এশিয়ান গেমস
টানা বৃষ্টির পর রোদ, স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলে

টানা পাঁচ দিন অবিরাম বৃষ্টির পর অবশেষে বুধবার ভোরে সূর্য হেসেছে জাপানের নাগোয়ায়। দীর্ঘ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর এই রোদের দেখা পাওয়া স্বস্তি ফিরিয়ে এনেছে বাংলাদেশ দলে। ১৬ বছর পর এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে স্বর্ণপদক জয়ের লক্ষ্য পূরণের পথে একধাপ এগিয়ে যেতে আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবারের রোদঝলমলে আকাশ বার্তা দিচ্ছে খেলা হওয়ার। বৃহস্পতিবার পাহাড়ঘেরা নিশিন শহরের করোগি স্পোর্টস পার্কে ম্যাচটা হলে অন্তত জয়ের জন্য ঝাঁপাতে পারবে বাংলাদেশ। আর কোয়ার্টার ফাইনালের মতো বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি ফাইনালে চলে যাবে পাকিস্তান।
বুধবার রোদ হাসলেও মাঠ পুরোপুরি না শুকানোয় বাংলাদেশ দলকে ট্রেনিংয়েও কাটছাঁট করতে হয়। নেটে ব্যাট-বল হাতে ঘাম ঝরান ক্রিকেটাররা। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ২০২৩ হাংজু গেমসে বাংলাদেশকে ব্রোঞ্জ এনে দেওয়া অভিজ্ঞ অলরাউন্ডার ইয়াসির আলী রাব্বি। আবহাওয়া ও অনুশীলন নিয়ে স্বস্তি প্রকাশ করে ইয়াসির বলেন, ‘জাপান আসার পর মনে হয় এই প্রথম আমরা রোদ দেখলাম। ভালো লাগছে, ভালোমতো মাঠে নামতে পেরেছি। অনুশীলনের সুযোগ না পেলেও আমরা মানসিকভাবে নিজেদের সবসময় প্রস্তুত রেখেছি।’ প্রস্তুতি ম্যাচ ও অনুশীলনের ঘাটতি পূরণে দল কীভাবে গুছিয়ে নিয়েছে, তা জানিয়ে তিনি বলেন, ‘মাঠে নামতে না পারলেও আমাদের পুরো টিমের একটি জিম সেশন ছিল, আবার ফুটবল মাঠেও আমরা অনুশীলন ও ফুটবল খেলেছি। তাই মানসিকভাবে আমরা পুরোপুরি প্রস্তুত।’
সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ধাক্কা খেয়েছে দল। কোচ মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যদের অন্যতম বড় ভরসা ও নির্ভরযোগ্য ব্যাটার নাজমুল হোসেন শান্ত অসুস্থতার কারণে দল থেকে ছিটকে গেছেন। শান্তর অনুপস্থিতি প্রসঙ্গে ইয়াসির বলেন, ‘শান্ত অসুস্থতার জন্য চলে যাচ্ছে, যা খুবই দুর্ভাগ্যজনক। তবে যা হয়ে গেছে তা তো আর ফেরানো যাবে না। আমাদের এখন সামনের দিকে ফোকাস করতে হবে। যে একাদশ থাকবে, তা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।’ প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে কোনোভাবেই খাটো করে দেখছেন না ইয়াসির। প্রতিপক্ষের বর্তমান ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও ইয়াসিরের কণ্ঠে ঝরল সমীহ, ‘পাকিস্তান মোটেও দুর্বল দল নয়, তারা অনেক ভালো দল। ক্রিকেটে মাঠে নামলে দুটি দলই সমান, যে ভালো খেলবে সেই জিতবে। সব দলের বিপক্ষেই আমাদের নির্দিষ্ট পরিকল্পনা থাকে। আমাদের মূল কাজ হলো নিজস্ব প্রক্রিয়া বা প্রসেস মেইনটেইন করা এবং ইতিবাচক ক্রিকেট খেলা। বাকিটা উইকেটের আচরণ ও আবহাওয়ার ওপর নির্ভর করবে।’
২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে ঐতিহাসিক স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৪ ইনচন গেমসে রূপা জিতেছিল তারা। ২০১৮ জাকার্তা গেমসে ক্রিকেট ছিল না। ২০২৩ হাংঝু গেমসে পদকের রঙ বদলে ব্রোঞ্জ হয়ে যায়। এবার পূর্ণ শক্তির দল নিয়ে জাপানে বাংলাদেশ এসেছে ফের সোনার হাসি হাসতে। এখন বৃষ্টি আর বাধা না হলেই হয়।





