দক্ষিণ বাড্ডায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ পথচারী

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর দক্ষিণ বাড্ডায় দুই পক্ষের সংঘর্ষের সময় ছোড়া গুলিতে আহত হয়েছেন আলামিন (২৫) নামে এক পথচারী।
সোমবার রাত ১০টার দিকে বাড্ডা থানাধীন দক্ষিণ বাড্ডার আলাতুন্নেসা স্কুল এলাকায় ঘটে এ ঘটনা।
আহত আলামিনের বন্ধু রাসেল জানান, আলাতুন্নেসা স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় ওই এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। এ সময় ছোড়া একটি গুলি আলামিনের ডান পায়ে হাঁটুর নিচে লাগে। এতে আহত হন তিনি।
পরে আহত অবস্থায় আলামিনকে উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সেলিম হোসেন জানান, আলামিনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
আহত আলামিন বিদেশফেরত। তার বাবার নাম বাবুল ওরফে সেলিম। দক্ষিণ বাড্ডার আলাতুন্নেসা স্কুলের পেছনে তাদের বাসা বলে জানা গেছে।
একই ঘটনায় আব্দুল্লাহ (১৬) নামে এক পথচারী স্কুলছাত্র ছুরির আঘাতে আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।




