে মহিলা কুমিতে (৪০ কেজি) মুন্নী প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক পান। পরের বছর সাউথ এশিয়ান কারাতে দো ফেডারেশন ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের যৌথ আয়োজনে সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় জুনিয়র সিঙ্গেলসে ৪০ কেজি ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান লাভ করেন মুন্নী। তার ঝুলিতে রয়েছে আরও কয়েকটি পুরস্কার।
আগামীর সময়কে মুন্নী আক্তার বলেছেন, প্রতিটি শিশু ছোটবেলা থেকেই আত্মরক্ষার জন্য কারাতে শিখতে পারে। মেয়েরা যাতে আত্মরক্ষার জন্য নিজেদের গড়ে তুলতে পারে সেজন্য তিনি বিনামূল্যে তাদের কারাতে শেখার ব্যবস্থা করেছেন। দুই বছর ধরে ফেনীর খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ কক্ষে প্রতি বৃহস্পতিবার বিভিন্ন স্কুলের ছাত্রীদের বিনামূল্যে কারাতে শেখাচ্ছেন তিনি। এ ছাড়া স্কুলছাত্রীদের জন্য পুলিশ লাইনস স্কুলে একটি প্রশিক্ষণ কোর্সও চালু করেছেন। গত দুই বছরে ৪০টি মেয়েশিশুকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছেন।
২০২০ সালের শেষ দিকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী মনির হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুন্নী। স্বামী মনির ও একমাত্র ছেলে মো. আবদুল্লাহকে (২) নিয়ে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার ভাড়া বাসায় বসবাস করছেন মুন্নী।
ফেনী বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আঞ্জুমান আরা বলছিল, ‘বিভিন্ন এলাকায় বখাটেদের উৎপাত দেখা যায়। আবার কোথাও কোথাও রয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। তারা অনেক সময় ছাত্রীদের উত্ত্যক্ত করে থাকে। তাই কারাতে শিখে রাখলে আত্মরক্ষায় কাজে লাগবে।’
আঞ্জুমানের মা রোকেয়া বেগম জানালেন, মেয়ের ইচ্ছায় তাকে মুন্নী আক্তারের কাছে কারাতে শেখাচ্ছেন। তিনি মনে করেন, এর ফলে মেয়ে নিজেকে রক্ষা করতে পারবে।
ফেনী ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমন উল হক বলেছেন, আত্মরক্ষার কৌশল রপ্ত করতে মুন্নীর কাছে প্রশিক্ষণ নিচ্ছে প্রাথমিক ও মাধ্যমিকের ছাত্রীরা।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল বললেন, ‘জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে পেয়ারু জিমনেশিয়ামে শিশুরা কারাতে শিখছে। আমরা তাদের উৎসাহিত করি। আর মুন্নী আক্তারের বিষয়টি আমি জানি। মুন্নী প্রথমে নিজে কারাতে শিখেছেন, এখন ছাত্রীদের প্রশিক্ষণ দিচ্ছেন বিনামূল্যে। এর ফলে অনেকে কারাতে শেখার ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন।’



