জার্মানির হারের রাতে বেঞ্চে রোনালদো

অগসবুর্গে উয়েফা নেশনস লিগে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে চমকেই দিয়েছে গ্রিস। ৭৪ মিনিটে দিমিত্রিয়োস কুরবেলিসের গোল গড়ে দেয় ম্যাচের ব্যবধান। ম্যাচ শেষে জার্মানির হয়ে ১২১ ম্যাচ খেলা সাবেক তারকা বাস্তিয়ান শোয়াইনস্টাইগার বলেছেন, ‘ক্লপ কোনো জাদুকর নন। ফুটবল কঠোর পরিশ্রমের ব্যাপার। মেনে নিতে হবে, আমরা আর শীর্ষ দল নই, পরিণত হয়েছি মাঝারি মানের দলে।’ জাভি হার্নান্দেসের নেদারল্যান্ডস গ্রুপের অন্য ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে।
চোটের কারণে ছিলেন না ব্রুনো ফার্নান্দেজ। তারপরও দলের প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদোকে বেঞ্চে বসালেন পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস। তার জায়গায় নামা গনসালো রামোসের গোলই গড়ে দেয় ম্যাচের ব্যবধান।
অসলোয় আর্লিং হলান্ডের নরওয়েকে ২-১ গোলে হারাল পর্তুগাল। গোলরক্ষক ওরইয়ান নিলাল্ডের অমার্জনীয় ভুলের খেসারতও দিয়েছে নরওয়ে। ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ড। হাঙ্গেরির নিরপেক্ষ ভেন্যু দেব্রেচেনের নাগেরদেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুধু খেলার ফলাফলের জন্যই নয়, বরং আইরিশ ফুটবলারদের প্রতিবাদের জন্যও বিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলমান ইসরায়েল-গাজা সংঘাতের প্রেক্ষাপটে ম্যাচটি বয়কটের জোরালো দাবি থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামার সিদ্ধান্ত নেয় আইরিশ দল। তবে মাঠে নেমে তারা অভিনব প্রতিবাদ জানিয়েছেন। আইরিশ খেলোয়াড়রা ম্যাচের আগে হাত মেলানোর আনুষ্ঠানিকতা থেকে বিরত থাকেন। এ ছাড়া ইসরায়েলের জাতীয় সংগীত বাজানোর সময় আইরিশ খেলোয়াড়রা মাথা নিচু করে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
গাজায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন আইরিশ ফুটবলাররা। দলের তৃতীয় গোলটি করার পর জ্যাক মোয়াইলান নিজের আর্মব্যান্ডে চুমু খেয়ে প্রতিবাদ ও সংহতির বার্তা ফুটিয়ে তোলেন। ম্যাচ শেষে আইরিশ কোচ হেইমির হালগ্রিমসন বলেছেন, ‘খেলোয়াড়রা বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করতে পেরেছে। আয়ারল্যান্ডসহ পুরো বিশ্বে তারা তাদের কাজের মাধ্যমে বার্তা পৌঁছে দিয়েছে।’
১১ বারের দেখায় এবারই প্রথম জার্মানিকে হারাল র্যাংকিংয়ে ৪১ নম্বরে থাকা গ্রিস। আর বিশ্বকাপে গ্রুপ ম্যাচে আইভরি কোস্টকে হারানোর পর এ নিয়ে টানা চার ম্যাচে জয়শূন্য রইল জার্মানি। ম্যাচে জার্মানির বল পজিশন ছিল ৭৬ শতাংশ। পোস্টে ১৬টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রেখেছিল তারা। গ্রিস আট শট নিয়ে লক্ষ্যে রাখে একটি। সেই শটেই তারা জার্মানির মাটিতে পেল অবিস্মরণীয় জয়। ৭৪ মিনিটে জার্মানির অর্ধে জায়গা পেয়ে সেটি কাজে লাগাতে ভুল করেননি কুরবেলিস। ম্যাচ শেষে ইয়ুর্গেন ক্লপ বলেছেন, ‘না জেতাটা হয়তো মেনে নিতে পারতাম, কিন্তু এমন একটা ম্যাচে কোনোভাবেই হেরে যাওয়া যায় না। আমরা মাত্র এক সপ্তাহ হলো সবাই মিলে কাজ শুরু করেছি, তাই জিনিসগুলো গুছিয়ে উঠতে একটু সময় লাগবে। ফলাফলটা মোটেও আনন্দের নয়, তবে এটি পুরো প্রক্রিয়ারই একটি স্বাভাবিক অংশ।’
পর্তুগালের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে রোনালদো পুরোটা সময় বেঞ্চে বসেছিলেন সর্বশেষ ২০০৮ সালের ইউরোয়। এর আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় সুইজারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। ২০২৪ সালের ৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও বেঞ্চে ছিলেন তিনি। এবার নেশনস লিগের প্রথম ম্যাচে কয়েকটা সুযোগ নষ্ট করায় নরওয়ের বিপক্ষে তাকে পুরোটা সময় বসিয়ে রাখেন জর্জ জেসুস।



