প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

লেখক
সাকিব সাদমান নিলয় পোল্যান্ডের ওয়ারশ ফিল্ম স্কুলে পড়াশোনা করছেন। লিখেছেন তার অভিজ্ঞতা
পোল্যান্ডে এসেছি চলচ্চিত্র নির্মাণ নিয়ে পড়াশোনা করতে। নতুন দেশ আর ভিন্ন সংস্কৃতির মানুষ— সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি চলছে পড়াশোনা ও চলচ্চিত্র নির্মাণের চর্চা। পড়াশোনার মধ্য দিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি। আমরা বিভিন্ন দেশের সিনেমা নিয়ে পড়াশোনা করি এবং সেগুলো বিশ্লেষণ করি। যেমন গ্রিক নিউ ওয়েভ, হংকংয়ের চলচ্চিত্র, ইতালীয় নব্য বাস্তববাদ কিংবা ইরানি সিনেমাসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র আন্দোলন ও ধারার সঙ্গে আমাদের পরিচিত হতে হয়। পোলিশ চলচ্চিত্র নিয়েও জানতে হয়। বিশেষ করে দেশটির যুদ্ধভিত্তিক চলচ্চিত্রের ঐতিহ্য বেশ সমৃদ্ধ। অনেকেই হয়তো জানেন না, স্টিভেন স্পিলবার্গের শিন্ডলার্স লিস্ট পোল্যান্ডে শুট করা হয়েছিল।
আমাদের ফিল্ম স্কুলে বিভিন্ন দেশের শিক্ষার্থী পড়তে আসে। লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, ইউক্রেন, স্লোভাকিয়া, ইরান ও তুরস্কসহ নানা দেশের সহপাঠী রয়েছে। ফিল্ম মেকিং আসলে দলগত কাজ। একা একা চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব নয়। তাই পড়াশোনার মধ্যেই সহপাঠীদের সঙ্গে নিয়মিত কাজ করতে হয়। এ কারণে বন্ধুত্ব করাও বেশ সহজ। আমার মনে হয়, বাংলাদেশে যত বন্ধু আছে, পোল্যান্ডে এখন তার চেয়ে বেশি বন্ধু হয়েছে।
ফিল্ম স্কুলে প্রথম দুই বছর তেমন অবসর পাইনি। প্রায় প্রতিদিনই আট ঘণ্টার বেশি ক্লাস থাকে। একেকটি ক্লাস তিন-চার ঘণ্টা করে চলে। এর বাইরে শুটিং থাকে। ফলে আড্ডার সময় খুব একটা পাওয়া যায় না। যা হয়, তার বেশিরভাগই স্কুলে। তবে এত ব্যস্ততার মধ্যেও একটা বিষয় আমাকে স্বস্তি দেয়। এখানে নিজেকে নিরাপদ মনে হয়। মানসিকভাবে ভালো থাকা, পরিষ্কার বাতাসে শ্বাস নেওয়া, বিশুদ্ধ পানি পাওয়া কিংবা রাস্তায় চলতে গিয়ে ছিনতাইয়ের ভয় না থাকা— এসব ছোট ছোট বিষয়ও জীবনে অনেক শান্তি দেয়। পোল্যান্ডে এসে দেশটির ইতিহাস সম্পর্কেও নতুন করে জানার সুযোগ হয়েছে। পোল্যান্ডের মানুষের জীবনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস খুব গভীরভাবে জড়িয়ে আছে। দেশটির ইতিহাস বেশ জটিল। দীর্ঘ সময় স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারেনি। জার্মানির দখলদারিত্ব এবং পরে সোভিয়েত প্রভাবের মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে স্বাধীনতা ফিরে পাওয়ার পর পোল্যান্ড দ্রুত উন্নতি করেছে। অল্প সময়ের মধ্যে দেশটির অবকাঠামো ও জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে। এখানকার মানুষকে বেশ পরিশ্রমী মনে হয়েছে।
এ ইতিহাস আমাকে ব্যক্তিগতভাবেও অনুপ্রাণিত করে। বাংলাদেশি শিক্ষার্থীরা পোল্যান্ডে পড়তে আসতে চাইলে সবার আগে আর্থিক প্রস্তুতির বিষয়টি বিবেচনা করা উচিত। অন্য ফিল্ম স্কুলগুলোর অভিজ্ঞতা জানি না, তবে আমার স্কুলে প্রথম দুই বছর খুব চাপের মধ্যে থাকতে হয়। প্রায় সারাক্ষণ ক্লাস, শুটিং কিংবা অন্যের শুটিংয়ে সহযোগিতা করার কাজ থাকে। ফিল্ম মেকিং ভালো লাগলে এই ব্যস্ততা উপভোগ করা যায়, কারণ শেখার সুযোগ অনেক। কিন্তু পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করার সুযোগ খুবই সীমিত।
অন্য বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারে; কিন্তু আমাদের এখানে ক্লাস ও শুটিংয়ের ব্যস্ততায় সেই সুযোগ পাওয়া কঠিন। তাই টিউশন ফি ও থাকা-খাওয়ার খরচ আগে থেকেই ব্যবস্থা করে আসা উচিত। স্কলারশিপের সুযোগ আছে, তবে সেটি পাওয়াও বেশ কঠিন। আমার ক্ষেত্রে দুই বছরে ১৫-২০ হাজার ইউরোর বেশি খরচ হয়েছে।
কাজের সুযোগ যে একেবারে নেই, তা নয়। পোল্যান্ডে অনেক বাংলাদেশি উদ্যোক্তা আছেন। তাদের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, বিশেষ করে কাবাবের দোকান রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করতে পারলে শিক্ষার্থীরা ভিডিও তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট বা বিজ্ঞাপনের কাজ পেতে পারে। বিভিন্ন শুটিংয়েও পারিশ্রমিকের বিনিময়ে কাজের সুযোগ থাকে। চুপচাপ বসে থাকলে কেউ এসে কাজ দিয়ে যাবে না। আমার পরিচিত অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি ফুড ডেলিভারির কাজ করেছে। আর কেউ যদি ভিডিও এডিটিং জানে, তাহলে সেটিও আয়ের একটি ভালো মাধ্যম হতে পারে।
লেখক: পোল্যান্ডের ওয়ারশ ফিল্ম স্কুলের শিক্ষার্থী



