পর্তুগালের অনুশীলন ছেড়ে চলে গেলেন রোনালদো!

পর্তুগাল জাতীয় দলে কোচ হোর্হে জেসুস এবং মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যকার দ্বন্দ্ব নিয়ে চলছে তুমুল আলোচনা। নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে পুরো ৯০ মিনিট বেঞ্চে বসিয়ে রাখার পর থেকেই সৃষ্টি হয়েছে এই সংকটের। এসব অসন্তোষ দূর করতে নিজের পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে কোপেনহেগেনে ছুটে গেছেন পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সভাপতি পেদ্রো প্রয়েঙ্কা।
ডেনমার্কের বিপক্ষে আসন্ন উয়েফা নেশনস লিগের ম্যাচের প্রস্তুতি নিতে বর্তমানে সুইডেনে অবস্থান করছে পর্তুগাল দল। মঙ্গলবার দলীয় অনুশীলনের অংশ হিসেবে এ্লেদা স্টেডিয়ামে পৌঁছান ৪১ বছর বয়সী রোনালদো। তবে স্টেডিয়ামে অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় কোচ হোর্হে জেসুসের সঙ্গে আলোচনা না করেই তিনি হোটেলে ফিরে যান। তারপর হোটেলেই নাকি তিনি অনুশীলন করেন। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘আ বোলা’ ও ‘ও জোগো’-র প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর এমন আকস্মিক অনুশীলন ত্যাগের পর গুঞ্জন শুরু হলেও পরে ফেডারেশনের পক্ষ থেকে তা পরিষ্কার করা হয়। তবে নরওয়ে ম্যাচে এক মিনিটও মাঠে নামতে না পারায় রোনালদো বেশ ক্ষুব্ধ ও হতাশ হয়েছিলেন বলে গণমাধ্যমের খবরে প্রকাশ পায়। কোচের সঙ্গে পূর্বনির্ধারিত বোঝাপড়ার বরখেলাপ হওয়ায় এই অসন্তোষের সৃষ্টি হয়।
দলের অন্দরমহলে এই উত্তেজনার খবর ছড়িয়ে পড়ার পরেই নড়েচড়ে বসে ফেডারেশন। পর্তুগিজ অনূর্ধ্ব-২১ দলের ম্যাচ উপলক্ষে জিব্রাল্টারে যাওয়ার কথা থাকলেও সেই কর্মসূচি বাতিল করেন এফপিএফ সভাপতি পেদ্রো প্রয়েঙ্কা। ‘আ বোলা’ ও ‘ও জোগো’ জানায়, হোর্হে জেসুস ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্পর্কের মধ্যে কোনো ধরনের দূরত্ব বা ফাটল ধরা ঠেকাতে ব্যক্তিগতভাবে কোপেনহেগেনে উড়ে গেছেন প্রয়েঙ্কা।
ডেনমার্ক ম্যাচের আগে দলের অভ্যন্তরীণ পরিবেশ শান্ত রাখতে এবং কোচ ও অভিজ্ঞ এই তারকার মধ্যে বোঝাপড়া সুদৃঢ় করতেই সভাপতি এই জরুরি উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। যদিও পর্তুগালের প্রধান কোচ জেসুস এর আগে সংবাদ সম্মেলনে রোনালদোকে ‘দেশের প্রতীক’ হিসেবে উল্লেখ করেছিলেন, তবুও এই তারকাকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত পর্তুগিজ শিবিরে যে বড় আলোচনার জন্ম দিয়েছে, তা বলাই বাহুল্য।





